পতাকাযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদরঘাট ডিসিসি হকার্স মার্কেটে ঢুকতেই কাপড় ক্রেতা-বিক্রেতাদের বাহাস শোনা গেল। জানা গেল পলিয়েস্টার কাপড়ের দাম বেড়েছে। আর মজার ব্যাপার হলো, শুধু তিন রঙের কাপড়ের দাম বেড়েছে। সাদা, সবুজ আর আকাশি। সপ্তাহখানেক আগেও পলিয়েস্টার কাপড়ের দাম ছিল ৪০০ টাকা থান। এখন সেটা বেড়ে হয়েছে ৬০০ থেকে ৬৫০ টাকা। শুধু তিন রঙের কাপড়ের দাম বাড়ার পেছনে কারণ কী? কারণ সেই তিন রঙা কাপড়ের পতাকা শোভা পাচ্ছে নগরজুড়ে।চলছে ফুটবলের বিশ্বকাপ আয়োজন। আর তাতেই সমর্থকদের উত্তাপে তেতে উঠেছে নগর। বাড়ির ছাদে, ফ্ল্যাটের কার্নিশে, মোটরবাইকের সামনে, গাড়ির ভেতর আর এসবের ধার যাঁরা ধারেন না, তাঁরা নিতান্ত মাথায় বাঁধার জন্য হলেও কিনছেন পতাকা। এই হুজুগে নগরের দর্জিপাড়া এখন ব্যতিব্যস্ত বিদেশি পতাকার মাপজোখ আর সেলাইয়ে।সদরঘাট ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশনের সামনে সারি সারি সেলাই মেশিনে চলছে সেলাইয়ের কাজ। সেখানে পতাকা সেলাই করছিলেন মো. শহীদ। তিনি জানান, এ বছর তিনি নিজেই তৈরি করেছেন হাজার দুয়েক পতাকা। মো. শহীদ হদিস দিলেন আরও এক পতাকা নির্মাতা মো. মান্নানের। তাঁর কথামতো সদরঘাট হকার্স মার্কেটের মান্নান টেইলার্সের ভেতর ঢুকে দেখা গেল, তাঁর দম ফেলার ফুরসতটুকুও নেই। ব্যস্ত মো. মান্নান একা কুলোতে না পেরে আরও তিনজনকে সঙ্গে জুটিয়েছেন। মো. মান্নান বলেন, ‘৩০ বছর ধরে আমার পতাকার ব্যবসা। সারা বছর দেশি পতাকা বানাই। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আমি দেশি পতাকা সাপ্লাই দিই। আর এখন কাম-কাজের চাপে চাইরজন পার্টনার নিয়া কামে নামছি। আমার টেইলার্স থেকে এ বছর গেছে ১৫ হাজার পতাকা। প্রতিটি পতাকা বানাতে আকৃতিভেদে দাম পড়ে ১৫ থেকে ৬০ টাকা।’ মান্নানের ব্যবসার অংশীদার ওয়াদুদ ভূঁইয়া জানান, ‘ব্যবসায় লাভ কম। রাস্তায় হাঁইটা যারা বেচে, হ্যারা লাভ বেশি পায়। আমরা যে পতাকা পাইকারি বেচি ৬০ ট্যাকা, সেইটা রাস্তায় বেচে ১০০ থেকে ২০০ ট্যাকায়।’ এই কর্মযজ্ঞ সদরঘাট ছাড়াও বঙ্গবন্ধু এভিনিউ, নিমতলী, কেরানীগঞ্জের কালীগঞ্জে দেখা মিলবে।বড় একটি বাঁশের মাথায় নানা পতাকা টানিয়ে রাস্তায় বেরিয়েছেন বিক্রেতারা। বাঁশের গা-জুড়ে ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স-জার্মানি-জাপান-স্পেন-পর্তুগালের পতাকা। কোনো হাঁকডাক নেই। বাঁশে টানানো পতাকা দেখেই ক্রেতারা কিনছেন হরদম। পতাকা বিক্রেতা জিল্লুর রহমান জানান, মানুষ হুজুগে পইড়া পতাকা কিনে। বিশ্বকাপ শ্যাষ অইলে পতাকার ব্যবসাও শ্যাষ।’আর একদল বিক্রেতা আছেন, যারা ভ্যানগাড়িতে করে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করে বেড়ান। একজন চালান ভ্যানগাড়ি আর অন্যজন ভ্যানগাড়ির ওপর বসে পতাকা মেলে ধরেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে দেখা হয় ভ্যানগাড়িতে পতাকা বিক্রেতা জহিরুল্লাহর সঙ্গে। তাঁর ১৪ বছরের ছেলে নাছিরুল্লাহ বাবার সহযোগী। ভ্যান চালানোর সময় ফাঁকা রাস্তা পেলেই গতি বাড়িয়ে দেন চালক, আর সে সময় নাছিরুল্লাহ বাতাসে মেলেন পতাকা। কোন দল করেন? জিজ্ঞাসা ছিল জহিরুল্লাহর প্রতি। তিনি বলেন, ‘যদি কই ব্রাজিল, তাইলে আর্জেন্টিনার ভক্তরা আমার পতাকা লইব?’যাঁরা এত টাকা দিয়ে পতাকা কিনলেন, তাঁদেরও রয়েছে ঝক্কি। টানাবেন কোথায়? বাড়ির ছাদে? ছাদটা যদি হয় বাড়িওয়ালার নিয়ন্ত্রণে, তবে? সে কথাই বলছিল নারিন্দা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শোয়েব। সে জানায়, বাড়িওয়ালাকে বলে-কয়ে বাড়ির ছাদে পতাকা টানাতে চেয়েছিল। কিন্তু বাড়িওয়ালার আলটিমেটাম, তাঁর বাড়ির ছাদে তাঁরই পছন্দমতো দলের পতাকা টানাতে হবে। শেষমেশ বাড়িওয়ালার সঙ্গে আপস না করে শোয়েব তাঁর ফ্ল্যাটের বেলকনিতে ঝুলিয়েছে পতাকা।আবার দেখা যায়, একই ছাদে উড়ছে বেশ কয়েকটি দেশের পতাকা। শহরজুড়ে এমন উদাহরণ রয়েছে হাজারটা। শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির (নর্থ সাউথ রোড) ৬৮/৬৯ নম্বর বাড়িতে উড়ছে ছয়টি দেশের পতাকা। বাড়ির মালিক মানিক বলেন, ‘আমি টানিয়েছি দুটি দেশের পতাকা। আমার ভায়েরা টানিয়েছে বাকিগুলো। আশা করছি, ফাইনাল পর্যন্ত আমারটাই উড়বে।’ফ্ল্যাটের ব্যালকনি বা বারান্দায় পতাকা টানানোতে ঝক্কি কম। কিন্তু বাড়ির ছাদে টানাতে হলে দরকার বাঁশ। মালিটোলার বাঁশপট্টি ঘুরে দেখা যায়, সেখানে চলছে রমরমা ব্যবসা। চিকন বাঁশের দাম বেড়েছে দ্বিগুণ। ৩০ বা ৪০ টাকার বাঁশ এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।