পত্রিকা এখন মঙ্গা শব্দটি লিখতে পারছে না: মতিয়া
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, অতি দারিদ্র্য নিরসনে কৃষি ও খাদ্য নিরাপত্তা ইতিবাচক সূচকের দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে পত্র-পত্রিকাগুলো এখন মঙ্গা শব্দটি লিখতে পারছে না। তিনি বলেন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকার পরিকল্পনামাফিক এগিয়ে চলছে।আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অতি দারিদ্র্য নিরসনে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাত: জাতীয় বাজেট ২০১১-১২’ শীর্ষ এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। দৈনিক যুগান্তর ও ব্র্যাক অ্যাডভোকেসি এ আলোচনার আয়োজন করে।মতিয়া চৌধুরী বলেন, বর্তমান যে জনসংখ্যা আছে তা যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া তেমন কোনো কঠিন কিছু হবে না এবং দারিদ্যও কমবে।গোলটেবিলে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহাজান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি এম মীর্জা আজিজুল ইসলাম, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম খালেদ, যুগান্তরের প্রকাশক ও সম্পাদক সালমা ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।