এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’
পণ্য বিপণনে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা জরুরি
এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২০ সেপ্টেম্বর এসেছিলেন স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেডের মুঠোফোন শাখার প্রধান (হেড অব মোবাইল) হাসান মেহেদী। কথা বলেছেন কথাবন্ধু লিনার সঙ্গে। বিপণন বিভাগে নেতৃত্ব অর্জন এবং এর পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।কথাবন্ধু: পেশাগত দিক থেকে সদ্য স্নাতকদের ক্ষেত্রে মানসম্মত ব্যবস্থাপনা ও দক্ষতা অর্জন করা কতটুকু জরুরি?হাসান মেহেদী: অবশ্যই জরুরি। নিজেকে যোগ্য করে তুলতে নিজেকেই প্রতিদ্বন্দ্বী ভেবে কাজ করতে হবে। এ জন্য আপনাকে অবশ্যই দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। মাঠপর্যায়ে কাজ করে শেখার কোনো বিকল্প নেই। যোগ্য নেতৃত্বের মাধ্যমে যোগ্য দলনেতা হিসেবে প্রমাণ করতে আপনাকে মানসম্মত ব্যবস্থাপনা সম্পর্কে দক্ষ হতে হবে। কথাবন্ধু: মুঠোফোন-সেবায় নতুন কিছু তৈরির ক্ষেত্রে কী কী বিষয় মনে রাখা জরুরি?হাসান মেহেদী: ভোক্তা বা গ্রাহক ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই সুযোগ-সুবিধা বাড়াতে হবে। অন্যের চেয়ে এগিয়ে থাকতে হবে। ভোক্তা বা গ্রাহকদের ধরে রাখার কৌশল নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ গ্রাহকদের আকৃষ্ট করে—এ ধরনের সেবা দিতে হবে। একজন বিক্রয়কর্মীকে যেভাবেই হোক না কেন তার ভোক্তাকে সেবা সম্পর্কে জানাতে হবে। সব সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।কথাবন্ধু: প্রোডাক্ট মার্কেটিং ও সার্ভিস মার্কেটিং অর্থাৎ পণ্য বিপণন ও সেবা দেওয়ার মধ্যে পার্থক্য কী?হাসান মেহেদী: সার্ভিস মার্কেটিং অর্থাৎ গ্রাহকসেবা হচ্ছে: পণ্য যখন উৎপাদন হয় তখনই কিন্তু সেবা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আপনি যখন নেটওয়ার্কে ফোন করছেন তখনই কিন্তু সার্ভিস বা সেবা পাচ্ছেন। যখন ফোন করেছেন না তখন কিন্তু আপনি সেবাও পাচ্ছেন না। পণ্য আগেই তৈরি হয়। তারপর তা চ্যানেলে থাকে এবং শেষে তা ক্রেতাদের হাতে পৌঁছানোর জন্য যাবতীয় কাজ সম্পন্ন করতে হয়। এরপর ভোক্তা তা হাতে পান। তাই প্রোডাক্ট মার্কেটিং অর্থাৎ পণ্য বিপণনের চেয়ে সার্ভিস মার্কেটিং বা সেবা দেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং। কথাবন্ধু: এ ক্ষেত্রে কোনো পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা কি বাংলাদেশে আছে?হাসান মেহেদী: আমাদের দেশে এ ব্যাপারে কোনো প্রশিক্ষণের সুযোগ নেই। তবে শিক্ষানবিশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে নিজেকে দক্ষ ও যোগ্য করে তোলা যায়। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানই শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ করে দিচ্ছে। শিক্ষার্থী থাকা অবস্থায় আপনি শিক্ষানবিশ হিসেবে কাজ করতে পারেন। ভোক্তাদের সঙ্গে সরাসরি কাজ করার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে শুধু বই পড়ে নয়, মাঠপর্যায়ে সরাসরি কাজ করে শিখতে হবে।কথাবন্ধু: ইলেকট্রনিকস পণ্য বিক্রির ক্ষেত্রে ব্র্যান্ডের নাম কী ধরনের ভূমিকা পালন করে?হাসান মেহেদী: ভূমিকা তো অবশ্যই রয়েছে। কারণ কোন পণ্য ভালো আর কোনটা খারাপ, তা অনেক সময়ই ভোক্তারা বুঝতে পারেন না। অনেকেই কম দামে খারাপ পণ্য কিনে সমস্যায় পড়েন। সেদিক থেকে ব্র্যান্ডগুলো অবশ্যই চেষ্টা করে ভালো মানের পণ্য দেওয়ার। এ জন্য দাম বেশি হলেও ভালো মানের পণ্য কিনতে হলে অবশ্যই আপনাকে বেশি দাম দিতে হবে। তবে এ ক্ষেত্রে আপনাকে ব্র্যান্ডের পাশাপাশি এর সুবিধা ও পণ্য সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।কথাবন্ধু: একজন দলনেতা কীভাবে তার দলের লক্ষ্যমাত্রা পূরণে ভূমিকা পালন করে?হাসান মেহেদী: লিডারশিপ বা নেতৃত্ব পরিস্থিতির ওপর নির্ভর করে। এ জন্য সমস্যার সমাধান করেই দলনেতাকে এগিয়ে যেতে হয়। আমরা কাকে নিয়ে কথা বলছি, কী করার জন্য কথা বলছি এবং আমরা কীভাবে তা করব—দলের ক্ষেত্রে এ তিনটির সমাধান একজন দলনেতা ঠিক করে দেবেন। এ জন্য কীভাবে কাজ করতে হবে, কীভাবে কাজ করলে দল সফল হবে, তাও ঠিক করবেন দলনেতা। দলনেতা সব সময় দলের কাজ পরিদর্শন করবেন এবং দলকে সাহায্য করবেন।কথাবন্ধু: একজন বিক্রয়কর্মীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নাকি পণ্য বিক্রি করার ক্ষমতা জরুরি?হাসান মেহেদী: শিক্ষাগত যোগ্যতা অবশ্যই জরুরি। তবে এটা অনেক সময় পরিস্থিতির ওপর নির্ভর করে। তৃণমূল পর্যায়ে অর্থাৎ যারা মাঠপর্যায়ে কাজ করেন, তাঁদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতা কম। কিন্তু ভোক্তাকে বোঝানোর ক্ষমতা তাঁর অনেক বেশি। এমন অনেক বিক্রয়কর্মী রয়েছেন, যাঁরা নিজ দক্ষতায় পণ্য বিক্রির ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। তবে আমি মনে করি, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দরকার আছে, সেই সঙ্গে বোঝানোর দক্ষতাও আপনাকে অর্জন করতে হবে। কথাবন্ধু: কার্যকর নেতৃত্ব বলতে কী বোঝায়?হাসান মেহেদী: আপনাকে লক্ষ্যে পৌঁছাতে হবে এবং সামনে যে পথগুলো থাকবে সে পথ ধরে এগিয়ে যেতে হবে। কীভাবে এগিয়ে যাবেন, তা নিজেকেই ঠিক করতে হবে। আপনাকে সব সময় প্রতিযোগিতা করে বাজারে টিকে থাকতে হবে। এ জন্য দল চালানোর ক্ষমতা অর্জন করতে হবে। দলের সমস্যা এবং এর সমাধান বের করতে হবে। আপনার কোনো দল দুর্বল থাকলে কীভাবে অন্য দল দিয়ে সহায়তা দেবেন, তা আপনাকেই ঠিক করতে হবে। এই যোগ্যতাগুলো আপনাকে অবশ্যই অর্জন করতে হবে।গ্রন্থনা: সুদীপ দে