পতিতাবৃত্তি: একটি ভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদস্য, আইন কমিশন৩ জুলাই মহাখালীর ব্র্যাক সেন্টারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আইনে পণ্ডিত অনেক ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। সেখানে আলোচিত বিষয়ের মধ্যে পতিতালয়ের সংজ্ঞায়ন ছিল অন্যতম। বলা হয়েছে যে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৫ ধারায় পতিতা, পতিতাবৃত্তি এবং পতিতালয়ের উল্লেখ থাকলেও সেই আইনে এগুলোর কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। অতএব, সংশোধনীর মাধ্যমে আইনটিতে পতিতালয়ের সংজ্ঞা সন্নিবেশ করা সমীচীন। তাই পতিতালয়ের একটি খসড়া সংজ্ঞা কর্মশালায় উপস্থাপন করা হয়েছে। এ যেন যা হাতের মধ্যে আছে, তা আবিষ্কারের প্রাণান্ত চেষ্টা। অথচ বাংলাদেশ কোডের ৮ নম্বর ভলিউমের ৩৭০ থেকে ৩৮৬ পৃষ্ঠায় বিধৃত সাপ্রেশন অব ইম্মোরাল ট্র্যাফিক অ্যাক্ট, ১৯৩৩-এর ওপর নজর দিলেই দেখা যাবে যে সেখানে পতিতাবৃত্তি, পতিতালয় ইত্যাদি সম্পর্কে সংজ্ঞাসহ বিস্তারিত বিধান দেওয়া আছে। ওসব বিধান পুলিশ, বিচারক, উকিল—কেউই আমল করছে না। কোনো পতিতা যখন খরিদ্দার বা মক্কেল আকর্ষণের উদ্দেশে প্রকাশ্যে বিভিন্ন অঙ্গভঙ্গি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে ১৮৬০ সালের দণ্ডবিধির ২৯০ ধারায়; দণ্ডনীয় অপরাধ করেছে মর্মে উল্লেখ করে ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করে। সোপর্দিত আসামি দোষ স্বীকার করলে ম্যাজিস্ট্রেট জরিমানা করেন অনধিক ২০০ টাকা। আসামি তা পরিশোধ করে বেরিয়ে যায়। এ ক্ষেত্রে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও আসামির উকিল আমল করেন না যে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল অনুসারে, দণ্ডবিধির ২৯০ ধারার অপরাধের আসামিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না এবং ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুসারে তদ্রূপ অপরাধের কোনো মামলাও যথাযথ এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতি ব্যতিরেকে রুজু করতে পারে না। এটাও আমল করা হয় না যে পতিতা কর্তৃক মক্কেল আকর্ষণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ৭৪ ধারায়, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৮-এর ৭৬ ধারায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৮৫, রাজশাহী মহানগর পুলিশ আইন, ২০০৯, সিলেট ও বরিশাল মহানগর পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় এবং দেশের অবশিষ্ট এলাকায় সাপ্রেশন অব ইম্মোরাল ট্রাফিক অ্যাক্ট, ১৯৩৩-এর ৭ ধারায় দণ্ডনীয়। আইন আছে, আমল নেই বিধায় অনেকের মধ্যে এ ধারণা বদ্ধমূল যে পতিতাবৃত্তির জন্য লাইসেন্স দেওয়া হয় এবং পতিতালয়ের জন্য সরকার-নির্ধারিত এলাকা রয়েছে। প্রকৃতপক্ষে এমন ধারণা একেবারেই ভিত্তিহীন। পতিতাবৃত্তির জন্য কোনো লাইসেন্স কখনো দেওয়া হয়নি। পতিতালয়ের জন্য কোনো এলাকা কখনো কোনো সরকার নির্ধারণ করেনি। পতিতালয় রাখা বা ব্যবস্থাপনা করা বা ব্যবস্থাপনায় সহায়তা করা বা কোনো স্থানের ইজারাদার, ভাড়াটিয়া, দখলদার বা অধিকারী বা জমিদার বা ভাড়া প্রদানকারী কর্তৃক কোনো স্থান পতিতালয় হিসেবে ব্যবহারের অনুমতি বা সুযোগ প্রদান উপরোল্লিখিত আইনের ৪ ধারায় দণ্ডনীয় অপরাধ। অতএব সবার আমল করা দরকার যে অপরাধ সংঘটনের জন্য কোনো লাইসেন্স দেওয়া যায় না এবং কোনো এলাকাও কোনো সরকার নির্ধারণ করতে পারে না। আইন আছে, আমল নেই—এর আর এক উদাহরণ এই যে, ১৯৯২ সালের রাজশাহী মহানগর পুলিশ আইনের এবং ২০০৯ সালের সিলেট ও বরিশাল মহানগর পুলিশ আইনের ৭৭ ধারায় ‘বেশ্যাবৃত্তি’ শব্দ আছে, অথচ ওই সময়ের মধ্যে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৫ ধারায় ‘পতিতাবৃত্তি’ শব্দ ব্যবহার করা হয়েছে। ভেটিং করার সময় আইন মন্ত্রণালয় এবং পাস করার সময় মন্ত্রিপরিষদ ও জাতীয় সংসদ আমল করেনি বলে এমনটি হয়েছে। যথাসময়ে আমল করলে আইনে শব্দ ব্যবহারে এমন ভিন্নতা হওয়ার কথা নয়।