পথচারীকেও আইনের আওতায় আনতে হবে
চিত্রনায়ক ও চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই (নিসচা)সড়ক দুর্ঘটনা রোধে প্রচলিত আইনের সংশোধন কিংবা বিশেষ আইন প্রণয়নের যে কথাটি বর্তমানে আলোচিত হচ্ছে, তার সঙ্গে আমি একমত। কিন্তু ঘাতক-চালককে শাস্তি দান বা বাড়ানোই তো সমস্যার সম্পূর্ণ সমাধান নয়। সড়ক দুর্ঘটনা রোধ করতে চাইলে এর সঙ্গে আরও অনেক বিষয়ে নজর দিতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো: পথচারীকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং তাদেরও আইনের আওতায় আনতে হবে। সেতু সড়কগুলোকে ঝুঁকিমুক্ত করতে হবে, রোড লাইনগুলো ঠিকঠাক প্রদর্শন করতে হবে, হাইওয়ের পাশে গরু-ছাগল বাঁধা যাবে না। ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন (কিংবা অবৈধ পন্থায় সংগৃহীত লাইসেন্স) গাড়ির চলাচল ঠেকাতে হবে। রাস্তা পারাপারের সময় মুঠোফোনে কথা বলা যাবে না। অর্থাত্ নিরাপদ সড়ক বা নিরাপদ পথ চলাচল নিশ্চিত করার জন্য যা যা দরকার, সবকিছু করতে হবে। ‘নিরাপদ সড়ক মানে দুর্ঘটনামুক্ত সড়ক’।তবে সবকিছুর ওপর সরকারের সদিচ্ছা ও কঠোর পদক্ষেপ দরকার। কোনো আন্দোলন ছাড়া সরকারের একক ইচ্ছায় দেশে পলিথিন উত্পাদন ও পরীক্ষায় নকলের মহোত্সব থামেনি। সড়ক দুর্ঘটনা রোধের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।দেশে যানবাহন ও চালকের সংখ্যা বাড়ছেই। সরকার যদি প্রতিবছর একটি নির্দিষ্ট সংখ্যক বেকার যুবকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা খরচ প্রদান করে একবার ড্রাইভিং ট্রেনিং এবং একটি লাইসেন্স দেয়, তাহলেও আমি মনে করি, সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে। একই উদ্দেশ্যে ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটগুলোর ট্রেনিং কার্যক্রম এবং চালকদের যথাযথ পন্থায় লাইসেন্স দেওয়া হচ্ছে কি না, তা মনিটর করা যেতে পারে। সরকারের যদি ট্রাফিক পুলিশের স্বল্পতা থাকে, তবে সরকার চাইলে অন্তত পাঁচ বছরের জন্য কমিউনিটি পুলিশের ব্যবস্থা চালুর প্রকল্প গ্রহণ করতে পারে। বিদেশে দেখেছি, বাচ্চাদের স্কুলে ট্রাফিক আইন শেখানো হচ্ছে। আমাদের দেশেও এ দূরদর্শী কার্যক্রম চালু করা যেতে পারে। সড়ক দুর্ঘটনা রোধে আমি মনে করি, এ কার্যক্রম ভবিষ্যতে খুবই ইতিবাচক ফল দেবে।এখানে আমার জীবনের একটা বিশেষ ঘটনার উল্লেখ না করে পারছি না। ১৯৮৯ সালের ৪ সেপ্টেম্বর শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আমি গুরুতর আহত হই। চিকিত্সকেরা বলেছিলেন, ‘হাত-পা কেটে ফেলতে হবে।’ কিন্তু সিঙ্গাপুরে চার মাস চিকিত্সার পর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসি। ঘটনাটি উল্লেখ করলাম এটা বোঝাতে যে সড়ক দুর্ঘটনা-পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে, দেশের বিদ্যমান চিকিত্সা-পদ্ধতি, বিশ্বাস ও সংস্কারের প্রতিও সরকারের বিশেষ নজর দেওয়া উচিত। এ ছাড়া দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিত্সা প্রদানে চিকিত্সকদের আন্তরিক হতে হবে। আমার দৃষ্টিতে সচেতনতার দুটো ধাপ: ১. মুখ দিয়ে বলা, ২. না শুনলে শাসন করা। আমরা তো শুধু মুখে বলতে পারি, কিন্তু শাসন করতে পারি না। সেই ক্ষমতা একমাত্র সরকারের হাতে। সড়ক দুর্ঘটনার এখন যে বিভীষিকাময় রূপ, তা সরকার না চাইলে কিছুতেই কিছু হবে না।