কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজন করেছে ‘বাংলাদেশ পথনাটক উৎসব’। সপ্তাহব্যাপী এই উৎসব শেষ হচ্ছে আজ। উৎসব নিয়ে কথা হলো সংগঠনটির সভাপতি মান্নান হীরার সঙ্গে।‘বাংলাদেশ পথনাটক উৎসব’ কত দিন ধরে আয়োজন করছেন?আমরা প্রথম এই উৎসব আয়োজন করেছিলাম ২০০১ সালে। এরপর প্রতিবছর ১ থেকে ৭ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়মিত এই আয়োজন করছি। এবার উৎসবের অন্য রকম বিশেষত্ব হলো, পথনাটকের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন করছি। সারা দেশ থেকে ৫০টি নাটকের দল অংশ নিয়েছে উৎসবে। তাদের সবার নাটকেই ব্যাপারটি প্রাধান্য পেয়েছে।প্রতিবছর এ ধরনের উৎসব আয়োজনের কারণ কী?সারা দেশে বিচ্ছিন্নভাবে অনেকেই পথনাটক করছে। যারা নিয়মিত এই চর্চা করছে এবং যারা নতুন এসেছে, তাদের সবার নাটককে আমরা একটি মঞ্চে নিয়ে আসছি। ঢাকার দর্শক ও নাট্যকর্মীরা সারা দেশের পথনাটকগুলো একই মঞ্চে দেখতে পারছে। পথনাটকের ব্যাপারে সবার একটি ধারণা তৈরি হচ্ছে। পথনাটকের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলছি এবং যুদ্ধাপরাধীদের বিচার দাবি করছি। গণতন্ত্রের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র হচ্ছে, তার এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের স্বরূপ তুলে ধরছি। পথনাটকের মধ্য দিয়ে দর্শকদের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে।এবার কতগুলো নতুন পথনাটক মঞ্চস্থ হলো?২০টি। প্রতিদিন ঢাকা ও ঢাকার বাইরের দলের নতুন ও পুরোনো মিলিয়ে সাতটি পথনাটকের প্রদর্শনী হয়েছে। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন—বিশ্বকাপ ক্রিকেটের কারণে ভেবেছিলাম এবার তেমন দর্শকসমাগম হবে না। কিন্তু ঘটেছে উল্টোটি। প্রতিদিন কয়েক হাজার দর্শক বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত নাটকগুলো উপভোগ করেছে।বাংলাদেশ পথনাটক পরিষদ সামনে কী পরিকল্পনা করছে?ডেইলি স্টার পত্রিকার সহযোগিতায় শিগগিরই দেশের ৩০টি জেলায় ‘পথনাটক নির্মাণ ও রচনাকৌশল’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হবে। পাশাপাশি থাকবে উৎসব। এ ছাড়া রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আমরা দেশের সব কটি নাটকের দলের কাছেই আহ্বান জানিয়েছি, ‘আপনারা রবীন্দ্রনাথের কবিতা ও ছোটগল্প থেকে পথনাটক তৈরি করুন।’ তা হলে সামনে পথনাটকে একটি নতুন মাত্রা যুক্ত হবে।