ত্রিপোলির প্রায় পুরোটাই বিদ্রোহীদের নিয়ন্ত্রণেপরাজয় মেনে নিতে বিশ্বনেতাদের আহ্বানবিদ্রোহীদের স্বীকৃতি দিল মিসর
পতনের মুখে গাদ্দাফি
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির চার দশকের শাসনের অবসান ঘটতে চলেছে। দীর্ঘ ছয় মাসের আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের পর গতকাল সোমবার রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ প্রায় পুরোটাই নিয়ে নিয়েছে বিদ্রোহী যোদ্ধারা। সামান্য অংশ গাদ্দাফির অনুগত সেনাবাহিনীর দখলে আছে।গাদ্দাফির ক্ষমতার কেন্দ্রস্থল বাব আল-আজিজিয়া কম্পাউন্ড ঘিরে দুই পক্ষে তুমুল লড়াই চলছে। গাদ্দাফির অনুগত বাহিনী বিদ্রোহীদের প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাইফ আল-ইসলামসহ গাদ্দাফির তিন ছেলেকে আটক করেছে বিদ্রোহীরা। তবে এদের একজন পরে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে গাদ্দাফির অবস্থা বা অবস্থান জানা যায়নি। দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী। খবর এএফপি, রয়টার্স, বিবিসি ও আল-জাজিরা।বিদ্রোহীদের দখলে ত্রিপোলি: গত শনিবার পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিক দিয়ে ত্রিপোলিতে ঢুকে পড়ে বিদ্রোহীরা। বলতে গেলে তেমন কোনো প্রতিরোধ ছাড়াই তারা প্রবেশ করে। শনি ও রোববার দুই পক্ষে তুমুল লড়াই চলে। রোববার রাতের মধ্যে রাজধানীর একটি বড় অংশের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এরপর বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে তারা।রোববার রাতেই ত্রিপোলির কেন্দ্রস্থল গ্রিন স্কয়ার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ‘শহীদ স্কয়ার’ হিসেবে ঘোষণা দেয় বিদ্রোহী যোদ্ধারা। এরপর রাতভর সেখানে উল্লাস করে বিদ্রোহী যোদ্ধা, তাদের সমর্থক ও সাধারণ মানুষ। তবে গতকাল সকাল থেকেই গাদ্দাফির বাব আল-আজিজিয়া কম্পাউন্ড থেকে বেরিয়ে আসে ট্যাংক। শুরু করে এলোপাতাড়ি গোলাবর্ষণ।আবার শুরু হয় দুই পক্ষের তুমুল লড়াই। গুলি, গোলা ও বোমার বিস্ফোরণে সন্ত্রস্ত হয়ে পড়ে রাজধানী। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপতে থাকে ত্রিপোলি। লড়াই ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন অংশে। একপর্যায়ে বাব আল-আজিজিয়ার কাছে পৌঁছে যায় বিদ্রোহীরা। বিদ্রোহী যোদ্ধা আবদুল রহমান বলেন, ‘বিপ্লবীরা শহরের প্রতিটি অংশে পৌঁছে গেছে। তবে গাদ্দাফি বাহিনী প্রতিরোধের শেষ চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধ চলছে। বাব আল-আজিজিয়ার আশপাশে অবস্থান নিয়েছে গাদ্দাফির ট্যাংক। এ ছাড়া গুপ্তঘাতকেরাও সক্রিয়। এটাই সবচেয়ে বড় সমস্যা। অনেকে হতাহত হয়েছে।’ খবর পাওয়া যায়, বিদ্রোহীরা ত্রিপোলি বিমানবন্দর ও রাষ্ট্রীয় টেলিভিশনের প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণও নিয়েছে। গাদ্দাফির অনুগত সেনাবাহিনীর কোনো কোনো অংশ বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করছে। তবে ৬৫ হাজার সেনা এখনো গাদ্দাফির পক্ষে লড়ে যাচ্ছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। বিদ্রোহীদের এক মুখপাত্র জানান, রাজধানীর ১৫ থেকে ২০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ এখনো গাদ্দাফি বাহিনীর হাতেই রয়েছে। বিদ্রোহীদের প্রধান মুস্তাফা আবদেল জলিল গতকাল বেনগাজিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গাদ্দাফি যুগের অবসান হয়েছে।’ তিনি আশা করেন, গাদ্দাফিকে জীবিত আটক করা সম্ভব হবে। তাঁকে আটক করা গেলে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। অন্যদিকে, বেনগাজি থেকে নিজেদের সদর দপ্তর ত্রিপোলিতে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। ত্রিপোলির পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিজেদের হাতে না এলেও দেশের প্রায় পুরোটাই এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশজুড়ে মানুষ উল্লাস করছে আর অপেক্ষায় আছে ত্রিপোলির পতনের। তবে সবচেয়ে বেশি উ ৎ সব হচ্ছে বিদ্রোহীদের প্রধান ঘাঁটি বেনগাজিতে।গাদ্দাফি ও তাঁর ছেলেরা: ত্রিপোলির পতন হতে চললেও গাদ্দাফির অবস্থান বা অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি। তিনি দেশে আছেন, নাকি দেশ ছেড়ে পালিয়েছেন, তা-ও পরিষ্কার নয়। তবে হোয়াইট হাউস বলেছে, গাদ্দাফি দেশ ছেড়ে পালিয়েছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। গত বুধবার রাতে সর্বশেষ গাদ্দাফির কণ্ঠ শোনা যায় টেলিভিশনে প্রচারিত এক অডিও বার্তায়। এতে ত্রিপোলি অভিমুখে যাত্রা শুরু করার জন্য বিভিন্ন উপজাতিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ত্রিপোলি ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনারা তা কীভাবে বরদাশত করছেন?’ তবে গতকাল গুঞ্জন ছড়িয়ে পড়ে, গাদ্দাফি দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তাঁদের মধ্যে আদৌ কোনো কথা হয়েছে কি না বা হলেও কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।বিদ্রোহীদের প্রধান ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা আবদুল জলিল জানিয়েছেন, গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল-ইসলামকে রোববার রাতে আটক করা হয়েছে।আবদুল জলিল এ কথা জানানোর কয়েক ঘণ্টা পর সাইফ আল-ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র। রোববার রাতেই গাদ্দাফির বড় ছেলে মোহাম্মদকে এবং গতকাল সোমবার আরেক ছেলে সাদিকে আটক করা হয়। তবে আল-জাজিরা টেলিভিশন বলেছে, আটক হওয়ার পরই মোহাম্মদ পালিয়ে গেছেন।গাদ্দাফির অপর ছেলে আল মুতাসসিম বাব আল-আজিজিয়াতেই আছেন বলে জানায় আল-জাজিরা টেলিভিশন। এ ছাড়া আরও দুই ছেলে হান্নিবিল ও খামিশের খোঁজ পাওয়া যায়নি। তবে আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে, দুটি লাশ পাওয়া গেছে। এদের মধ্যে একজনের লাশ খামিশের। আরেকটি গাদ্দাফির গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুচ্ছির বলে ধারণা করা হচ্ছে। তাঁরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁকে সর্বশেষ দেখা যায় গত রোববার ত্রিপোলির একটি হোটেলে। গতকাল গুজব ছড়িয়ে পড়ে, সেনুচ্ছি দেশ ছেড়ে পালিয়েছেন।গাদ্দাফির ছেলেদের মধ্যে সাইফ আল-ইসলামই সবচেয়ে ক্ষমতাধর। তাঁর বড় ভাই মোহাম্মদ রাষ্ট্রের প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের প্রধান। রাজনীতিতে তাঁর তেমন কোনো ভূমিকা নেই। অন্যদের মধ্যে খামিশ সেনাবাহিনীর একটি ইউনিটের প্রধান। খামিশ ব্রিগেড নামে এই ইউনিট বিক্ষোভ দমনে প্রধান ভূমিকা পালন করে। বিদ্রোহীরা এই ইউনিটটিরও দখল নিয়েছে। আর মুতাসসিম সেনাবাহিনীর কর্মকর্তা ও তাঁর বাবার নিরাপত্তা উপদেষ্টা। সেনুচ্ছিসহ গাদ্দাফির কয়েক ছেলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের মধ্যে যাঁরা আটক বা বন্দী হচ্ছেন, তাঁদের নিজেদের জিম্মায় নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আইসিসি।পালিয়েছেন প্রধানমন্ত্রী: প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লিবিয়ার প্রধানমন্ত্রী আল-মাহমুদি দেশ ছেড়ে পালিয়েছেন। গত রোববারই তিনি তিউনিসিয়ার ডিজেরবা দ্বীপে পৌঁছেছেন।বহির্বিশ্বের প্রতিক্রিয়া: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পশ্চিমা নেতারা গাদ্দাফিকে পরাজয় মেনে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিদ্রোহীদের সঙ্গে কাজ করার জন্য তাঁরা প্রস্তুত আছেন বলে জানিয়ে দিয়েছেন। ওবামা বলেছেন, ‘গাদ্দাফি যুগ তার শেষ মুহূর্তে পৌঁছে গেছে। স্বৈরশাসকের হাত থেকে বেরিয়ে যাচ্ছে ত্রিপোলি।,’ তিনি বিদ্রোহীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনাদের লড়াই এখনো শেষ হয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর ছুটি সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন লিবিয়াবিষয়ক জরুরি বৈঠকে যোগ দেওয়ার জন্য। লিবিয়ার ‘নতুন যুগ’কে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন বলেছেন, ‘গাদ্দাফি আমলের শেষ মুহূর্তটাই এখন আমাদের সামনে হাজির।’ গাদ্দাফি দক্ষিণ আফ্রিকায় আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন এবং তাঁকে উদ্ধার করতে দক্ষিণ আফ্রিকা বিমান পাঠিয়েছে বলে যে খবর বেরিয়েছে, তা অস্বীকার করেছে দেশটি। তারা বলেছে, মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে যাঁর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাঁকে তারা আশ্রয় দেবে না। চীন ও রাশিয়াও স্বীকার করেছে, গাদ্দাফি শাসনের অবসান ঘটতে চলেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা জনগণের ইচ্ছাকে সম্মান জানাবে। লিবিয়ায় ন্যাটো বাহিনীর অভিযানের বিরোধিতা করেছিল চীন ও রাশিয়া। এদিকে, মিসর গতকাল বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে লিবিয়ার বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ত্বরিত গণ-আন্দোলনের মুখে পতন ঘটে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী ও মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের। ওই দুই দেশের আন্দোলনের সফলতায় উদ্বুদ্ধ হয়ে গাদ্দাফিকে হটাতে ফুঁসে ওঠে লিবিয়ার জনগণ। তবে আন্দোলন কঠোর হাতে দমন করেন ৪২ বছর ধরে দেশ শাসনকারী গাদ্দাফি। একপর্যায়ে বিদ্রোহীরা কোণঠাসা হয়ে পড়ে। তখন তাদের সাহায্যে এগিয়ে আসে পশ্চিমা শক্তিগুলো। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো বিমান হামলা শুরু করে গাদ্দাফি বাহিনীর ওপর। এর পর থেকে আবার অগ্রসর হতে থাকে বিদ্রোহীরা।