মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসিসহ ছয় দফা দাবিতে জাতীয় পতাকা হাতে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে শুরু হওয়া মিছিলটির শুরুতেই বিশাল আকৃতির একটি জাতীয় পতাকা বহন করে নিয়ে যান মঞ্চের কর্মীরা। মিছিলে অন্যদের হাতেও ছিল লাল-সবুজের জাতীয় পতাকা এবং মুখে জামায়াত-শিবির নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির স্লোগান। বেলা ১১টার দিকে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলের স্লোগানে জামায়াত-শিবির নিষিদ্ধ এবং মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বিভিন্ন যুব ও ছাত্রসংগঠনের নেতারা মিছিলের নেতৃত্ব দেন। মঞ্চের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন এলাকায়ও একই ধরনের কর্মসূচি পালন করা হয়েছে।আজ প্রতীকী লাঠি মিছিল: এদিকে গণজাগরণ মঞ্চের ওপরে হামলার প্রতিবাদে আজ প্রতীকী লাঠি মিছিল করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। বিকেল চারটায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে শুরু হয়ে লাঠি মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। আগামীকাল সন্ধ্যায় গণজাগরণ মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বুকপকেটের চিঠিগুলো’ শীর্ষক শহীদদের কাছে নতুন প্রজন্মের লেখা চিঠি পাঠ। এ ছাড়া গণজাগরণ মঞ্চের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকবে।গতকাল বিকেল সাড়ে চারটায় গণজাগরণ মঞ্চে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন। তিনি জানান, গণজাগরণ মঞ্চ আজ ৯ এপ্রিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট এবং ১০ এপ্রিল আইন মন্ত্রণালয়ের সামনে যে গণ-অবস্থানের আহ্বান করেছিল, তা বাতিল করা হয়েছে। বিএনপি ও যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামীসহ ১৮-দলীয় জোট আজ ও আগামীকাল হরতালের ডাক দেওয়ায় পূর্বঘোষিত ওই কর্মসূচি বাতিল করে নতুন করে লাঠি মিছিল ও বুকপকেটের চিঠি কর্মসূচি দেওয়া হয়েছে। পতাকা মিছিলে জামায়াত নিষিদ্ধের ডাক: বেলা ১১টার দিকে শাহবাগের মূল মঞ্চ থেকে প্রত্যেকের হাতে পতাকা নিয়ে মিছিলটি শুরু হয়। এ সময় গণজাগরণ মঞ্চের নেতা, ব্লগারসহ বিভিন্ন যুব ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা এই পতাকা মিছিলে অংশ নেন। মিছিলটি দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে গণজাগরণ মঞ্চের মুখপাত্র অভিযোগ করেন, হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি জানিয়েছে, তা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এসব দাবি তো মেনে নেওয়া যায়-ই না, বরং আইনগত ব্যবস্থা নেওয়া যায়। ১৩ দফা দাবির মাধ্যমে তারা দেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়।