পণ্যের ভাড়া বাড়ছে, গাঁটের পয়সা যাবে ভোক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১৩ দিন ধরে চট্টগ্রাম বন্দর থেকে নদীপথে পণ্য পরিবহন কার্যত বন্ধ রয়েছে। ফলে বন্দরের বহির্নোঙরে পণ্য নিয়ে ভাসছে ২৬টি বিদেশি জাহাজ। বন্দরে জাহাজের গড় অবস্থান বেড়ে যাওয়ায় আমদানি করা পণ্যের ভাড়াও বাড়িয়ে দিচ্ছেন সরবরাহকারীরা।ব্যবসায়ীরা জানান, এতে প্রতি টন পণ্যে দুই থেকে তিন ডলার খরচ বেড়ে যাচ্ছে। বিক্রির শেষপ্রান্তে এই বাড়তি খরচ ভোক্তাদের পকেট থেকেই যাবে। আর এই অবস্থা আরও কয়েক দিন চললে দেশে ভোগ্যপণ্য পরিবহনে সংকটও দেখা দিতে পারে বলে ব্যবসায়ীদের আশঙ্কা। ৪ এপ্রিল মধ্যরাত থেকে নৌশ্রমিকদের আকস্মিক কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম অচল হয়ে পড়ে। বর্ধিত বেতন-ভাতা পরিশোধ এবং নৌপথে নিরাপত্তার দাবিতে এই কর্মবিরতি শুরু হয়। চলে ১১ এপ্রিল পর্যন্ত। ওই দিন থেকে যেসব জাহাজমালিক বর্ধিত বেতন-ভাতা কার্যকর করেছেন, সেসব জাহাজে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। কিন্তু শ্রমিকেরা কর্মবিরতি আংশিক প্রত্যাহারের পর জাহাজ মালিকেরা ধর্মঘটে যান। তাঁদের দাবি, শিল্প গ্রুপগুলোর ১৩০টি নিজস্ব জাহাজকেও তাঁদের মতো ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আওতায় পরিচালিত হতে হবে। সেই ধর্মঘট এখনো চলছে। শিল্প গ্রুপের মালিকেরা বলছেন, ওয়াটার সেলের মাধ্যমে চালালে টনপ্রতি ২০০ টাকা বেশি খরচ হবে। চট্টগ্রাম বন্দর ও লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট-ডব্লিউটিসি সেল সূত্র জানায়, ধর্মঘটের কারণে কুতুবদিয়ায় গভীর সাগরে এবং বন্দরের বহির্নোঙরে আটকা পড়েছে ২৬টি বিদেশি বড় জাহাজ। এসব জাহাজ ছয় লাখ ৮৯ হাজার ৩৭২ টন পণ্য নিয়ে ভাসছে সাগরে। আবার বড় জাহাজ থেকে খালাস করে নদীপথে এবং দেশের নানা স্থানের ঘাটগুলোতে ২৬১টি ছোট জাহাজে আটকা পড়েছে প্রায় আড়াই লাখ টন পণ্য। ১১ এপ্রিল রাতে শ্রমিকেরা কর্মবিরতি আংশিক প্রত্যাহারের পর ১১টি শিল্প গ্রুপের ১৩০টি নিজস্ব জাহাজ এখন বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে যাচ্ছে। তবে বহির্নোঙরে পণ্যবাহী বড় জাহাজের সংখ্যা বেড়ে যাওয়ায় এসব জাহাজ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। বন্দরের গতকাল বুধবারের প্রতিবেদনে দেখা যায়, গত সোমবার নয়টি বড় জাহাজ থেকে পণ্য খালাস হয় ২১ হাজার ৮০৬ টন। গত মঙ্গলবার বৃষ্টির কারণে পণ্য খালাসকাজ পুরোদমে হয়নি। মঙ্গলবার সাতটি বড় জাহাজ থেকে পণ্য খালাস হয়েছে মাত্র আট হাজার ১৬০ টন। শুধু শিল্প গ্রুপের নিজস্ব ছোট জাহাজের মাধ্যমে এসব পণ্য খালাস হয়েছে। সাধারণত বহির্নোঙরে গড়ে প্রতিটি জাহাজ থেকে চার হাজার টন পণ্য খালাস হয়। প্রতিদিন গড়ে ৫০ হাজার টন পণ্য খালাস হয়।প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে বড় জাহাজ ভিড়তে পারে না, বহির্নোঙরে অবস্থান করে। সেখান থেকে ছোট জাহাজে (লাইটার) পণ্য বোঝাই করে নদীপথে সারা দেশে পরিবহন করা হয়। এই প্রক্রিয়ায় বহির্নোঙর থেকে গত বছরে প্রায় দেড় কোটি টন পণ্য নদীপথে পরিবহন করা হয়।দেশের অন্যতম বড় আমদানিকারক প্রতিষ্ঠান টিকে গ্রুপের অর্থ পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোম্পানির আমদানি করা ২৫ হাজার টন গম মাদার ভ্যাসেলে (বড় জাহাজ) সাগরে ভাসছে। লাইটার জাহাজেও ভাসছে আরও ১০ হাজার টন গম। জাহাজের গড় অবস্থানের সময় বেড়ে যাওয়ায় বন্দর কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। প্রতি টনে আড়াই থেকে তিন ডলার বাড়তি খরচ হচ্ছে।’কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের কোম্পানির কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান প্রতি টনে দুই ডলার করে বাড়তি খরচ যুক্ত করতে তাগাদা দিয়েছে। আমরা সেভাবেই ঋণপত্র খুলেছি।’ছোট ও বড় জাহাজে ভাসতে থাকা পণ্যের মধ্যে রয়েছে চিনি, গম, ডাল ও লবণ। এ ছাড়া সার, শিল্পের কাঁচামাল সিমেন্ট ক্লিংকার, এইচআর কয়েল, জিপসাম, বিলেট, স্ল্যাগ, সোডা, লাইম স্টোনও রয়েছে। এসব পণ্য আমদানি করেছে আমান গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, বিএসএম গ্রুপ, প্রিমিয়ার গ্রুপ, এমআই সিমেন্ট ইত্যাদি প্রতিষ্ঠান।ব্যবসায়ীরা জানান, কর্মবিরতি বা ধর্মঘট যেটাই হোক না কেন মাশুল দিতে হচ্ছে ব্যবসায়ীদের। পণ্য খালাস বন্ধ থাকায় প্রতিটি জাহাজের প্রতিদিন ১০ থেকে ১৪ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আবার পণ্য আমদানিবাবদ সাড়ে ১৬ শতাংশ ব্যাংকের সুদও পরিশোধ করতে হচ্ছে। এতে প্রতি টনে খরচ বেড়ে যাচ্ছে কার্যত তিন ডলারের ওপর। কর্মসূচির নেপথ্যে: মালিকদের জাহাজ পরিচালনা থেকে বিরত থাকার কর্মসূচির নেপথ্যে আছে পরিচালনা নিয়ে বিরোধ। বর্তমানে বন্দরের বহির্নোঙর থেকে দুই পদ্ধতিতে পণ্য খালাস হয়। দেশের ১১টি শিল্প গ্রুপের নিজস্ব ১৩০টি ছোট জাহাজের মাধ্যমে বহির্নোঙর থেকে সারা দেশে শুধু নিজেদের গ্রুপের পণ্য পরিবহন হয়। আবার ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আওতাধীন সাধারণ জাহাজ মালিকদের এক হাজার ২০০ জাহাজের মাধ্যমে অন্যান্য পণ্য পরিবহন হয়। এই সেলের মাধ্যমে ক্রম অনুযায়ী জাহাজ বরাদ্দ দেওয়া হয়। সাধারণ জাহাজ মালিকদের সংগঠনগুলো চাইছে, শিল্প গ্রুপের ১৩০টি জাহাজও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আওতায় পরিচালিত হোক। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের মাধ্যমে নদীপথে পণ্য পরিবহনে টনপ্রতি ২০০ টাকা বেশি খরচ হচ্ছে অভিযোগ করে শিল্প গ্রুপের মালিকেরা বলছেন, নিজেদের কারখানায় পণ্য সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে তারা নিজেদের জাহাজে পণ্য পরিবহন করছেন। এতে পরিবহন ব্যয়ও কম হচ্ছে। আবার উৎপাদন ব্যবস্থা গতিশীল থাকছে।বিকল্প ব্যবস্থায় পণ্য খালাস শুরু: গত মঙ্গলবার দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন নৌমন্ত্রী শাজাহান খান। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আওতায় পরিচালিত জাহাজের মালিকপক্ষ এবং শিল্প গ্রুপের নিজস্ব জাহাজের মালিকপক্ষের সঙ্গে পৃথক বৈঠক হয়। বৈঠক শেষে সাময়িক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজের মাধ্যমে সাগর থেকে পণ্য এনে জেটিতে খালাস করার সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়।এ সিদ্ধান্ত নেওয়ার পর গতকাল বুধবার শিপিং করপোরেশনের বাংলার মমতা জাহাজ বহির্নোঙরে পাঠানো হয়। প্রাথমিকভাবে বিএসএম গ্রুপের আমদানি পণ্যবাহী জাহাজ এমভি সিএইচসি এনও থ্রি থেকে পণ্য খালাসের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএসসির নির্বাহী পরিচালক মোস্তফা কামাল উদ্দীন বলেন, পর্যায়ক্রমে বিএসসির ছয়টি জাহাজ বরাদ্দ দেওয়া হবে। এসব জাহাজের ধারণক্ষমতা ৯০ হাজার টন। নিজস্ব জাহাজে পণ্য পরিবহনের পাশাপাশি ছোট আকারের জাহাজ ভাড়া নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে বিএসসি। গতকাল স্থানীয় কাগজে বিজ্ঞাপন দিয়ে জাহাজ মালিকদের কাছ থেকে জাহাজ ভাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। একই বিজ্ঞপ্তিতে বহির্নোঙরে পণ্য খালাস করে সারা দেশের নদীপথে পণ্য পরিবহনের জন্য আমদানিকারকদের চাহিদাপত্র প্রেরণের অনুরোধ করা হয়।