পতাকায় ছেয়ে যাওয়া বহুজাতিক শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠমান্ডু থেকে ঢাকা। কী পরিবর্তন অনুভব করছি? আর কী। একটাই। কাঠমান্ডুর আকাশে কোনো পতাকা দেখিনি। ঢাকার আকাশ ছেয়ে গেছে নীল-সাদা আর হলুদ-সবুজে। আর্জেন্টিনার পতাকা। ব্রাজিলের পতাকা। কদাচিৎ জার্মানি, ইতালি, স্পেন, ইংল্যান্ড। এখন চলছে পতাকা প্রতিযোগিতা। ওরা তিনটা পতাকা উড়িয়েছে, তো চলো আমরা চারটা ওড়াব। ওরা ২২ গজ কাপড়ের পতাকা বানিয়েছে, আমরা বানাব ২৬ গজের। ওরা ছয়তলার ছাদে উড়িয়েছে, আমরা ওড়াব ২৭ তলার ছাদে। ঢাকাবাসীর নিদ্রা হরণ করে নিতে আবার এসে গেল বিশ্বকাপ ফুটবল। পতাকা বিক্রেতা, প্রস্তুতকারকদের পোয়াবারো। টেলিভিশনও এই মৌসুমে বিক্রি হবে খুব। চার বছর পরপর এই ভূ-গোলকে কী একটা জোয়ারই না আসে! জোয়ার, নাকি জ্বর! সারাটা পৃথিবী কাঁপতে থাকে সেই জ্বরের ঘোরে, ভাসতে থাকে সেই জোয়ারে। পোস্টার আর ভিউকার্ড বিক্রি হয় দেদার। কারও প্রিয় লিওনেল মেসি, কারও বা কাকা। পেলে বড় নাকি ম্যারাডোনা, সেই ঝগড়া থেকে কথা বলা, মুখ দেখাদেখি বন্ধ, ভাইয়ে বোনে, বন্ধুতে বন্ধুতে, স্বামী-স্ত্রীতে।বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে, উভয় বাংলার বাঙালির রসুনের গোড়া যে এক জায়গায়, তা প্রমাণিত হয় এই বিশ্বকাপ ফুটবলের সময়। কলকাতাতেও আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক বেশি, তাদের মধ্যেও চলে ওই পতাকা প্রতিযোগিতা, তীব্র বাগিবতণ্ডা। দুই বাংলায় মিলে আর্জেন্টিনার যত সমর্থক আছে, আর্জেন্টিনাতেও নাকি তত নেই।আর্জেন্টিনার সমর্থক বেশি হওয়ার মূলে ওই ম্যারাডোনা। আর ফকল্যান্ড যুদ্ধের সময় বাঙালির উপনিবেশ বিরোধিতা উগরে দিল আর্জেন্টিনা সমর্থনের মধ্য দিয়ে। ম্যারাডোনা তখন খেলতেনও দারুণ। যাকে বলে অপ্রতিরোধ্য। আর কী প্রচণ্ড মারটাই না খেতেন প্রতিপক্ষের বুটের, হাতের, কনুইয়ের। তারপর সেই গোল! একটা ঈশ্বরের হাতের, আরেকটা নির্ভেজাল ফুটবল দেবতার। বাঙালিরা পেয়ে গেল তাদের স্বপ্নের নায়ক। গত কয়েক বছর আর্জেন্টিনার সেই মার মার কাট কাট ব্যাপারটা ছিল না। কিন্তু তাতে কী! আর্জেন্টিনার সমর্থকদের গলার জোরের কাছে কে পেরে উঠবে। এবার তাদের আছে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় মেসি। দেখা যাক, মেসি কী করেন। তা মেসি পারুন আর না-ই পারুন, ঢাকাবাসী তাঁকে নিয়ে মেতে রইবেই। অন্যদিকে ব্রাজিল। তার হলুদ-সবুজ জার্সি পরা ছেলেগুলোকে মনে হয় একেকটা দেবদূত। তাদের সমর্থকদের একটাই গল্প, আমরা সুন্দর ফুটবলের পূজারি। তার সঙ্গে আছে পরিসংখ্যান, আর কে পারবে তাদের মতো পাঁচবার চ্যাম্পিয়ন হতে! এবার তাদের মিশন হেক্সা। ব্রাজিলের পাইপলাইনে খেলোয়াড়ের অভাব নেই, একটার পর একটা প্রতিভা তারা উপহার দিয়েই চলেছে পৃথিবীকে।তো ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, এদের কোনো একটি দল যদি তাড়াতাড়ি আউট হয়ে যায়, তাহলে? তাহলে আর কী! ধরা যাক, আর্জেন্টিনা আউট হয়ে গেল। আর্জেন্টিনার সমর্থকেরা তখন থেকে ব্রাজিলবিরোধী। ব্রাজিলের বিরুদ্ধে যেদিন যে দল খেলবে, সেদিন তারা সে দলের সমর্থক। আর ব্রাজিলভক্তরা। আর্জেন্টিনার বিরুদ্ধে যে আছ, লড়ে যাও।ভালোই। কত দুঃখ ঢাকাবাসীর। ভবন ধসে পড়ে যায়, আগুনে পুড়ে যায় ঘরবাড়ি, বৃষ্টির পানিতে ডুবে যায় সংসার, পথে ছিনতাইকারী, রাস্তায় যানজট, বিদ্যুৎ নেই, পানি নেই, গ্যাস নেই, কিন্তু এই কয়েকটা সপ্তাহ আর কিছু চাই না, শুধু নিজের প্রিয় দলটার জয় চাই। আচ্ছা, আমি চাই ব্রাজিল আর আর্জেন্টিনা ফাইনাল খেলুক। কিন্তু দয়া করে মারামারি করে কেউ যেন না মরে। আর হার্টফেল করেও যেন কেউ সমাধিস্থ না হয়।