পথ ভুলে সাংসদ ও ডিসি ভারতে!
বন্যার্তদের মাঝে নদীপথে ত্রাণ বিতরণ করতে গিয়ে কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী, জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরাম্যান নাজমুল হোসেন ভারতে ঢুকে পড়েন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের পরিচয় পেয়ে বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দেয়। কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর সীমান্তে উল্টো দিকে ভারতের মসলাবাড়ী সীমান্তে আজ সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।সাংসদ, ডিসি ও বিটিভির ক্যামেরাম্যান দাবি করেন, ভারত-বাংলাদেশের ওই সীমান্ত পানিতে ডুবে যাওয়ায় তাঁদের বহনকারী স্পিডবোটের চালক ভুলে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে।সাংসদ, ডিসিসহ কয়েকজন সকালে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ঘাট থেকে স্পিড বোটে ওঠেন। তাঁদের গন্তব্য ছিল নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরের দিকে।বিটিভির ক্যামেরাম্যান নাজমুল প্রথম আলো ডটকমকে বলেন, যাত্রাপুর থেকে নারায়ণপুর পর্যন্ত পুরো এলাকা বন্যার পানিতে ডুবে আছে। ভারতের আসাম সীমান্ত-সংলগ্ন এই এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত বোঝার কোনো উপায় নেই। তিনি দাবি করেন, একপর্যায়ে তাঁদের বহনকারী বোটটি ভুলে ভারত সীমান্তের ভেতরে চলে যায়। আসাম রাজ্যের ধুপরী জেলার মসলাবাড়ী বিএসএফের একটি টহল দল তাঁদের থামাতে বলে। তাঁরা থামলে পরিচয় জানতে পেরে পথ দেখিয়ে দেয় বিএসএফ।বিজিবির কুড়িগ্রাম ৪৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর ইকবাল প্রথম আলো ডটকমকে বলেন, বন্যায় দুই দেশের সীমান্ত এলাকা ডুবে গেছে। সাংসদ, ডিসি ভারতীয় সীমান্তে ঢুকে গেছে খবর পাওয়ার পর বিএসএফের ২২ ব্যাটালিয়নের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচয় জানার পর বিএসএফ তাঁদের ছেড়ে দেয়।কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় পানি পথে এমন হয়েই থাকে। বিজিবি যথেষ্ট সহযোগিতা করেছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে সাংসদ মো. জাফর আলী বলেন, ‘বন্যার সময় এমন হতে পারে। তবে কোনো সমস্যা হয়নি।’