পণ্যের দামের অস্বাভাবিক ব্যবধান খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্পাদন পর্যায় ও খুচরা বাজারে কৃষিপণ্যের দামের অস্বাভাবিক ব্যবধানের কারণ খতিয়ে দেখবে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে একটি প্রতিবেদন দেবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সদস্য শেখ আফিল উদ্দিনকে তদন্তের জন্য গঠিত ওই উপকমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর তিন সদস্য হলেন: খান টিপু সুলতান, জয়নাল আবদিন ও তহুরা আলী। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে কমিটির সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, ঢাকার বাইরে যে পণ্যের দাম কেজিতে আট থেকে ১০ টাকা। সেই একই পণ্য ঢাকায় ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কমিটি মনে করে, পণ্যের দামের এই ব্যবধান অস্বাভাবিক। বৈঠকে বলা হয়, উত্পাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত পণ্যের দামের ব্যবধান কত হওয়া উচিত এবং অস্বাভাবিক ব্যবধানের পেছনে কারা জড়িত বা কারা লাভবান হচ্ছে, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এ ছাড়া বৈঠকে কৃষক যেন তাঁর উত্পাদিত পণ্যের ন্যায্যমূল্য পান এবং কৃষকের উত্পাদিত পণ্যের দাম শহর ও গ্রামে যাতে সামঞ্জস্যপূর্ণ থাকে, সে জন্য ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে খোলা হাটের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়।বৈঠকে সিদ্ধান্ত হয়, ইউএসএআইডির উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি সোনারগাঁও হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে একটি গণশুনানি অনুষ্ঠিত হবে।কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য তহুরা আলী, রুমানা মাহমুদ ও শেখ আফিল উদ্দিন উপস্থিত ছিলেন।