রমজান মাসের বাজারের অপেক্ষায় এখন সবাই। ব্যবসায়ীদের একটি বড় অংশই মনে করে, রমজান মাস হলো মুনাফা বাড়ানোর মাস। এবারও তারা প্রস্তুত হচ্ছে। তাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে।সরকারও রমজান মাসের বাজার স্থিতিশীল রাখতে কথাবার্তা বলা শুরু করেছে। বরাবরের মতোই সরকারি বিপণনকারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য আমদানির হিসাব দেওয়া শুরু করেছে।তবে টিসিবি পণ্য মজুদের যে হিসাব দিচ্ছে, তা অতি সামান্য। প্রতিষ্ঠানটির কাছে চাহিদার এক থেকে তিন দিনের সমপরিমাণ বিভিন্ন পণ্যের মজুদ আছে। এ দিয়ে বাজার স্থিতিশীল রাখতে প্রভাব খাটানো যাবে না বলেই সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। ফলে ভরসা এখন ব্যবসায়ীদের সদিচ্ছা ও সরকারের তদারকি।সরকার অবশ্য ঘোষণা দিয়েছে তদারকি বাড়ানোর। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বাজার তদারকির জন্য বড় আকারের একটি কমিটি করেছে।স্বস্তিতে নেই সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপ প্রায় এক বছর ধরেই। বোরোর ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। ভোজ্যতেল ও চিনির বাজারও স্থিতিশীল নয়। পেঁয়াজের দাম বেড়েছে। রমজানের নিয়মিত খাদ্য বেগুনি ও পেঁয়াজু খুব সস্তায় পাওয়ার সুযোগ কম। ছোলা ও ডালের দাম সামনে আর বাড়ার তেমন কোনো কারণ নেই বলেই ব্যবসায়ীরা মনে করেন। রমজান মাসের প্রয়োজনীয় পণ্য সবচেয়ে বেশি আমদানি করেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউস ও চট্টগ্রাম বন্দর থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, এ বছর রমজানে ব্যবহূত পণ্যের সরবরাহ ভালো। এ সপ্তাহেই বন্দরে ভোজ্যতেল, চিনি ও মটর ডালের বড় চালান খালাস হচ্ছে।চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও ভোগ্যপণ্য আমদানিকারক আবুল বশর চৌধুরী গতকাল শনিবার বলেন, বাজারে রমজান মাসে বহুল ব্যবহূত পণ্যের সরবরাহ ভালো। দামও স্থিতিশীল। এবার রমজান মাসের পণ্যের অস্বাভাবিক দাম বাড়ার কোনো কারণ নেই।টিসিবির প্রস্তুতি: টিসিবির চেয়ারম্যান খলিলুর রহমান জানান, তাঁদের কাছে ১০ হাজার মেট্রিক টন চিনি, ১৪ হাজার ২৫০ মেট্রিক টন ভোজ্যতেল মজুদ আছে এবং আরও পাঁচ হাজার ৮০০ মেট্রিক টন আমদানির প্রস্তুতি রয়েছে। এ ছাড়া তাঁদের কাছে এক হাজার মেট্রিক টন ছোলা, সাত হাজার মেট্রিক টন মসুর ডাল মজুদ আছে এবং আরও পাঁচ হাজার টন আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, সারা দেশে তাঁদের এক হাজার ৭৫৮ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।দেশে এখন ভোজ্যতেলের মাসিক চাহিদাই প্রায় সোয়া লাখ টন, আর রমজানের সময় তা বেড়ে প্রায় পৌনে দুই লাখ টন হয়। এ ছাড়া রমজান মাসে প্রয়োজন হয় প্রায় দেড় লাখ টন এবং ছোলার চাহিদা থাকে ৬০ হাজার টন। অর্থাৎ টিসিবির সংগ্রহে আছে দুই দিনের চিনি, এক দিনের ছোলা আর প্রায় তিন দিনের ভোজ্যতেল। এই পরিমাণ পণ্য দিয়ে টিসিবি কীভাবে বাজার স্থিতিশীল রাখবে, সেটিই প্রশ্ন।চাহিদার তুলনায় টিসিবির কাছে খুবই অল্প পরিমাণে পণ্য মজুদ থাকার বিষয়ে খলিলুর রহমান বলেন, টিসিবির পর্যাপ্ত গুদাম নেই। পণ্য কিনে মজুদ রাখা কষ্টকর। দেশের পুরো চাহিদা পূরণ করা টিসিবির পক্ষে সম্ভব নয়। টিসিবিকে পূর্ণাঙ্গভাবে সক্রিয় করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। পণ্যের পর্যাপ্ত সরবরাহ: টিসিবির সামান্য প্রস্তুতির বিপরীতে ব্যবসায়ীরা রমজান মাস উপলক্ষে পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক মাসুদ মিলাদ জানান, রমজান মাসে বেশি ব্যবহূত হয় ছোলা, খেজুর, মসুর ডাল ও মটর ডাল। এসব পণ্য গত বছরের তুলনায় অনেক বেশি আমদানি করা হয়েছে। তবে বাজারে তেমন কোনো তদারকি নেই। ব্যবসায়ীরা জানান, সাধারণত রমজান মাসের তিন