পতন ঠেকানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো প্রণোদনা দিয়েই শেয়ারবাজারের পতন ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন লেনদেন শুরু হলেই দেখা দিচ্ছে বড় ধরনের ধসের আশঙ্কা। ফলে একাধিকবার মাঝপথেই লেনদেন বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে নিয়ন্ত্রক সংস্থাকে। কিন্তু এতেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত মূল্যসূচকে ‘সার্কিট ব্রেকার’ বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর ফলে শেয়ারের মূল্যসূচক এক দিনে একটি নির্দিষ্ট সীমার বেশি বাড়তে বা কমতে পারবে না। আপাতত এ সীমা ২২৫ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এর অর্থ সূচকের উত্থান-পতন এ পরিমাণ স্পর্শ করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবেই লেনদেন বন্ধ হয়ে যাবে। এসইসির পক্ষ থেকে পুনরায় নির্দেশ না পাওয়া পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে। গতকাল বুধবার থেকেই নিয়মটি কার্যকর হয়েছে। আর প্রথম দিনেই লেনদেন শুরু হওয়ার এক ঘণ্টা ২৬ মিনিটের মধ্যেই দরপতনের মাত্রা মূল্যসূচকের সার্কিট ব্রেকার অতিক্রম করে। ফলে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এসইসির নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার বেলা ১১টায় লেনদেন আবার শুরু হবে।শেয়ারবাজারে গতকাল বেলা ১১টার পরিবর্তে একটায় লেনদেন শুরু হয়। বেলা তিনটা পর্যন্ত লেনদেন চলার কথা থাকলেও সার্কিট ব্রেকারের কারণে দুইটা ২৬ মিনিট পর্যন্ত লেনদেন চলে। এ সময় পুঁজি হারানোর ভয়ে আতঙ্কিত ও বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা আবারও রাস্তায় নেমে ব্যাপক ভাঙচুর চালান। ফলে পুরো মতিঝিল এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এর আগে সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর সরকারি বাসভবনে বাংলাদেশ ব্যাংক ও এসইসির সঙ্গে বৈঠক করেন। জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাজার পতনের জন্য এসইসিকে দায়ী করা হয়। বলা হয়, পুঁজিবাজার কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিষয় নয়। এটি সম্পূর্ণ এসইসির বিষয়। মুদ্রাবাজারে কোনো সমস্যা হলে তো এসইসিকে ডাকা হয় না! তাহলে শেয়ারবাজার পতনের জন্য বাংলাদেশ ব্যাংককে কেন দায়ী করা হচ্ছে। এসব বক্তব্যের পর এসইসি কার্যত তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেনি।বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, ডেপুটি গভর্নর জিয়াউল হক সিদ্দিকী, নজরুল হুদা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি, এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ উপস্থিত ছিলেন। বাজার স্থিতিশীল রাখতে এসইসি গত এক মাসে অনেক নিয়মনীতি শিথিল করেছে। তারল্যপ্রবাহ বাড়াতে ঋণসুবিধা বাড়িয়েছে। বাজারের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, সেগুলোর সবই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারপরও বাজারের পতন ঠেকানো সম্ভব হয়নি। এ অবস্থায় তারল্য পরিস্থিতি বাড়াতে সরকারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা আশা করেছিল এসইসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, মুদ্রাবাজারের সঙ্গে পুঁজিবাজারের নিবিড় সম্পর্ক রয়েছে। কোনো অর্থনীতিবিদই এ সম্পর্কের কথা অস্বীকার করবেন না। তিনি বলেন, ‘মুদ্রাবাজারে তারল্য-ঘাটতি নেই—এ বক্তব্য সঠিক নয়। আমি নিজে আজ কয়েকটি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা প্রত্যেকেই এটা স্বীকার করেছেন।’