পথ হারিয়েছে পথিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকারের ভিড়ে ফুটপাতে হাঁটা দায়। গুলিস্তান, ফুলবাড়িয়ার পথচারীরা এটা হাড়ে হাড়ে টের পায়। গুলিস্তান শপিং কমপ্লেক্সের পাশ দিয়ে আবার ভিড়ভাট্টা ঠেলে ফুটপাতে হাঁটারও উপায় নেই। কেননা, গুলিস্তান শপিং কমপ্লেক্স আর গুলিস্তান আন্ডারপাসের মধ্যে থাকা সুদৃশ্য ইট বাঁধানো ফুটপাত টিনের একটি বেড়া দিয়ে বন্ধ রাখা হয়েছে। বেড়ার দুই পাশে গজিয়ে উঠেছে দুটি ব্যাগের দোকান। তাই পথচারীদের চলতে হয় আন্ডারপাসের পাশে রাস্তার ওপর দিয়ে। তবে সেখানে আবার রাস্তার একদিকে আছে যানবাহন, অন্যদিকে নতুন টাকার দোকান। প্রায়ই এখানে যান আর জনতার জটলা লেগেই থাকে। যে শহরের ফুটপাতে পথচারীর হাঁটার কোনো সুযোগ নেই, সেখানে ভ্রাম্যমাণ আদালত পথচারীদের ফুটপাতে চলতে বাধ্য করবেন কীভাবে, এমন প্রশ্ন অনেক পথচারীর মনে।একই কথা খাটে জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাসের বেলায়। কেননা, ভ্রাম্যমাণ আদালত নামার আগে কি জেব্রা ক্রসিং থেকে মুছে যাওয়া সাদা ডোরায় নতুন রং লাগানো হয়েছে? হকার, ছিনতাইকারী, ভিক্ষুক, বখাটে, ভবঘুরের ভিড় কমেছে ফুটওভারব্রিজ থেকে? কিংবা ফুটওভারব্রিজে রাতের বাতি লাগানো হয়েছে, ঝাঁড়ুর ছোঁয়া লেগেছে এগুলোতে? নগরের তিনটি আন্ডারপাস কি ১ নভেম্বরের আগে হয়ে উঠবে পথচারী-বান্ধব?ভ্রাম্যমাণ আদালত নামার আগে পায়ে চলা নগরের সব পথ যদি নিষ্কণ্টক আর নিষ্কলুষ হয়ে যায়, তবেই না নিয়ম না মানলে পথচারীকে দায়ী করা যাবে, এমন মন্তব্য করেন বনশ্রীর বাসিন্দা জহিরুল হক। সড়কে আদালত নামানোর ভয় দেখিয়ে নগরের পথিকদের যারা চোখ রাঙানো বিজ্ঞাপন দিচ্ছে পত্রিকার পাতায়, সেই বিআরটিএ এ নিয়ে কী ভাবছে? জানা যাক, এর পরিচালক (ইনফোর্সমেন্ট) তপন কুমার সরকারের ভাষ্যে, পথচারীদের চলার পথ হকারমুক্ত করার দায়িত্ব ডিএমপি ও ডিসিসির। আবার ফুটপাত, ফুটওভারব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং পরিচ্ছন্ন, সংস্কার ও উন্নয়ন করার দায়িত্ব ডিসিসির। এসব কাজ করার জন্য ডিএমপি ও ডিসিসিকে চিঠি দেওয়া হয়েছে।তবে নগরের ফুটপাত থেকে ঈদুল আজহার আগে যে হকারদের সরানো হবে না, সেটা জানা গেছে ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার সফিকুর রহমানের সঙ্গে কথা বলে। তিনি বলেন, পুলিশ মূলত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ করে। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, ঈদুল আজহা পর্যন্ত ফুটপাতে হকাররা ব্যবসা করতে পারবে। তাই হকার উচ্ছেদে পুলিশ আপাতত কিছু করতে পারবে না।হকার উচ্ছেদ বন্ধ রাখলেও ১ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত নামার আগেই নগরের বিভিন্ন মোড়ে মাইক নিয়ে বসেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। তাতে বলা হচ্ছে, পথচারীরা যাতে রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ ব্যবহার করে।এদিকে পথচারীদের চলার পথ মসৃণ করতে ফুটপাত, ফুটওভারব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং পরিচ্ছন্ন, সংস্কার ও উন্নয়ন করতে ডিসিসি বিশেষ কোনো কার্যক্রম চালাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়। এ বিষয়ে ডিসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী বোরহান উদ্দিন জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ডিসিসি কিছু কাজ করে যাচ্ছে। এর মধ্যে কোনো কোনো জেব্রা ক্রসিংয়ে রং দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।