পথ চিনিয়ে দেয় ‘দাল্লা বাহিনী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মক্কা ও মদিনার রাস্তাঘাটে চোখে পড়ে হলুদ-কমলা পোশাক পরা লোকজন। তাঁরা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। স্থানীয় লোকজন তাঁদের বলেন ‘দাল্লা বাহিনী’। এই পরিচ্ছন্নতাকর্মীদের বেশির ভাগই বাংলাদেশি। পবিত্র হজের সময় তাঁরা পথ হারানো হাজিদের পথ চিনিয়ে দেন এবং বিভিন্নভাবে সহায়তা করেন। এই কাজ হাসিমুখেই করেন বলে জানালেন তাঁদের একজন জাকির হোসেন।মক্কায় কথা হয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাকিরের সঙ্গে। ৩২ বছর বয়সী জাকির বলেন, ‘বাবার বয়সী বা বয়োবৃদ্ধ হাজিদের বাড়ি পৌঁছে দেওয়াকে সওয়াবের কাজ মনে করি।’ তিনিসহ কয়েকজন জানান, তাঁরা হাজিদের সুলভে কেনাকাটা, কম খরচে দেশে টেলিফোন করা—এসব বিষয়েও সহায়তা করেন।মক্কা ও মদিনার রাস্তা ও অলিগলি পরিচ্ছন্ন রাখা পরিচ্ছন্নতাকর্মীদের আরবিতে বলে বালাদিয়া। কাগজে-কলমে ওই প্রতিষ্ঠানের নাম আলওয়ান। জানা যায়, একসময় দাল্লায় বাংলাদেশিদের দাপট ছিল। এখন ভারতীয়রাও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। প্রতিটি এলাকায় ন্যূনতম ৫০ জন পরিচ্ছন্নতাকর্মী থাকেন। তবে এলাকাভেদে বা মসজিদুল হারাম এলাকায় পরিচ্ছন্নতাকর্মী বেশি থাকেন।মক্কার কাকিয়া এলাকায় দাল্লা ক্যাম্প ‘মক্কা সিটি ক্লিনিং প্রজেক্ট’-এ বাস করেন চার হাজার বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী। হজের সময় এ সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়। ওই ক্যাম্পে কাঁচাবাজার, দর্জির দোকান, সেলুন, কম্পিউটার, মোবাইল ফোন, হোটেল, কাপড়ের দোকানসহ প্রায় ২০০ দোকান রয়েছে। এখানে জিনিসপত্রের দাম বাইরের দোকানের তুলনায় কম। তাই বাংলাদেশি হজযাত্রীরা ও বাংলাদেশিরা এই ক্যাম্পে কেনাকাটা করেন।ছয় বছর ধরে পরিচ্ছন্নতাকর্মীর চাকরি করা জাকিরও থাকেন ওই ক্যাম্পে। কষ্টের কথা জানাতে তিনি বলেন, ‘দিনে আট ঘণ্টা কাজ করি, সাপ্তাহিক ছুটি এক দিন। কিন্তু বেতন মাসে মাত্র ২৫০ রিয়াল। এই অর্থে মাস চলে না। বাড়তি আয়ের জন্য মালামাল ওঠানো-নামানোসহ বিভিন্ন কাজ করি।’ তিনি জানান, ২০০৬ সালে বিয়ে করেছেন। বছরে তিন মাস ছুটি পান, কিন্তু বিমানের টিকিটখরচ নিজের। তাই দেশে যান না, প্রতিদিন ফোনে কথা বলেন।দাল্লা ক্যাম্পে কথা হয় আরেক বাংলাদেশি নরসিংদীর রায়পুরা উপজেলার মিজানের সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশি যুবক ভাইদের অনুরোধ করছি, তাঁরা যেন ন্যূনতম বেতন ৬০০ রিয়াল ও সরকারি নির্দেশনা মেনে বিদেশে আসেন।’ওই ক্যাম্পে পরিচয় হয় ভারতের কেরালা থেকে তিন মাস আগে আসা আমিরের সঙ্গে। তিনি জানান, ৬০ হাজার রুপি খরচ করে এসে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। বলে এনেছে ভালো কাজ দেবে। দেশে ফেরার উপায় না থাকায় এ কাজ করছেন।বাংলাদেশের অনেক হজযাত্রী ঢাকার হজ ক্যাম্পেই হজ-সম্পর্কিত বই পেয়েছেন। ফরিদপুরের তাম্বুলখানার কবির আল মামুন বলেন, ‘হজে আসার আগে অনেক বই-পুস্তক পড়েছি। ঢাকার আশকোনা হজ ক্যাম্পে বিনা মূল্যে পেয়েছি প্রথম আলোর হজ গাইড। তা সঙ্গে এনেছি। এ গাইডে হজের নিয়মকানুন ছাড়াও বেশ কিছু টিপস দেওয়া আছে, যা সৌদি আরবে সবার জন্য সহায়ক হয়েছে।’ তিনি হজযাত্রীদের এই হজ গাইডটি পড়ার অনুরোধ জানান।এ বছর বাংলাদেশ থেকে ৯৩ হাজারেরও বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করতে আসবেন। হজবিষয়ক আরও তথ্য জানতে পারবেন www.hajj.gov.bd ঠিকানায়।