পতাকা উড়িয়ে প্রতিবাদ, দাঙ্গাবাজদের প্রতিরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সরকারি, বেসরকারি ও আবাসিক ভবনে এবং গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে শাহবাগের আন্দোলনের প্রতি আজ শনিবার একাত্মতা প্রকাশ করেছেন সারা দেশের মানুষ। এদিকে আজ রাতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে দাঙ্গাবাজদের প্রতিরোধের ডাক ও আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নতুন কর্মসূচি

শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আজ শনিবার রাতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আয়োজকেরা। নতুন কর্মসূচি অনুযায়ী, কাল রোববার সকাল ১০টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে হরতালবিরোধী মিছিল বের করা হবে। এ ছাড়া রাজধানীর বাহাদুর শাহ পার্কে বিকেলে তিনটায় পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দাঙ্গাবাজদের প্রতিরোধের ডাক

সব ধর্মপ্রাণ মানুষদের একসঙ্গে জামায়াত-শিবিরের সন্ত্রাসী দাঙ্গাবাজদের প্রতিরোধের ডাক দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। সব ধর্মের মানুষকে এক হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও উপাসনালয় পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে মঞ্চ নেতৃবৃন্দ বলেছেন, ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান- আপনারা এক হয়ে এই জামায়াত-শিবিরের সন্ত্রাসী বাহিনী কর্তৃক সৃষ্ট দাঙ্গা পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধ গড়ে তুলুন।’ দেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ রাতে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইস সরকার একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি এসব কথা বলেন।রাত সাড়ে আটটায় দেওয়া ওই বিবৃতিতে ইমরান বলেন, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার হতাশাব্যঞ্জক সংবাদ সম্মেলন এই সাম্প্রদায়িক দাঙ্গাকে আরও উসকে দিয়েছে। একাত্তরের পরাজিত শক্তি যুদ্ধাপরাধী ও দেশবিরোধী সংগঠন জামায়াতে ইসলাম ও তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্র শিবিরকে নির্লজ্জ সমর্থনের মাধ্যমে বিরোধীদলীয় নেত্রী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে হায়েনাদের উসকে দিয়েছেন। এই অপকৌশল ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে।’গণমাধ্যম কর্মীদের কাছে মঞ্চ থেকে আহ্বান জানানো হয়, বিভিন্ন স্থানে মিথ্যা গুজবের মাধ্যমে যে ভয়-ভীতি, আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে, গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা দিয়ে তা মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ও ব্লগে সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতির উদ্ভব নিয়ে যেকোনো ধরনের বিভ্রান্তিকে প্রতিহত করুন। গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাবসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে গণজাগরণ মঞ্চ থেকে। হিন্দু ধর্মাবলম্বীসহ সব ধর্মের জনসাধারণের বাড়িঘর ও উপাসনালয়কে সর্বোচ্চ নিরাপত্তার দেওয়ারও দাবি জানানো হয়েছে।

পতাকা উত্তোলন ও বিক্ষোভ

সকালে শাহবাগের প্রজন্ম চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। এ সময় সব যুদ্ধাপরাধীর ফাঁসিসহ ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। এ ছাড়া জামায়াতের ডাকা রোববার ও সোমবারের হরতাল প্রতিরোধের ডাক দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মঞ্চ নেতৃবৃন্দ। গণজাগরণ মঞ্চের প্রতি সংহতি জানিয়ে আজ দেশের সব সরকারি, বেসরকারি ও আবাসিক ভবন এবং গাড়িতে জাতীয় পতাকা উড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। বেলা সোয়া বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ-মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে। সমাবেশে সভাপতির বক্তব্যে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরামের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, ৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর স্বাধীনতা যুদ্ধ ও ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্ররা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবির এই আন্দোলনেরও মূল শক্তি ছাত্ররা। তারা চাইলে যে কোনো দাবি আদায় করা সম্ভব। দেলাওয়ার হোসাইন সাইদীর ফাঁসির রায়কে আন্দোলনের প্রাথমিক অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সব যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দেওয়া ও তা কার্যকর করা পর্যন্ত আন্দোলন চলবে। ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সামিয়া রহমান বলেন, শাহবাগ হচ্ছে আগামী দিনের বাংলাদেশের নিশানা। তারুণ্যের দাবি আদায়ের সংগ্রামের পরবর্তী সফলতা নির্ভর করবে শাহবাগের আন্দোলনের সফলতার ওপরে। ব্লগার মাহমুদুর রহমান বাঁধনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, আন্দোলনকারীদের ছয় দফা দাবির সমর্থনে আজও সকাল থেকে শাহবাগে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি প্রজন্ম চত্বরে চলেছে স্লোগান আর বক্তৃতা। বিকেল নাগাদ সমাবেশস্থলে জমায়েত বাড়ে। তবে রাত আটটার দিকে সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে শিবির কর্মীদের একটি দল গণজাগরণ মঞ্চের দিকে আসছে বলে শোনা যায়। এই খবরে শাহবাগে বেশ উত্তেজনা তৈরি হয়। মঞ্চ থেকে ছাত্রসংগঠন ও ব্লগারদের একটি দল লাঠি মিছিল নিয়ে উদ্যানের ছবির হাটের দিকে এগিয়ে গেলে ওই দলটি পালিয়ে যায়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আর বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হয় শাহবাগ। আজ সেই আন্দোলনের ২৫তম দিন। এর মধ্যে রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর ১০ নম্বর গোল চত্বর ও মতিঝিলের শাপলা চত্বরে গণজাগরণ মঞ্চের তিনটি সমাবেশ হয়েছে।