পতাকা আইন নিয়ে উত্তর আয়ারল্যান্ডে দাঙ্গা
উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন ভবনে যুক্তরাজ্যের পতাকা না ওড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজধানী বেলফাস্টে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এ দাঙ্গায় পুলিশের অন্তত আটজন সদস্য আহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়, গত সোমবার বেলফাস্টের কাউন্সিলে এক ভোটাভুটির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে বেলফাস্টের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে বছরজুড়ে যুক্তরাজ্যের পতাকা আর ওড়ানো হবে না। এ সিদ্ধান্তের কারণে উত্তর আয়ারল্যান্ড ও ব্রিটেনের হূদ্যতাপূর্ণ সম্পর্কে বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট ধর্মানুসারীরা ক্ষুব্ধ হয়। ক্যাথলিক ধর্মানুসারীরা নতুন পতাকানীতিকে সমর্থন করে। প্রেটেস্ট্যান্ট বিক্ষোভকারীরা বিভিন্ন ভবন ও ক্যাথলিকদের বাসায় হামলা চালানোর পর সোমবার থেকে দাঙ্গা শুরু হয়। উত্তর আয়ারল্যান্ডের পুলিশ বলছে, গতকাল শুক্রবার রাতে বেলফাস্টের সিটি সেন্টার এলাকায় প্রায় শ খানেক প্রোটেস্ট্যান্টের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।উত্তর আয়ারল্যান্ড পুলিশের সহকারী প্রধান উইল খের বার্তা সংস্থাটিকে বলেন, ‘এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। প্রোটেস্ট্যান্টরা এ কাজের মাধ্যমে নিজেদের সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নিজেদের জীবনকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের উচ্ছৃঙ্খলতা চলতে দেওয়া যায় না। দাঙ্গাকারীদের ওপর প্রভাব আছে, এমন রাজনীতিক ও ব্যক্তিদের আমি অনুরোধ করছি, যেমন করেই হোক এ দাঙ্গা থামান।’দাঙ্গার সময় দুটি মোটরগাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দাঙ্গাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বোতল ছুড়ে মারে। উত্তর আয়ারল্যান্ডের কাউন্সিলররা আইন জারি করেছেন, কেবল বেলফাস্টের সিটি হলেই ওড়ানো যাবে ব্রিটিশ পতাকা। তা-ও বছরে সর্বোচ্চ ১৭ দিন। আইন জারির পর ব্রিটেনের অনুগত লোকজন উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন জায়গায় রাতজুড়ে বিক্ষোভ-সমাবেশ করতে থাকে। পুলিশ বলছে, গত সোমবারের দাঙ্গায় প্রায় এক হাজার মানুষ অংশ নেয়। ওই দিন পুলিশের ১৫ জন সদস্য আহত হন। গতকাল শুক্রবার বেলফাস্টের আইনসভার সদস্য নাওমি লংকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নাওমির অ্যালায়েন্স পার্টি ফর নর্দান আয়ারল্যান্ড পতাকাসংক্রান্ত নতুন আইনের ঘোরতর সমর্থক।উত্তর আয়ারল্যান্ডের আরও দুটি জায়গায় পেতে রাখা বোমা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা দীর্ঘায়িত করার চেষ্টা চলছে, যদিও শান্তি প্রচেষ্টা জারি আছে।হিলারি ক্লিনটনের ভ্রমণযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ব্রিটেনের শাসনাধীন অঞ্চলটিতে তাঁর নির্ধারিত ভ্রমণ শুরুর কয়েক ঘণ্টা আগে দাঙ্গা ছড়িয়ে পড়ে।বেলফাস্টে এক সংবাদ সম্মেলনে তিনি আজ শনিবার সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘উত্তর আয়ারল্যান্ডে সহিংসতার কোনো স্থান নেই। অতীতের মতো কোনো কিছু যদি নতুন করে শুরু করা হয়, তবে সেগুলোকে তীব্রভাবে নিন্দা করা হবে।’এর আগে উত্তর আয়ারল্যান্ডে ব্রিটেনের অনুগত প্রোটেস্ট্যান্ট ও স্বাধীনতাকামী ক্যাথলিকদের মধ্যে দীর্ঘদিন গৃহযুদ্ধ চলেছিল। ব্রিটেনের সঙ্গে আয়ারল্যান্ডের সম্পর্কের ধরন প্রকাশের জন্য ১৯০৬ সাল থেকে আয়ারল্যান্ডের বিভিন্ন ভবনে ব্রিটিশ পতাকা ওড়ানো শুরু হয়।১৯২২ সালে আয়ারল্যান্ডের স্বাধীনতাযুদ্ধ শেষে উত্তর আয়ারল্যান্ডের ছয়টি প্রদেশ ব্রিটেনের সঙ্গে থেকে যেতে রাজি হয়। তবে দক্ষিণ আয়ারল্যান্ড স্বাধীনতা লাভ করে। নতুন দেশটির নাম হয় আয়ারল্যান্ড প্রজাতন্ত্র। তিন দশক ধরে চলা গৃহযুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার আইরিশ প্রাণ হারান। ১৯৯৮ সালে শান্তিচুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হলেও থেমে থেমে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে।