দুটি নতুন অলিম্পিয়াডডিসেম্বর-জানুয়ারি মাসে আমাদের অনেক ব্যস্ততা থাকে গণিত অলিম্পিয়াড ঘিরে। সে জন্য দেশে শুরু হওয়া দুটি নতুন অলিম্পিয়াডের বিষয়ে আমরা খুব বেশি খোঁজ রাখতে পারিনি। এর মধ্যে একটি, বিজ্ঞানের অলিম্পিয়াড। শুরু করেছে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স। অন্যান্য দেশে সায়েন্স একাডেমিগুলো বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণার ক্ষেত্রে সরকারকে পরামর্শ দেওয়া থেকে শুরু করে নতুন প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করা এবং নিত্যনতুন গবেষণার মাধ্যমে নেতৃত্ব দিয়ে থাকে। আমাদের এই একাডেমির কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষ আসলে খুব কমই জানে। কয়েক বছর ধরে সংস্থাটি আমাদের তরুণ গবেষকদের লিন্ডাও নোবেল সম্মেলনে পাঠানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। কিছুদিন আগে তরুণ বিজ্ঞানীদের একটি কংগ্রেসেরও আয়োজন করেছে। বিজ্ঞান অলিম্পিয়াড তাদের নতুন কর্মকাণ্ডের মধ্যে সাড়াজাগানো হবে বলে আশা করা যায়। দেশের ১০টি স্থানে ৮ জানুয়ারি প্রথম পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াড হয়েছে। বিজ্ঞান অলিম্পিয়াডে সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ১০টি স্থানের বিজয়ীরা যোগ দিয়েছে ২২ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জাতীয় অলিম্পয়াডে। বিজ্ঞান অলিম্পিয়াডেও প্রশ্নোত্তর পর্ব, বিজয়ীদের পুরস্কার প্রদান এবং যথারীতি অলিম্পিয়াড ছিল। বিজ্ঞানের অলিম্পিয়াড আমাদের শিক্ষার্থীদের একটি দীর্ঘদিনের দাবি। বাংলাদেশ একাডেমি অব সায়েন্স সেই প্রত্যাশা পূরণে এগিয়ে এসেছে। তাদের অভিনন্দন। (বিজ্ঞান একাডেমির বিস্তারিত নিয়ে অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ একটি নিবন্ধ লিখেছেন ৬ ফেব্রুয়ারি, প্রথম আলোর মুক্তচিন্তা বিভাগে)।প্রাণরসায়নের অলিম্পিয়াডটি হয়েছে জানুয়ারির ৮ তারিখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। এটির কোনো বিভাগীয় বা বাছাইপর্ব ছিল না। সেই অলিম্পিয়াডের শেষ পর্বে যোগ দিতে পেরেছি। এই অলিম্পিয়াডটি নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম এটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ। পৃথিবীর অনেক দেশেই অলিম্পিয়াড কর্মকাণ্ডগুলো বিশ্ববিদ্যালয় আয়োজন করে। অলিম্পিয়াডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন, এটা পৃথিবীর প্রথম প্রাণরসায়ন অলিম্পিয়াড! ৩০টি প্রতিষ্ঠানের ১৮১ জন অংশ নিয়েছে সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে। পুরস্কার পেয়েছে মোট আটজন। এই অলিম্পিয়াডের প্রশ্নপত্র হয়েছে ইংরেজি ভাষায়। হয়তো সে কারণে বিজয়ীদের মধ্যে ঢাকার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের প্রাধান্য ছিল। দুই ক্যাটাগরির চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার হার্ডকোর ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।