পতিতাপল্লীতে তারিন!
পতিতা চরিত্রে এর আগেও একবার অভিনয় করেছেন তারিন। আরিফ এ আহনাফের রচনায় নাটকটির নাম ছিল ‘হলদে বাস’। গত রোজার ঈদে নাটকটি এনটিভিতে প্রচারিত হয়। এটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিম ও শতাব্দী ওয়াদুদ। তবে এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের একটি টেলিছবিতে তারিন আবার পতিতা চরিত্রে অভিনয় করেছেন। টেলিছবির নাম ‘নাকফুল’। টেলিছবিটির শুটিংয়ের জন্য তারিনকে চার দিন থাকতে হয়েছে দৌলতদিয়া পতিতাপল্লীতে। টেলিছবিটি লিখেছেন পান্থ শাহরিয়ার। আর পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব।‘নাকফুল’ টেলিছবির গল্প আবর্তিত হয়েছে পতিতা অর্চনা এবং তাঁর ছোট ভাই শান্তকে ঘিরে। কনকনে শীতের মধ্যে পতিতাপল্লীতে শুটিং করার আগে বেশ ভয়ে ভয়েই ছিলেন তারিন। তবে শুটিংয়ের সময় কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়তে হয়নি।জানা গেছে, শুটিংয়ের সময় সেখানকার মেয়েরা পুরো ইউনিটকে যথেষ্ট সহযোগিতা করেছে। কোনো ধরনের ঝামেলা না হলেও ‘নাটফুল’ টেলিছবির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এমনকি টানা ধূমপান করতে গিয়ে বেশ অসুবিধায় পড়তে হয়েছিল তাঁকে। তার ওপর সারা দিন পান খেয়ে গিয়ে মুখে ঘা হয়ে গিয়েছিল। ওই চার দিন কিছুই খেতে পারেননি।তারিনের বিপরীতে নাটকে খদ্দের চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।