পতাকা তোলা ও ঘণ্টা পেটানোও তাঁদের কাজ
দুপুর ১২টা। স্কুলের সব কটি শ্রেণীকক্ষ তালাবদ্ধ। শিক্ষক জাতীয় পতাকা নামিয়ে অফিসকক্ষে রেখে চলে যাচ্ছেন। ছাত্রছাত্রীরা চলে গেছে আগেই।গত মঙ্গলবার (৫ জুলাই) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দীঘলবাক (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে এ দৃশ্য দেখা গেছে।জানতে চাইলে শিক্ষক আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) প্রশিক্ষণ শেষে ২ জুলাই তিনি স্কুলে যোগ দিয়েছেন। ডেপুটেশনে (সংযুক্তি আদেশ) থাকা স্কুলের একমাত্র শিক্ষক শহিদুল ইসলাম তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাঁর স্কুলে চলে গেছেন। যোগদানপত্র শিক্ষা অফিসে জমা দিতে উপজেলা সদরে যেতে হবে, তাই স্কুল ছুটি দিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, ২০০৯ সাল থেকে স্কুলটি একজন শিক্ষক দিয়ে চলছে। ওই বছরের ৬ আগস্ট শিক্ষক নারায়ণ চন্দ্র গোপ অবসরে গেলে পার্শ্ববর্তী পূর্ব কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেপুটেশনে শহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।গত বছরের সেপ্টেম্বরে ওই স্কুলে দুজন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কিন্তু যোগদান করেই তাঁদের একজন আশরাফুল আলম সিইনএড প্রশিক্ষণে চলে যান। অপরজন শামীমা নাসরিন নিয়োগের পর ছুটি নিয়ে আর ফেরেননি। স্কুলটিতে শিক্ষার্থী রয়েছে ১২৫ জন।শিক্ষক আশরাফুল আলম বলেন, ‘স্কুলে এসে যে অবস্থা দেখছি, তাতে চাকরি করতে পারব কি না, বুঝতে পারছি না। ছাত্রছাত্রীদের পড়ালেখা করানোর বদলে স্কুল খোলা ও বন্ধের কাজ করতে হচ্ছে। যেন স্কুলটির পাহারাদারের দায়িত্বে আছি।’দিঘলবাক (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা কিলোমিটার দূরত্বের মধ্যে দিঘলবাক (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটিরও একই অবস্থা।বেলা একটার দিকে গিয়ে দেখা যায়, ওই স্কুলের একমাত্র শিক্ষিকা লাবণী ইয়াছমিন ঘণ্টা বাজিয়ে মধ্যাহ্ন বিরতি দিয়ে অফিস কক্ষে বসে আছেন। শিক্ষার্থীরা স্কুলের বারান্দায় খেলাধুলা নিয়ে হই-হুল্লোড়ে ব্যস্ত।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৮ সালের নভেম্বরে স্কুলটির প্রধান শিক্ষক মকবুল হোসেন চৌধুরীকে বদলি করা হলে সহকারী শিক্ষক সুবাস দাশ তালুকদার একমাত্র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে ২০১০ সালের সেপ্টেম্বরে যোগ দেন লাবণী ইয়াছমিন। কিন্তু যোগ দেওয়ার পরদিনই তিনি প্রশিক্ষণের জন্য নিজ জেলা রংপুরে চলে যান। এরপর সুবাস দাশ তালুকদার একাই ১৫০ জন শিক্ষার্থীকে পাঠদান করান।গত বৃহস্পতিবার ছয় দিনের ছুটিতে যান শিক্ষক সুবাস তালুকদার। এরই মধ্যে প্রশিক্ষণ শেষে গত শনিবার স্কুলে যোগ দেওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে লাবণী ইয়াছমিন দুই দিন স্কুলে যেতে পারেননি। কোনো শিক্ষক না থাকায় শনি ও রোববার স্কুল বন্ধ ছিল।জানতে চাইলে লাবণী ইয়াছমিন বলেন, ‘আমাকে রংপুর জেলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে। একজন নারী শিক্ষক হিসেবে থাকা-খাওয়াসহ নানা সমস্যায় রয়েছি। তাছাড়া নিরাপত্তাহীনতার কারণে সব সময় আতঙ্কে থাকতে হয়।’ তিনি বলেন, ‘আমাদের বিদায় করে স্থানীয় বাসিন্দাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া উচিত।’স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘শিক্ষকের জন্য আবেদন করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। শিক্ষক না থাকায় স্কুল প্রায়ই বন্ধ থাকে।’উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, শুধু এই দুটি স্কুল নয়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অর্ধশতাধিক স্কুলে প্রবল শিক্ষকসংকট চলছে। এই সংকট দূর করতে গত সেপ্টেম্বরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম, রংপুর, ঝিনাইদহ, বাগেরহাট, টাঙ্গাইল ও মৌলভীবাজার থেকে ৩৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কিন্তু তাঁরা যোগ দিয়েই প্রশিক্ষণের জন্য নিজ নিজ জেলায় চলে যান।সূত্র আরও জানায়, উপজেলায় মোট ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ২৮টি। সহকারী শিক্ষকের পদ শূন্য ৩১টি। বর্তমানে একজন করে শিক্ষক রয়েছেন এমন স্কুলের সংখ্যা চারটি। বাকি দুটি স্কুল হলো আসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তরখালনীর চর প্রাথমিক বিদ্যালয়।এ ছাড়া দুই শিক্ষকের স্কুল আছে পাঁচটি। এগুলো হলো: মোহাম্মদপুরসেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতাউকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিঠাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়।জানা যায়, গত বছরের নিয়োগ পরীক্ষায় বাইরের জেলা থেকে জগন্নাথপুরে ৪২ জন শিক্ষক যোগ দেওয়ার কথা থাকলেও তিনজন যোগ দেননি। বাকি ৩৯ জন যোগ দিয়ে প্রশিক্ষণে চলে যান। প্রশিক্ষণ শেষে তাঁরা চলতি মাসের শুরুতে কর্মস্থলে যোগ দেন।জগন্নাথপুর পৌর শহরের বাসুদেববাড়ীর বাসিন্দা অরূপ সরকার বলেন, উপজেলায় দীর্ঘদিন ধরে চলছে শিক্ষকসংকট। এর প্রধান কারণ, স্থানীয় বাসিন্দাদের নিয়োগ না দেওয়া। বাইরের জেলার শিক্ষকেরা যোগ দেওয়ার পর থেকেই নিজ নিজ জেলায় বদলি হয়ে যাওয়ায় শূন্যতা আর দূর হয় না।পৌর এলাকার ছিক্কা গ্রামের বাসিন্দা এনাম আহমদ অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ভুয়া নাগরিক সনদপত্র নিয়ে ইউনিয়নের বাসিন্দা সেজে অনেকেই এ উপজেলার কোটায় চাকরি নেন। কিন্তু পরে তাঁরা চলে যান।উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শরদিন্দু দাশ প্রথম আলোকে বলেন, উপজেলায় এখনো শিক্ষকের ৬০টি পদ শূন্য রয়েছে। এ কারণে উপজেলায় এক শিক্ষক, দুই শিক্ষকের স্কুল রয়েছে। তিনি বলেন, দিঘলবাক (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা নাসরিনকে কেন চাকরিচ্যুত করা হবে না—তা জানাতে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে।জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) মো. ফসিউল্লাহ শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এক শিফটের একটি স্কুলে অন্তত পাঁচজন শিক্ষক থাকতে হয়। দুই শিফটের স্কুলে থাকতে হয় কমপক্ষে তিন-চারজন। সিলেট অঞ্চলে প্রাথমিক শিক্ষক বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।