কারওয়ান বাজার পাতালপথের (আন্ডারপাস) পূর্ণিমা প্রেক্ষাগৃহ প্রান্তের সিঁড়ি দিয়ে নামতেই শক্ত করে ছেলের হাত ধরলেন এক বৃদ্ধা। কারণ, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। সিঁড়ি বেয়ে নিচে নেমে বাধল আরেক বিপত্তি। বৃষ্টির পানি জমে আছে নিচে। কোনোরকমে কষ্ট করে মাকে নিয়ে পানিটুকু পার হলেন। ‘এমুন আন্ধারে কী হাঁটা যায়? হাতড়ায়ে হাতড়ায়ে হাঁটতে হয়।’ কারওয়ান বাজার পাতালপথ সম্পর্কে এই মন্তব্য করেন সাইফুল ইসলাম নামের এক পথচারী।নগরের ব্যস্ততম এলাকার একটি হচ্ছে কারওয়ান বাজার মোড়। এখানে কাজী নজরুল ইসলাম এভিনিউতে উড়ালসেতু নেই। সড়ক পারাপারে পথচারীদের একমাত্র ভরসা কারওয়ান বাজারের পাতালপথ। রক্ষণাবেক্ষণের অভাবে এটি হাঁটার অনুপযোগী হয়ে উঠেছে। তবু প্রতিদিন হাজার হাজার পথচারী বিরক্তি নিয়ে ব্যবহার করছে এটি। বিদ্যুৎ চলে গেলে পাতালপথের ভেতরে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। অন্ধকার থাকায় একজন আরেকজনের সঙ্গে ধাক্কা খায়। আবার আছড়ে পড়ার ভয়েও সাবধানে পা ফেলতে হয়। অন্ধকারে নারীদের দুর্ভোগটা আরও বেড়ে যায়। ‘এত টাকা খরচ করে এটা তৈরি করেছে, অথচ বিদ্যুতের বিকল্প কোনো ব্যবস্থা করতে পারে না। বিদ্যুৎ চলে গেলে ভেতরে কী অবস্থা হয়, সেটা কল্পনার বাইরে।’ বলছিলেন আবদুস সাত্তার নামের একজন বিমা কর্মকর্তা। তিনি সড়ক পার হতে দিনে দুবার এই পাতালপথ ব্যবহার করেন। তিনি জানান, জমে থাকা পানিতে জুতা-মোজা ভেজানোর অভিজ্ঞতাও তাঁর হয়েছে।ঘুরে দেখা গেছে, পাতালপথের সিঁড়ির কোনো কোনো ধাপ ক্ষয়ে গেছে। এতে প্রায়ই পিছলে পড়তে হয় পথচারীদের। বিশেষ করে, বৃষ্টি হলে পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা খুব বেশি। কোনো ধাপের ইট উঠে গেছে। আবার সামান্য বৃষ্টিতে পাতালপথের নিচু অংশে পানি জমে যায়। এতে পথচারীদের বিপদে পড়তে হয়। পানিতে ইট ফেলে লোকজন চলাচল করে। আবার কেউ কেউ ব্যাঙের মতো লাফিয়ে পানির অংশটুকু পার হয়। পাতালপথের দেয়ালে বিভিন্ন পোস্টার সাঁটানো দেখা গেছে। দেয়ালের গায়ে পোস্টারের আঠা, পানের পিক ও থুতু লেগে আছে। দুর্গন্ধ ও ধুলার হাত থেকে বাঁচতে নাকে-মুখে রুমাল দিয়ে চলাফেরা করছে কেউ কেউ। শুকনোর সময় ধুলার প্রকোপে অনেককে কাশতে দেখা গেছে। তাই সতর্ক ব্যক্তিরা পাতালপথ পার হওয়ার সময় রুমাল কিংবা মুখোশে নাক-মুখ ঢেকে রাখেন।পাতালপথের আম্বরশাহ মসজিদ প্রান্তের সিঁড়ির ওপরের অংশ সব সময়ই ভবঘুরে আর ছিন্নমূল ব্যক্তিদের দখলে থাকে। দিনের বেলা পাতালপথের মুখে ফেরিওয়ালাদের দেখাও মেলে। আবার সিঁড়ির নিচে বৃষ্টির পানি জমে থাকায় (সমান জায়গা হওয়ায় বোঝা যায় না) প্রায়ই পিছলে পড়ে পথচারীরা। এত দুর্ভোগের সঙ্গে সম্প্রতি আবার যোগ হয়েছে শব্দদূষণ। এখানে দুটি দোকান স্থায়ীভাবে তৈরি করা হয়েছে। দোকানগুলোয় সব সময় উচ্চ শব্দে গান বাজানো হয়। এ প্রসঙ্গে ফোর আর টেলিকম অ্যান্ড স্টেশনারি নামের একটি দোকানের একজন কর্মী জানান, তাঁর মামা দোকানটি ডিসিসির কাছ থেকে ইজারা নিয়েছেন।দোকান দুটির ছাদ দেওয়া হয়েছে পাতালপথে আলো ঢোকার জায়গায়। সেই জায়গা ইজারা দিয়ে পাতালপথের অন্ধকার বাড়ানো হলো কেন জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সম্পত্তি বিভাগের কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) খলিল আহমেদ বলেন, পাতালপথের দোকান দুটির জন্য পথচারী চলাচলে সমস্যা হচ্ছে। এগুলোর বরাদ্দ বাতিল করার জন্য প্রতিবেদন দেওয়া হয়েছে। বরাদ্দ বাতিল করা হলেই উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।অন্যদিকে ডিসিসির অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিম বলেন, ‘ভেতরে পানি খুব বেশি জমে না। তার পরও খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।’