তিনি ছিলেন নারীমুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। কেবল এ ক্ষেত্রেই তাঁর কর্মপরিধি সীমাবদ্ধ নয়। জাতীয় জীবনের বিভিন্ন সংকটে-সংগ্রামে তিনি অংশ নিয়েছেন। অকুতোভয়ে অন্যায়-অবিচারের প্রতিবাদে সোচ্চার হয়েছেন। ‘জননী সাহসিকা’ বলে সর্বজনশ্রদ্ধেয় হয়ে উঠেছিলেন ছোটখাটো গড়নের মানুষটি। তিনি কবি সুফিয়া কামাল। গতকাল জন্মশতবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো তাঁকে।আলোচনা, স্মারক বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হলো সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী। বিভিন্ন সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছিল।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালের শততম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘সুফিয়া কামাল: নারীমুক্তি ও সমাজপ্রগতির ব্রতযাত্রায়’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন রবীন্দ্র-গবেষক আহমদ রফিক।স্মারক বক্তৃতায় নারীমুক্তির সংগ্রামে সুফিয়া কামালের ভূমিকা তুলে ধরে আহমদ রফিক বলেন, তিনি ছিলেন সৎ, নির্ভীক, নির্ভরযোগ্য মানবতাবাদী ও সমাজবাদী নেত্রী। নর-নারীর সম-অধিকার এবং প্রত্যেক মানুষের মানবীয় মর্যাদায় বিশ্বাসী ছিলেন তিনি।আহমদ রফিক আরও বলেন, সত্যি বলতে কি, পুরুষশাসিত সমাজের একদেশদর্শী চরিত্র এখনো বহাল তবিয়তে আর নারী নির্যাতন প্রবল উপদ্রবে বিরাজমান। নারী-পুরুষের সুস্থ, সমন্বিত জীবনধারা কিছু ব্যতিক্রম বাদে স্বপ্নই রয়ে গেছে। এ দেশে নারী আন্দোলনকে লক্ষ্যে পৌঁছাতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, এ ক্ষেত্রে আত্মপ্রসাদের সুযোগ নেই। নব্বইয়ের দশক থেকে দেশে শাসনব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে নারী নেতৃত্ব সত্ত্বেও নারীমুক্তি-নারী স্বাধিকার কতটা অর্জিত হয়েছে, নারী নির্যাতন এবং সমাজে শ্রেণীবৈষম্য কতটা কমেছে, ভেবে দেখার বিষয়। ধর্মীয় রক্ষণশীলতা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপসংস্কৃতির বিস্তার—এসবের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিবাদ করে গেছেন সুফিয়া কামাল। আজ তিনি নেই, তাই তাঁর অনুসারী যোদ্ধাদের দায় অনেক বেশি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম। অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, সাংগঠনিক সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে প্রয়াত বিচারপতি কে এম সোবহানকে মরণোত্তর ‘কবি সুফিয়া কামাল সম্মাননা’ দেওয়া হয়।এর আগে বাংলাদেশ মহিলা পরিষদে সুফিয়া কামালের বহুমুখী কর্মকাণ্ডভিত্তিক ‘চিরঞ্জীব সুফিয়া কামাল’ শীর্ষক খণ্ডচিত্র প্রদর্শন করা হয়। এতে নারী আন্দোলন, নারীমুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে কবি সুফিয়া কামালের সংগ্রামমুখর জীবনের ছবি ফুটে ওঠে।কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত-শিল্পী ইফফাত আরা দেওয়ান। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র অবলম্বনে জীয়নকাঠির প্রযোজনায় একক অভিনয় করেন ফেরদৌসি আবেদীন।কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শিল্পকলা একাডেমী। এ ছাড়া কবির শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ নারীমুক্তি আন্দোলন, দক্ষিণ বাংলা যুব কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন।