পণ্য পরিবহনে সব রকম চাঁদাবাজি বন্ধে হাইকোর্টের নির্দেশ
পণ্য পরিবহনে কিংবা যাত্রীদের কাছ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যেকোনো ধরনের চাঁদা নেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব ও পুলিশের মহাপরিদর্শকের (আইজি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।‘পণ্যের দাম বাড়াচ্ছে পুলিশের চাঁদাবাজি’ এবং ‘পথে পথে চাঁদাবাজি’ শিরোনামে ২৭ জুলাই প্রথম আলোতে দুটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন দুটি বিবেচনায় নিয়ে আদালত এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। পরে বিশ্বজিত রায় প্রথম আলোকে বলেন, আদালত সব ধরনের চাঁদাবাজি বন্ধের নির্দেশনার পাশাপাশি স্বতঃপ্রণোদিত রুল জারি করেছেন। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলে পণ্য পরিবহনে চাঁদাবাজি অবিলম্বে বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব, যোগাযোগ সচিব, সেতু বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের উপমহাপরিদর্শককে (হাইওয়ে পুলিশ) রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সবজির একটি বড় উৎস বগুড়ার মহাস্থান হাট। বগুড়া শহরের ১২ কিলোমিটার উত্তরে রংপুর-ঢাকা মহাসড়কে অবস্থিত এই হাট থেকে ঢাকা বা চট্টগ্রামে আসতে আসতেই সব ধরনের সবজির দর কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এর বড় কারণ, পণ্য পরিবহনের পথে পথে চাঁদাবাজি। হিসাবটা এ রকম—বগুড়ার মহাস্থান হাট থেকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের দূরত্ব ৪৩৯ কিলোমিটার। এ জন্য ট্রাক ভাড়া দিতে হয় ৩০ হাজার টাকা। এর বাইরে দীর্ঘ এই মহাসড়কের পথে পথে পণ্যবাহী একটি ১০ টনের ট্রাককে চাঁদা দিতে হয় প্রায় সাড়ে ২২ হাজার টাকা। এর মধ্যে গড়ে সাত থেকে আট হাজার টাকা পুলিশ, ওজন স্টেশনগুলোকে দুই থেকে তিন হাজার টাকা। অবশিষ্ট চাঁদা দিতে হয় মহাস্থান হাট কমিটি, ট্রাক বন্দোবস্তকারী সমিতি এবং কুলি-শ্রমিক ইউনিয়নকে।