পথসভা সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় বুধবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচি উপলক্ষে নির্ধারিত ছয়টি পথসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি।আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১৮-দলীয় জোটের শরিক দলগুলোর মহাসচিবদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ সহযোগিতা চান বিএনপির মুখপাত্র তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইতিমধ্যে ছয়টি পথসভার অনুমতি পেয়েছি। এ কর্মসূচি সফল করতে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই।’ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে জনমত গড়ার লক্ষ্যে বুধবার বেলা ১১টায় রাজধানীর গাবতলীতে পথসভার মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করবেন খালেদা জিয়া। এরপর কারওয়ান বাজার, ধোলাইখাল, যাত্রাবাড়ী, সবুজবাগ ও বাড্ডায় পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে। এ ছাড়া দেশের সাত মহানগরেও বিএনপি ও জোটের নেতারা গণসংযোগ করবেন। গত ২৮ নভেম্বর নয়াপল্টনে ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে খালেদা জিয়া এ কর্মসূচি দেন।সরকারের সহযোগিতা চেয়ে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপ্রিয় কর্মসূচি পালন করতে গেলেও পুলিশ বাধা দেয়। মানববন্ধন হচ্ছে নিরামিষ কর্মসূচি, সে কর্মসূচিতেও সরকারের কেন এত ভয়, আমরা বুঝতে পারি না।’ গণসংযোগ কর্মসূচি শেষে জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে জানান তিনি। তরিকুল ইসলামের সভাপতিত্বে মহাসচিব পর্যায়ের ওই বৈঠকে বিএনপির রুহুল কবির রিজভী ও আবদুস সালাম, জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও শফিকুল ইসলাম, বিজেপির শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, এলডিপির রেদোয়ান আহমেদ, ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।