মাস আগে থেকে বেশি ব্যবহূত পণ্যের আমদানি শুরু হয়। বড় আমদানিকারকেরা রমজান মাসকে কেন্দ্র করে পণ্য আমদানি করে বিক্রিও শুরু করেন জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে। রমজান মাসের এক থেকে দুই সপ্তাহ আগেই এসব পণ্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের হাতে পৌঁছে যাবে। এ সময় তদারকি না হলে বাজারে দাম বৃদ্ধি নিয়ে শঙ্কা থাকবে বলেই সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। চট্টগ্রাম চেম্বারের পরিচালক ওয়াছিউর রহমান চৌধুরী বলেন, গতবার তদারকির কারণে বাজার মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। এবার অনেক আগে থেকেই বাজার তদারকি শুরু করা উচিত ছিল। এ কাজটি শুরু না হলে রমজানের আগে বাজার নিয়ন্ত্রণে থাকবে কি না, তা নিয়ে সংশয় আছে। বাজার তদারকি প্রসঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ বলেন, ২০ জুলাই ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করে রমজান মাসে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে করণীয় নির্ধারণ করা হবে।ছোলা: চট্টগ্রাম কাস্টম হাউসের হিসাব অনুযায়ী, বন্দর দিয়ে গত মে ও জুন মাসে ছোলা আমদানি হয় ৪৬ হাজার ৩৭৪ টন। গত বছর একই সময় এই আমদানি ছিল প্রায় ৩২ হাজার ১২৩ টন। আসছে আরও বিপুল পরিমাণ ছোলা। এসব ছোলার দাম পড়ছে কেজিপ্রতি গড়ে ৩৫ থেকে ৩৭ টাকা। এই ছোলা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৪ টাকায়। মসুর ও মটর ডাল: মে ও জুন মাসে মসুর ডাল আমদানি হয়েছে প্রায় ৩০ হাজার টন। আগের বছর আমদানির পরিমাণ ছিল প্রায় ২০ হাজার টন। আর গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মসুর ডাল আমদানি হয় প্রায় ৬০ হাজার টন। বাংলাবান্ধা সীমান্ত দিয়েও মসুর ডাল আমদানি হয়।খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মসুর ডালের বাজার এখন কমতির দিকে। সাধারণ মানের মসুর ডাল খুচরা ৭৫-৮০ টাকা এবং ভালো মানের ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মটর ডালের সরবরাহও পর্যাপ্ত বলে ব্যবসায়ীরা জানান। বন্দরে একটি জাহাজে প্রায় ৪৪ হাজার টন মটর ডাল খালাস হচ্ছে।আমাদের মিটফোর্ড প্রতিনিধির কাছে পুরান ঢাকার রহমতগঞ্জ এলাকার ডাল ব্যবসায়ী ওমর আলী জানান, তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণ ছোলা, মসুর ডাল, খেসারি ও অ্যাংকর ডাল মজুদ রয়েছে।ভোজ্যতেল: গত দুই মাসে পাম ও সয়াবিন তেল আমদানি হয়েছে প্রায় দুই লাখ টন। গত বছরও একই পরিমাণ ভোজ্যতেল আমদানি হয়। তিন দিনের মধ্যে ২০ হাজার টন ভোজ্যতেলবাহী দুটি জাহাজ বন্দরে ভিড়বে। এ ছাড়া এখন দুটি জাহাজ থেকে খালাস হচ্ছে ১০ হাজার টন ভোজ্যতেল।খেজুর: এবার খেজুর আমদানি হয়েছে অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। ২০০৮-০৯ অর্থবছরে খেজুর আমদানি হয় ২৭ হাজার ৫৩০ টন, ২০০৯-১০ অর্থবছরে ৩৬ হাজার ৮২৯ টন। ফলে সরবরাহে কোনো ঘাটতি হচ্ছে না।চিনি: বাজেটে চিনির শুল্ক বাড়ানো হলেও এখন তা প্রত্যাহার করা হবে বলে জানা গেছে। এতে চিনির দাম স্থিতিশীল থাকবে বলে সরকার মনে করছে। চিনির বাজার এখন মূলত পরিশোধন কারখানাগুলোই নিয়ন্ত্রণ করে। এসব কারখানা থেকে সরবরাহ স্বাভাবিক হলে চিনির দাম স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। চট্টগ্রাম কাস্টম হাউসের হিসাবে, চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত অপরিশোধিত চিনি আমদানি হয়েছে প্রায় চার লাখ ২৫ হাজার টন। রমজানের বাড়তি চাহিদার চিনিও দেশে চলে এসেছে। গত সপ্তাহে বন্দরে ৪৯ হাজার ৫০০ টন চিনি খালাস করে ফিরে গেছে একটি জাহাজ। আরও দুটি জাহাজে এসেছে প্রায় ৮৫ হাজার টন। বাজারে পাইকারি চিনি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪১ টাকা ৮০ পয়সা দরে। খুচরায় এ দর ৪৪ টাকা।