পণ্যপরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যপরিবহণ মালিকেরা কাল সোমবার থেকে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। আজ রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে মহানগর পণ্যপরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদের ফলপ্রসূ বৈঠকের পর সংগঠনটি ধর্মঘট প্রত্যাহার করে নেয়।ঢাকা মহানগর পণ্যপরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদের সমন্বয়কারী দোলন কান্তি বড়ুয়া প্রথম আলোকে জানান, পণ্যপরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ পাঁচ দফা দাবির মধ্যে কিছু দাবি মেনে নিয়েছেন। আর বাকি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তাঁরা।বৈঠকে উপস্থিত গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, বৈঠকে ডিএমপির কমিশনার বলেছেন, রাত সাড়ে নয়টা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত পণ্যবাহী পরিবহনে কোনো বাধা নেই। এ সময়ের মধ্যে পণ্যবাহী পরিবহনে কোনো হয়রানি করা বা এর বিরুদ্ধে মামলা দেওয়া হবে না। এ ব্যাপারে আদেশ জারি করা হবে। পণ্যবাহী পরিবহন পার্কিং সমস্যার বিষয়ে ট্রাফিকের দক্ষিণ বিভাগের উপকমিশনার পণ্যপরিবহন মালিকদের সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে বৈঠক করে সমস্যার সমাধান দেবেন। এ ছাড়া মহাসড়কে ডাকাতি রোধ ও ছিনতাই হওয়া গাড়ি উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটি পণ্যপরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে পদক্ষেপ নেবে।