পণ্যের পরিবেশক হয়ে আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ ইমরান এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। টাঙ্গাইল শহরে বিরাট দোকান তাঁর। তবে ব্যবসায়ী হলেও তাঁর কাজটা অন্যান্য ব্যবসায়ীর চেয়ে একটু আলাদা। তিনি অন্য ব্যবসায়ীদের মতো সরাসরি পণ্য বেচাকেনা করেন না।তিনি প্রতিদিনই জেলার বিভিন্ন হাট-বাজারে পাইকার ও খুচরা বিক্রেতাদের কাছে সময়মতো পণ্য পৌঁছানোর দায়িত্ব পালন করেন। এ জন্য তিনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্যের পরিবেশক বা ডিলার হয়েছেন।এভাবেই তিনি একজন বড় ব্যবসায়ী হন।চাইলে আপনিও মোহাম্মদ ইমরানের মতো পরিবেশক হয়ে একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। দেশে স্বাধীনতার পরের বছর অর্থাৎ ১৯৭২ সালের দিকে ডিলারশিপ বা পণ্য পরিবেশন প্রথার যাত্রা শুরু। গ্রাহকের হাতে সময়মতো ও সঠিকভাবে পণ্য পৌঁছে দিতেই ডিলারশিপ প্রথার প্রচলন। কোনো কোম্পানি তার কোনো পণ্য ঢাকা বা চট্টগ্রাম থেকে যত সহজে বরিশাল পৌঁছে দিতে পারবে, তার চেয়ে বেশি সাবলীলভাবে কাজটি করতে পারবেন ওই কোম্পানির বরিশালের কোনো পরিবেশক। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, নির্মাণসামগ্রী, সেবাপণ্যসহ যেকোনো ধরনের পণ্য বাজারজাতকরণে ডিলার বা পরিবেশকের ভূমিকা অপরিহার্য।সাধারণত ডিলার বা পরিবেশক হলো কোনো কোম্পানির একটি নির্দিষ্ট এলাকার প্রতিনিধি। যাদের কাজ হলো সময়মতো নির্দিষ্ট এলাকার ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া। এ কাজ করতে একজন পরিবেশকের যে জিনিসগুলো প্রয়োজন হয় তা হলো নিজস্ব পরিবহন-ব্যবস্থা (ভ্যান, পিকআপ ইত্যাদি), নিজস্ব কিছু লোকবল, আড়ত ও নির্দিষ্ট কিছু পুঁজি। পণ্য বিলি-বণ্টন করে এর বিপরীতে দাম তথা টাকা আদায় করার পুরো কাজটিই করতে হবে পরিবেশককে। এক্ষেত্রে কোম্পানি পণ্য পৌঁছে দেবে আপনার আড়ত বা গুদাম পর্যন্ত। আর তা আপনি বিভিন্ন জায়গায় পৌঁছে দেবেন। এ কাজে আপনি পাবেন একটি নির্দিষ্ট অঙ্কের কমিশন। মূলত এটিই হবে আপনার আয়। কোনো কোম্পানির ডিলার বা পরিবেশক হতে গেলে নির্দিষ্ট কিছু যোগ্যতা ও কাগজপত্রের প্রয়োজন। এ সম্পর্কে প্রাণের সহকারী ব্যবস্থাপক (বিক্রয় প্রশাসন) আবু মো. মুহতাসীম রেজা বলেন, ‘আমরা কোনো ব্যক্তিকে পরিবেশক নিযুক্ত করার আগে তিনি প্রকৃত ব্যবসায়ী কি না, তাঁর ট্রেড লাইসেন্স আছে কি না, পণ্য মজুদ ও ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত জায়গা ও লোকবলের সুবিধা রয়েছেকি না ইত্যাদি বিষয়ে নজর দিয়ে থাকি।’সব কোম্পানি নতুন কাউকে ডিলার হিসেবে নিয়োগ দেয় না।পরিবেশক হতে গেলে আয়কর বিভাগের দেওয়া করদাতা শনাক্তকরণ সংখ্যা (টিআইএন) থাকতে হয়।এ প্রসঙ্গে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের বিক্রয় ব্যবস্থাপক মির্জা বাহাদুর জানান, পরিবেশক নিয়োগের ক্ষেত্রে তাঁরা সাধারণত পুরোনো ব্যবসায়ীদেরই প্রাধান্য দেন। তবে ব্যাংক সলভেন্সি সনদ, জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্সের ফটোকপি ইত্যাদি কাগজপত্র থাকলে নতুন ব্যবসায়ীদেরও তাঁরা পরিবেশক নিয়োগ করেন। সিটি গ্রুপ চুক্তি সই করে তবেই কাউকে পরিবেশক হিসেবে নিয়োগ দেয়। পরিবেশক হয়ে কারা ভালো করবেন এ সম্পর্কে মির্জা বাহাদুর বলেন, ‘এ কাজে আসার আগে অনেকেই মনে করেন এখানে শুধুই লাভ, লোকসানের কোনো ভয় নেই। কিন্তু ব্যবসা মাত্রই লাভ-লোকসানের খেলা। আন্তর্জাতিক পরিস্থিতি ও মাল পৌঁছাতে দেরি হওয়াসহ বিভিন্ন কারণে লোকসানের আশঙ্কা থাকে। তাই প্রতিকূল পরিবেশে যারা ভালোভাবে সংকট মোকাবিলা করতে পারবেন তাঁরাই এ পেশায় ভালো করবেন। এ ক্ষেত্রে নতুন-পুরোনো কোনো তফাত নেই।’ ইউনিলিভারসহ কয়েকটি বড় কোম্পানির লক্ষ্মীপুরের পরিবেশক শংকরকুমার মজুমদার তাঁর ১৬ বছরের অভিজ্ঞতার আলোকে বলেন, ‘নতুন কেউ এ পেশায় আসতে চাইলে বড় কোম্পানির দিকে নজর না দিয়ে ছোট কোম্পানি ধরে ব্যবসা শুরু করা ভালো। এতে ঝুঁকি কম থাকে এবং বেশি অর্থেরও প্রয়োজন হয় না। আর এ পেশায় সফল হতে হলে সততা, কমিটমেন্ট বা প্রতিশ্রুতি যেমন থাকতে হবে তেমনি কঠোর পরিশ্রম করতে হবে। পাশাপাশি কোম্পানি ও গ্রাহকের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে।’এ পেশায় পুঁজি কেমন প্রয়োজন এমন প্রশ্নের উত্তরে আবু মো. মুহতাসীম রেজা বলেন, ‘পুঁজি মূলত এলাকার ওপর নির্ভর করে। জেলার জন্য একধরনের আবার উপজেলার জন্য প্রয়োজন আরেক ধরনের পুঁজি। আবার মফস্বল শহরের চেয়ে বেশি পুঁজির দরকার হয় বড় শহরগুলোতে। তবে এলাকাভেদে সর্বনিম্ন তিন থেকে পাঁচ লাখ টাকার প্রয়োজন হয়।’ ট্রেড লাইসেন্স পেতে হলে: কোনো কোম্পানির পরিবেশক হতে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স পেতে হলে পৌরসভা, ইউনিয়ন পরিষদ বা সিটি করপোরেশনের নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হবে। এ জন্য পরিশোধ করতে হবে নির্দিষ্ট পরিমাণ ফি। আর সঙ্গে লাগবে নাগরিক সনদপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, দোকানভাড়ার চুক্তিপত্র ও রসিদ বা মালিকানার দলিল ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।