পত্রিকার বিরুদ্ধে জঙ্গিবাদ লালনের অভিযোগ তুললেন মুজাহিদ
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হককে ভেবেচিন্তে কথা বলতে বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তিনি দাবি করেছেন, জামায়াত কোনো সন্ত্রাসী দল নয়। জঙ্গিবাদের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। যেসব পত্রিকা জঙ্গিবাদের সঙ্গে জামায়াতকে জড়িয়েছে, বরং তারাই জঙ্গিবাদ লালনপালন করেছে।আজ বৃহস্পতিবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ এ কথা বলেন। সম্মেলনে জানানো হয়, ৩১ মে পানি, বিদ্যুত্, গ্যাসের দাবি ও টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে পল্টন ময়দানে সমাবেশ করবে জামায়াত।জামায়াতকে গণতান্ত্রিক দল দাবি করে তিনি বলেন, ‘এই দলে কোনো ব্যক্তি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে না। সবাই মিলেমিশে সিদ্ধান্ত নেয়। আমরা যা করি, জনগণকে সঙ্গে নিয়েই করি। কোনো সুস্থ মস্তিস্কের মানুষ বিশ্বাস করে না, জামায়াত একটি সন্ত্রাসী দল।’সম্প্রতি জেএমবির আমিরের গ্রেপ্তারের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মুজাহিদ বলেন, ‘আপনি যখন আওয়ামী লীগের নেতা ছিলেন, তখন আপনি এ ধরনের কথা বলতে পারতেন। কিন্তু এখন আপনি বাংলাদেশের মন্ত্রী। এখন আপনি ভেবেচিন্তে কথা বলবেন। আপনি যে জামায়াতের সঙ্গে জঙ্গিদের সম্পর্কের কথা বলেছেন, তাতে আসল জঙ্গিরা পার পেয়ে যেতে পারে।’সংবাদপত্রের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতীতে কয়েকটি পত্রিকা জঙ্গিবাদের সঙ্গে জামায়াতকে জড়িয়ে জঙ্গিবাদ লালনপালন করেছে। যারা জামায়াতের ঘাড়ে এই দোষ চাপিয়ে দিতে চান, তাঁরা এই অপচেষ্টা বন্ধ করুন।