পতন ঠেকাতে প্রণোদনা
শেয়ারবাজারে প্রাণ ফেরাতে আবারও প্রণোদনার ব্যবস্থা করল বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কিন্তু তার পরও স্বাভাবিক রূপ পাচ্ছে না বাজার। বিনিয়োগকারীদের আস্থাহীনতা পুরোপুরি কাটছে না। আন্দোলনরত ক্ষুদ্র বিনিয়োগকারীরা গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হলে প্রধানমন্ত্রীকেই সুস্পষ্ট নির্দেশনা বা বক্তব্য দিতে হবে। বাজারের স্থিতিশীলতা ফেরাতে গতকাল করসংক্রান্ত একগুচ্ছ প্রণোদনা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এ-সংক্রান্ত আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। এ ছাড়া অর্থমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের ‘উপদেষ্টা পরিষদ’ গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদে মেজর জেনারেল পর্যায়ের একজন সেনা কর্মকর্তাকেও রাখা হয়েছে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিষদ গঠনের উদ্যোগটি ভালো। কিন্তু আহ্বায়ক হিসেবে অর্থমন্ত্রীর থাকার কোনো দরকার ছিল না। তাঁর পরিবর্তে সচিব পর্যায়ের কাউকে রাখা হলেই ভালো হতো। কারণ, অর্থমন্ত্রী তো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে এমনিতেই যুক্ত রয়েছেন। এসইসির এই সাবেক চেয়ারম্যান আরও বলেন, ‘সেনাবাহিনীর এক সদস্যকে পরিষদে রাখার কোনো প্রয়োজন ছিল না। প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজারের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। জানি না কোন ক্যাটাগরিতে এক সেনাসদস্যকে পরিষদে রাখা হয়েছে। শেয়ারবাজারে সেনাসদস্যদের বিনিয়োগ রয়েছে, তাই যদি বিনিয়োগকারী ক্যাটাগরিতে কোনো সেনাসদস্যকে পরিষদে রাখা হয়, তাহলে সেটি ভিন্ন কথা।’তবে সরকারের এসব উদ্যোগে গতকাল দিনশেষে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হয়। তবে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দিনভর মূল্যসূচকের ওঠানামা ছিল। দিনশেষে ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৬৯ শতাংশের দাম বেড়েছে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল দশমিক ৪১ শতাংশ বা ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২২১ পয়েন্টে। দিনশেষে সেখানে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭০ শতাংশের দাম বেড়েছে। বাজারের সার্বিক অবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসইসি নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাব বা আস্থাহীনতা কিছুটা হলেও কাটতে শুরু করেছে। কিন্তু শুধু ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারী দিয়ে বাজারের স্থিতিশীলতা ফিরবে না। এ জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করার মাধ্যমে চাহিদা বাড়াতে হবে। এসইসির একার পক্ষে এটি করা সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে।এনবিআরের দেওয়া কর প্রণোদনার বিষয়টি জানাতে গতকাল দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। সেখানে তিনি বলেন, ‘বাজার স্থিতিশীল করতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার বাজারের স্বার্থে আমাদের সব পরামর্শ বা সুপারিশ পর্যায়ক্রমে পরিপালন করছে। বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমরা সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি।’এনবিআরের তিনটি প্রজ্ঞাপন: গতকাল লেনদেন শুরুর আগেই শেয়ারবাজার-সংশ্লিষ্ট তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। এনবিআরের এসব প্রজ্ঞাপনের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের ওপর আয়কর রেয়াত সুবিধা পুনর্বহাল ও যৌথ তহবিল (মিউচুয়াল ফান্ড) আয়কে কর অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর আরোপিত উৎসে আয়কর ১০ পয়সার পরিবর্তে ৫ পয়সায় নামিয়ে আনা হয়। এর মধ্যে আয়কর রেয়াত ও যৌথ তহবিলের কর অব্যাহতি সুবিধা গত ১ জুলাই থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়। আর উৎসে আয়কর কমানোর বিষয়টি গতকাল থেকেই কার্যকর বলে জানান এসইসির চেয়ারম্যান।উপদেষ্টা পরিষদ: পুঁজিবাজার-সংশ্লিষ্ট আইনকানুন, বিধিবিধানসহ প্রাসঙ্গিক সব বিষয়ে উপদেশ দিতে ছয় সদস্যের ‘উপদেষ্টা পরিষদ (অ্যাডভাইজরি কাউন্সিল)’ গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।পরিষদের সদস্যরা হলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ সিদ্দিকী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আনিসুল হক এবং মেজর জেনারেল পদমর্যাদার একজন সেনা কর্মকর্তা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন যুগ্ম সচিব পরিষদের সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।এসইসির চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেন, ‘পরিষদ নিয়মিত বাজার পর্যালোচনা করবে। সে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। যেহেতু পুঁজিবাজারের প্রয়োজনে নেওয়া যেকোনো সুপারিশ বাস্তবায়নে অর্থমন্ত্রীর সম্পৃক্ততা রয়েছে, তাই তাঁকে প্রধান করেই এই পরিষদ গঠন করা হয়েছে।’করণীয় নির্ধারণে সভা করবে এবিবি: পুঁজিবাজারের সাম্প্রতিক সংকটে করণীয় নিয়ে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) সভা করবে। গতকাল এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এবিবির সহসভাপতি নুরুল আমিনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের এক অনানুষ্ঠানিক বৈঠকে এ কথা হয় বলে জানা গেছে।জানা গেছে, গভর্নর ও এবিবির নেতৃত্বের মধ্যে আলোচনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের দিক থেকে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগে কোনো বাধা নেই। আইন অনুযায়ী ব্যাংকগুলো আমানতের ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারে। মার্জিন ঋণ দেবে কি না, সেটা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংকের নিজস্ব বিষয়। একইভাবে সুদ মওকুফের বিষয়টিও নিজ নিজ ব্যাংকের নিজস্ব বিষয়।বাজারচিত্র: ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪২৪ পয়েন্টে। ঢাকার বাজারে গতকাল ২২৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়, যা গত ৩২ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি সর্বশেষ ২১৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।অবশ্য চলতি বছরের ২০ ও ২৫ জানুয়ারি যথাক্রমে ৬৮ ও ২০৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। যদিও এই দুই দিনই দরপতন ঠেকাতে নির্ধারিত সময়ের আগেই লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছিল।