পথচারীর মৃত্যু, ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ
বাস চাপায় পথচারীর মৃত্যুর জের ধরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক আজ রোববার এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এ সময় উত্তেজিত এলাকাবাসী একটি বাস ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের নিমতলী এলাকায় ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাস আজ বেলা পৌনে ১১টার দিকে এক নারী পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ইলিশ পরিবহনের আরেকটি বাস ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা বাসটি ভাঙচুর এবং তাতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ কারণে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের নিমতলী এলাকা অবরোধ করে যান চলাচল বন্ধ রাখে স্থানীয় জনতা। সহকারী পুলিশ সুপার (লৌহজং সার্কেল) মোহাম্মদ সাইফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।