নদীপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল। দূরত্বভেদে গড়ে টনপ্রতি ৬৮ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। একতরফা এই ভাড়া বাড়ানো হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এতে শেষ পর্যন্ত ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তাঁদের কাছ থেকেই এই বাড়তি পরিবহন ব্যয় আদায় করা হবে বলে ব্যবসায়ীরা জানান।নতুন ভাড়া চলতি নভেম্বর থেকেই কার্যকর হয়েছে। নৌযান-শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং নৌযান পরিচালনা ব্যয় বাড়ায় ভাড়া বাড়ানো হয়েছে বলে জাহাজ মালিকপক্ষ দাবি করছে। তবে আমদানিকারকেরা অভিযোগ করেন, যে হারে ভাড়া বাড়ানো হয়েছে, সেই হারে শ্রমিকের মজুরি ও পরিচালনা ব্যয় বাড়েনি। হিসাব করে দেখা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে নদীপথে প্রতি মাসে ১১ লাখ ২৫ হাজার টন পণ্য পরিবহন করা হয়ে থাকে। টনপ্রতি গড়ে ৬৮ টাকা ভাড়া বাড়ানোয় মাসে বাড়তি ব্যয় দাঁড়াচ্ছে সাত কোটি ৬৫ লাখ টাকা এবং বছরে এর পরিমাণ দাঁড়াবে প্রায় ৯১ কোটি টাকা। ভাড়া বাড়ানোর কথা স্বীকার করে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. খুরশিদ আলম প্রথম আলোর কাছে দাবি করেন, গত জুন থেকে শ্রমিকের মজুরি এবং পরিচালনা ব্যয় প্রায় দ্বিগুণ বেড়েছে। সে তুলনায় ভাড়া বাড়ানোর পরিমাণ নগণ্যই। জাহাজমালিকেরা লোকসানের মুখোমুখি হওয়ায় বাধ্য হয়ে দেশের ১৬টি রুটে ভাড়া বাড়ানো হয়েছে।ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এম এ ছালাম বলেন, ভাড়া বাড়ানোর আগে আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। এভাবে হঠাৎ একতরফা ভাড়া বাড়ানো গ্রহণযোগ্য নয়। কারণ পণ্য বিপণনের শেষ ধাপে ভোক্তাদের কাছ থেকেই এই অতিরিক্ত পরিবহন ব্যয় আদায় করা হবে। সুতরাং এতে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবেন। সে জন্য এককভাবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ঠিক হয়নি।ভোক্তাদের সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি এস এম নাজের হোসেন বলেন, ‘সবকিছুর বলি হচ্ছেন ভোক্তারা। পণ্য কেনার সময় ভোক্তাদেরই এই বাড়তি ভাড়া পরিশোধ করতে হবে। পণ্য পরিবহন ভাড়া বাড়ানোর ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকলে এমন পরিস্থিতি হতো না।ভাড়ার তালিকায় দেখা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-মেঘনা-কাঁচপুর-আলীগঞ্জ-নিতাইগঞ্জ ঘাটে আগে টনপ্রতি ভুট্টা-সরিষা-সয়াবিন পরিবহনে ব্যয় হতো ৩৭৯ টাকা। ভাড়া বাড়ানোর পর এখন ব্যয় হচ্ছে ৫১৯ টাকা। একই রুটে টনপ্রতি লবণ পরিবহনে আগে যেখানে ব্যয় ছিল ৩৭৯ টাকা, এখন তা দাঁড়িয়েছে ৫৩৯ টাকা। টনপ্রতি গম পরিবহনে ব্যয় ১১৮ বেড়ে দাঁড়িয়েছে ৪৯৭ টাকায়। একইভাবে বরিশাল-চাঁদপুরে টনপ্রতি গম পরিবহনে ৩৬২ থেকে বেড়ে হয়েছে ৪৮০ টাকা এবং শিল্পের কাঁচামাল ক্লিংকার পরিবহনে টনপ্রতি ব্যয় ৩৭৯ থেকে বেড়ে হয়েছে ৪২৯ টাকা।চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কর্ণফুলী জেটিতে শিল্পের কাঁচামাল পরিবহনের ভাড়া ২২৯ থেকে বেড়ে হয়েছে ২৫৫ টাকা। একইভাবে টনপ্রতি চিনিতে ৩০৯ ও চালে ৩৩৬ টাকা হয়েছে। কর্ণফুলীর বেসরকারি জেটি থেকে সবচেয়ে দূরের গন্তব্য ছাতক-সুনামগঞ্জে আগে টনপ্রতি ক্লিংকার পরিবহন ভাড়া ছিল ৬৯৩ টাকা। এখন পরিবহন-ব্যয় দাঁড়িয়েছে ৭৮৪ টাকায়। একই রুটে আগে টনপ্রতি লবণ ৬৯৩ টাকা ছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৩ টাকা। এ ছাড়া গমে ভাড়া বাড়িয়ে টনপ্রতি ৮১১ টাকা ও চালে ৮০০ টাকা করা হয়েছে।তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ভোগ্যপণ্য পরিবহনে ভাড়া বাড়ানো হয়েছে বেশি। টনপ্রতি লবণে ১৬০ টাকা, ভুট্টা, সরিষা ও সয়াবিনে ১৪০ টাকা, বস্তাভর্তি গমে ১১৮ টাকা, বস্তাভর্তি চালে ১০৭ টাকা এবং চিনিতে ৮০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া সিমেন্টের ক্লিংকার পরিবহনে গন্তব্যভেদে টনপ্রতি ৪৫ থেকে ৯১ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের পরিসংখ্যানে দেখা গেছে, নদীপথে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে গত জুলাই মাসে ১১ লাখ ২৪ হাজার টন এবং আগস্টে ১১ লাখ ৬০ হাজার টন পণ্য পরিবহন করা হয়। প্রতিবছর পণ্য পরিবহনের হার বাড়ছে। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের অধীনে ৭৫০টি লাইটার জাহাজ দেশের ১৬টি রুটে এসব পণ্য পরিবহন করে। প্রসঙ্গত, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালবাহী বড় জাহাজগুলো চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়তে পারে না। এসব জাহাজ বহির্নোঙরে অবস্থান করে। সেখান থেকে ছোট লাইটার জাহাজে পণ্য বোঝাই করে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাট এবং দেশের ১৬টি গন্তব্যে পরিবহন করা হয়।