হরতাল-সহিংসতার কারণে সাম্প্রতিক সময়ে পণ্যের পরিবহন খরচ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এই বাড়তি খরচ পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়ে শেষ পর্যন্ত তা ক্রেতাদের পকেট থেকেই যাচ্ছে। আবার পণ্যের দাম বাড়ায় বেচাবিক্রি কমে ক্ষতিগ্রস্ত হন উৎপাদক এবং বিক্রেতারাও। চট্টগ্রামের মাদারবাড়িতে অবস্থিত পরিবহনের এজেন্সিগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, সড়কপথে চট্টগ্রাম থেকে ঢাকায় এক ট্রাক বা এক কাভার্ড ভ্যান (১৬-১৮ টন ধারণক্ষম) পণ্য পরিবহনে আগে খরচ পড়ত ১৫ থেকে ১৬ হাজার টাকা। এখন ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো ঢাকা ও আশপাশের এলাকার জন্য ভাড়া নিচ্ছে ২৬ থেকে ২৮ হাজার টাকা। একই পথে কনটেইনার বহনকারী লরির ভাড়া ২২-২৪ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৪০ হাজার টাকা। এজেন্সি-মালিকেরা বলেছেন, গত মাসের মাঝামাঝি থেকে ভাড়া বাড়তে শুরু করে। এখন প্রতিদিনই ভাড়ার হার ওঠানামা করছে। ধারাবাহিক হরতাল ও নাশকতাকেই এর কারণ বলে জানিয়েছেন এজেন্সিগুলোর কর্মকর্তারা। ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার কারণে প্রতি কেজি পণ্য পরিবহনে এক টাকা বাড়তি খরচ হচ্ছে। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘হরতাল ও সহিংসতায় অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে গাড়ি বের করতে চাইছেন না। এ কারণেই ভাড়া অত্যধিক বেড়ে গেছে। এই বাড়তি টাকা বিক্রির শেষধাপে এসে কার্যত ক্রেতাদেরই দিতে হচ্ছে। হরতাল-সহিংসতা অব্যাহত থাকলে সাধারণ জনগণই বেশি ক্ষতিগ্রস্ত হবে।’ পরিবহন-মালিকেরা জানান, গাড়িতে আগুন, ভাঙচুরের কারণে গাড়ি বের করার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি হরতালে গাড়ি চলাচল বন্ধ থাকায় পণ্য জমে যাচ্ছে। ফলে খোলার দিনগুলোতে পরিবহনের চাহিদাও বেড়ে যাচ্ছে। এতে বাড়ছে পরিবহন ভাড়া। গাড়ির মালিক ও গাড়ি ভাড়ার মধ্যস্থতাকারী পরিবহন ব্যবসায়ীদের সংগঠন আন্তজেলা পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মনির আহমদ প্রথম আলোকে বলেন, ‘৩৫ বছর ধরে পরিবহন ব্যবসা করছি। এভাবে ভাড়া বাড়তে দেখিনি।’ তিনি বলেন, ‘পণ্যবাহী গাড়ির মালিকেরা বাড়তি ভাড়া পেলেও হরতাল-সহিংসতায় ক্ষতিগ্রস্তও হচ্ছে।’ আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির হিসাবে, প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকা ও আশপাশের এলাকায় যাচ্ছে চার থেকে পাঁচ হাজার পণ্যবাহী গাড়ি। এসব গাড়ি বন্দর ও নগরের শিল্পকারখানা থেকে পণ্য পরিবহন করে। আবার ঢাকা ও আশপাশের এলাকা থেকে রপ্তানি পণ্য চট্টগ্রামে নিয়ে আসে তারা। গাড়ি ভাড়াদানকারী প্রতিষ্ঠান নিউ হক এজেন্সির ব্যবস্থাপক সোহেল রানা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, হরতাল-সহিংসতার কারণে সড়কে গাড়ি আটকে থাকে। ফলে সারা দেশের পণ্য পরিবহনের মূল কেন্দ্র চট্টগ্রামে পর্যাপ্ত গাড়িও পাওয়া যায় না। চট্টগ্রাম বন্দর এবং ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, জ্বালানি তেল ছাড়া চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি পণ্যের প্রায় ৫৪ শতাংশ সড়কপথে পরিবহন করা হয়। আবার যেসব রপ্তানি পণ্য বন্দর দিয়ে বাইরে যায়, তার ৯৭ দশমিক ৬৬ শতাংশ আসে সড়কপথে। বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ জানান, চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি পণ্যের ৮৮ শতাংশ আনা-নেওয়া হয় চট্টগ্রামের বাইরে, অর্থাৎ ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে। সবাই ক্ষতিগ্রস্ত: চট্টগ্রামের পটিয়ায় মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ থেকে নয় টন সুতা নরসিংদী পর্যন্ত পরিবহনে কারখানা-মালিককে পরিবহন ভাড়া দিতে হতো ১৪ হাজার টাকা। ক্রেতার হাতে পণ্য পৌঁছে দিতে এখন এর সঙ্গে বাড়তি গুনতে হচ্ছে সময়ভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা। মডার্ন পলি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বললেন, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় পণ্য পরিবহনে প্রতিটি কাভার্ড ভ্যানের ভাড়া শোধ করতে হয়েছে ২৯ হাজার টাকা। পরিবহনের এই বাড়তি ব্যয় পণ্যের খরচের সঙ্গে যোগ হয়ে পণ্যের দাম বাড়বে। এতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আবার দাম বাড়ায় পণ্যের চাহিদাও কমছে। ফলে বিক্রি কম হচ্ছে। এতে কার্যত অর্থনৈতিক প্রবাহ সংকোচিত হয়ে পড়ছে।