আরেকটি বিশেষ কারণে আমাদের এই অলিম্পিয়াডটি গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, বিশ শতকে ছড়ি ছিল আইনস্টাইনের নেতৃত্বে পদার্থবিজ্ঞানীদের হাতে। মহাকাশ, বিশ্বজগত্, নতুন নতুন ভৌত আবিষ্কার, চন্দ্রাভিযান সেই শতককে উন্মাতাল রেখেছে। আর একুশ শতকে সেই ছড়ি থাকতে পারে জীববিজ্ঞানীদের হাতে। অনেক বেশি খুশি হবেন ফ্রান্সিস, ক্রিক, মেন্ডেল কিংবা ডারউইন। তাদের সঙ্গে যুক্ত হবে তথ্যপ্রযুক্তির উন্মেষ। বায়োটেকনোলজি আর বায়ো-ইনফরমেটিকস হবে এই শতকের মূল চালিকাশক্তি। আমরা যদি বদলে দিতে চাই আমাদের ধান, আমাদের পাটকে, তাহলে খোলা বইয়ের মতো পড়ে ফেলতে হবে এদের জিন নকশা, খুঁজে পেতে হবে বদলের উপাদান, যাতে তাদের বদলে দেওয়া যায়। অর্থাত্ নিজেদের কর্তৃত্ব জাহির করতে হবে ডিএনএ প্রযুক্তির ওপর। এই খাতে তাই দরকার হবে মেধাবী শিক্ষার্থীদের। প্রাণরসায়ন অলিম্পিয়াড এই কাজটি করবে বলে আশা করা যায়।কথা প্রসঙ্গে প্রাণরসায়ন অলিম্পিয়াড আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জানালেন, গণিত অলিম্পিয়াডের সাফল্যই তাদের অনুপ্রাণিত করেছে শিক্ষা বিস্তারের এই অনানুষ্ঠানিক উদ্যোগটা গ্রহণ করতে। বায়োটেকনোলজিতে উন্নতি করতে হলে আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের এই অঙ্গনে আকৃষ্ট করা প্রয়োজন। এ ধারণা থেকেই এই অলিম্পিয়াড আয়োজনের সূচনা বলে জানালেন তিনি। ভবিষ্যতে এই অলিম্পিয়াডের পরিসর আরও বাড়ানো হবে বলে আশা করছেন আয়োজকেরা। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডকে সামনে রেখে দেশেও জীববিজ্ঞান অলিম্পিয়াড শুরু করা যায় কি না, তা নিয়ে ভেবে দেখবেন বলে কথা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন। উল্লেখ্য, ইতিমধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রাথমিক সদস্যপদ লাভ করেছে।ব্যাপ্তি বাড়বে গণিত অলিম্পিয়াডেরপ্রতিবছর বিভিন্ন স্থানের গণিত উত্সব আমাদের নতুন নতুন অনেক ভাবনার খোরাক দেয়। এবার আমাদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আসন স্বল্পতার জন্য সমসংখ্যক কিংবা কোথাও বেশিসংখ্যক শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারটি। ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আমরা এবারের উত্সবে অংশগ্রহণের সুযোগ দিতে পারিনি। কারণ কোথাও দু-তিন দিনের বেশি রেজিস্ট্রেশন চালু রাখা যায়নি! এমনকি ঢাকাতেও না, যেখানে এক হাজার ৪০০ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়!আমাদের এই সীমাবদ্ধতা নিয়ে আমরা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেছি। অনেকে এর সমাধান হিসেবে বাছাই অলিম্পিয়াড আয়োজনের পরামর্শ দিয়েছেন। মূল উত্সবের আগে একটা বাছাই পরীক্ষা নেওয়া এবং এর মাধ্যমে কেবল নির্দিষ্ট সংখ্যককে আঞ্চলিক পর্বে সুযোগ দেওয়া। এ বছর দিনাজপুর, ফেনী ও গোপালগঞ্জে স্থানীয়ভাবে বাছাইয়ের আয়োজন করা হয়েছে।বাছাইয়ের কারণে উল্লিখিত জেলার প্রতিযোগীদের আঞ্চলিক উত্সবে ভালো করতে আমরা দেখেছি। এখন আমরা যদি বিভিন্ন জেলা এবং দরকার হলে কয়েকটি বড় উপজেলায় এই বাছাইগুলো করতে পারি, তাহলে অনেক বেশি শিক্ষার্থীকে এই উত্সবে যুক্ত করা সম্ভব হবে। তবে এর সমস্যাও আছে। কারণ এসব বাছাই অলিম্পিয়াডগুলোতে উত্সবের আমেজ রাখা যাবে না। এগুলো কেবল একটি বাছাই পরীক্ষা হবে। ফলে উত্সবে যোগ দেওয়ার মাধ্যমে গণিতের নানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ সেখানে থাকবে না। ফলে আঞ্চলিক অলিম্পিয়াডের শিক্ষার্থীদের গড় অনেকখানি বৃদ্ধি পাবে বলে ধারণা করা যায়। তবে বাছাই অলিম্পিয়াডের এই প্রস্তাবনাটি গণিত অলিম্পিয়াড কমিটি বিবেচনা করবে বলে আশা করা যায়।