পুঁজিবাজারে ঋণ জোগানদাতা প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের অনেক গ্রাহকের বিনিয়োগকোষে (পোর্টফোলিও) ঋণপ্রাপ্যতা অনুযায়ী ক্রয়ক্ষমতা রয়েছে। কিন্তু মার্চেন্ট ব্যাংকগুলো সেই অনুযায়ী ঋণ দিতে পারছে না। বাজার-সংশ্লিষ্টরা মনে করেন, বাজারে তারল্যঘাটতি যতক্ষণ না কমছে, ততক্ষণ সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না। আর আস্থা ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই নেতৃত্বের ভূমিকায় যেতে হবে। বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল লেনদেন শুরু হওয়ার প্রথম দুই-তিন মিনিটে সাধারণ মূল্যসূচক প্রায় ৮৫ পয়েন্ট বেড়ে যায়। এ সময় বাজারে গুজব ছিল, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ব্যাংক তারল্য সরবরাহ বাড়াতে রাজি হয়েছে। কিন্তু গুজবের বিষয়টি সত্য না হওয়ায় কিছুক্ষণের মধ্যে সূচক আবার কমতে শুরু করে। শেষ পর্যন্ত ডিএসই সাধারণ সূচক ২৩৭ পয়েন্টের বেশি কমে সার্কিট ব্রেকার অতিক্রম করে। পরে যা সমন্বিত হয়ে ২২৭ পয়েন্ট বা ৩ দশমিক ১৭ শতাংশ কমে ছয় হাজার ৯১৩ পয়েন্টে নেমে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৩০টির, বেড়েছে সাতটির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি কোম্পানির শেয়ারের। আর মোট লেনদেন হয়েছে ৫৩৭ কোটি টাকার শেয়ার। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক বেলা আড়াইটার দিকে ৩ দশমিক ৩৯ শতাংশ বা ৬৯৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৯৮৩৮ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হয় ৬৭ কোটি টাকার। আর লেনদেন হওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে সাতটির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এসইসি ও ডিএসইর সংবাদ ব্রিফিং: এদিকে গতকাল দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া সূচকের সার্কিট ব্রেকার দেওয়ার ব্যাখ্যা দেন। তিনি বলেন, পুঁজিবাজারের অস্বাভাবিক উত্থান-পতন নিয়ন্ত্রণ করতেই মূল্যসূচকের ওপর সার্কিট ব্রেকার আরোপ করা হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আলাদা কোনো সার্কিট ব্রেকার দেওয়া হয়নি। ডিএসইতে লেনদেন বন্ধ হলে সিএসইতেও লেনদেন বন্ধ করা হবে। এদিকে বিকেল সাড়ে চারটার দিকে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতী মৈত্র এক ব্রিফিংয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বাজারে যাতে অস্বাভাবিক চাঙা বা অতিরিক্ত দরপতনের ঘটনা না ঘটে, সে জন্য সার্কিট ব্রেকার আরোপ করা হয়েছে। এতে বাজারে স্থিতিশীলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সতীপতী মৈত্র আরও বলেন, ‘শেয়ারবাজারে এখন ক্রান্তিকাল চলছে। ২০১০-এ বাজার শুধু ওপরের দিকে উঠছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকেই উল্টোচিত্র দেখা যাচ্ছে। আমরা ক্রমাগত বাড়ার সময়ই বলেছিলাম, এটা ভালো লক্ষণ নয়। কারণ, বাজারের গড় মূল্য অনুপাতে আয় (পিই) এবং সূচক প্রায় দ্বিগুণ হয়ে পড়েছিল। নিচের দিকে নামাটা খুব একটা অস্বাভাবিক নয়। তবে সাম্প্রতিক অব্যাহত দরপতনও স্বাভাবিক নয়।’ তাঁর মতে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা যদি ভালো মৌলভিত্তিসম্পন্ন শেয়ার দীর্ঘ মেয়াদে ধরে রাখেন, তাহলে ক্ষতি গুনতে হবে না।বিএবি-এবিবির বৈঠক: মুদ্রাবাজার পরিস্থিতি নিয়ে গতকাল ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি বৈঠকে মিলিত হয়। সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয়েছে ব্যাংক কোম্পানি, ১৯৯১ অনুসারে কোনো ব্যাংকের মোট আমানতের ১০ ভাগের বেশি অর্থ এখন আর শেয়ারবাজারে বিনিয়োগ নেই। তারপরও যদি কোনো ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগসীমা এর চেয়ে বেশি থেকে থাকলে, তা শিথিলভাবে বিবেচনা করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করবে এই দুই সংগঠন।একই সঙ্গে বৈঠকে আলোচনা হয়, কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক খাতে অতিরিক্ত অর্থপ্রবাহ রয়েছে, কিন্তু সেই অর্থ কোথায়, কীভাবে আছে, তা নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের মতানৈক্য রয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করতে চায় দুই সংগঠন।এ ছাড়া সামগ্রিকভাবে মুদ্রাবাজার পরিস্থিতি বিবেচনা করে দুই সংগঠন আগামী মুদ্রানীতিতে প্রয়োজনীয় শিথিলতা রাখতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সংগঠন দুটি সহসাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে বলে জানা গেছে।