দ্বিতীয় যে বিষয়টি এবার সামনে এসেছে তা হলো শিক্ষার্থীদের গণিতে দক্ষতা বৃদ্ধি। সাধারণভাবে এখন আমরা শিক্ষার্থীদের উত্সাহ, তাদের কাছে বই পৌঁছে দেওয়া আর সেই সঙ্গে আমাদের উত্সবের নতুন নতুন সমস্যা তুলে ধরার কাজটা করছি। উত্সবে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ব্যাপারে প্রশিক্ষণ বা কর্মশালার সুযোগ নেই। তবে আলাদাভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া যায়। বর্তমানে সিলেট, দিনাজপুর, কুষ্টিয়া, বরিশাল, নাটোর, নওগাঁ, চট্টগ্রামসহ কয়েকটি স্থানে কিছু প্রাতিষ্ঠানিক উদ্যোগ রয়েছে। কিন্তু সেগুলো খুবই সীমিত। বিভিন্ন স্থানে গণিত ক্যাম্পের পূর্বতন শিক্ষার্থীরাই এই প্যারালাল ম্যাথ স্কুলগুলো পরিচালনা করে। বেশ কয়েকটি গণিত ক্লাবও গড়ে উঠেছে। প্রতিবছর গণিত অলিম্পিয়াডের পক্ষ থেকে সেরা গণিত ক্লাব নির্বাচন করা হয়। তবে এই উদ্যোগ খুবই সীমিত। বিভিন্ন স্থানে আমাদের শিক্ষার্থীরা দাবি করেছে তারা প্রশিক্ষণ চায়।আমরা দুটি কর্মসূচির কথা ভাবছি—একটা হলো শিক্ষকদের জন্য প্রশিক্ষণ, আরেকটি হলো বিভিন্ন স্থানে গণিতের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের জন্য। দুটির জন্যই লোক আর অর্থ দুটোই দরকার। দরকার একটি বড় নেটওয়ার্কও। আমেরিকা প্রবাসী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সংগঠন ‘হূদয়ে বাংলাদেশ’-এর সহযোগিতায় আমরা বছর দুই আগে একটি শিক্ষক-শিক্ষার্থী কর্মসূচি পরিচালনা করেছিলাম, যার ফলাফল আশাব্যঞ্জক। ভবিষ্যতে হয়তো আরও বড় আকারে অনুরূপ কর্মসূচি পালন করা যেতে পারে প্রয়োজনীয় সহায়তা পেলে।গণিতের জন্য একটি দিনএর পাশাপাশি আমরা দেশের সব স্কুল ও কলেজের প্রতি পুনরায় আহ্বান জানাচ্ছি, যাতে তারা বছরের একটি দিনকে গণিতের জন্য নিবেদন করে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে একটি দিন থাকে ক্রীড়া প্রতিযোগিতার জন্য, একটি দিন থাকে বিতর্কের জন্য, একটি দিনে হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সে রকম একটি দিন হতে পারে গণিতের জন্য। সেই দিন শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তকের বাইরের কিছু সমস্যার সমাধান করতে শিখবে, জানবে বিশ্বখ্যাত গণিতবিদদের জীবনী ও তাদের কাজ। স্কুলগুলো তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে ঝুলিয়ে দিতে পারে কিছু অমীমাংসিত গাণিতিক সমস্যা, যা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে মনোজগতের যৌক্তিক কাঠামো গড়ে তুলতে।স্বপ্নপূরণের পথে২০১০ সালের মধ্যে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে পদক প্রাপ্তির আমাদের প্রথম স্বপ্ন পূরণ হয়েছে এক বছর আগে। কিন্তু তাতে আমাদের আত্মতৃপ্তির অবকাশ নেই। কারণ আমাদের পাড়ি দিতে হবে অনেক পথ। একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য আমাদের বদলে দিতে হবে অনেক কিছু। আর জ্ঞানজগতে বদলের শক্তিই হলো গণিত ও বিজ্ঞান। সেখানে তাই লাগবে আমাদের দক্ষতা।সবার সেকেন্ড ডিফারেনশিয়াল নেগেটিভ হোক।