এক হাতে কাপড়ের কোনা, আরেক হাতে স্কুলপড়ুয়া সন্তানের হাত। এভাবে ধনিয়া রোডে চলতে দেখা গেল অনেক অভিভাবককে। কেননা সড়কের জায়গায় জায়গায় জমে আছে পানি। কোথাও আবার থকথকে কাদা।ঘুরে দেখা গেছে, ধোলাইরপাড় থেকে ধনিয়া হয়ে কদমতলা পর্যন্ত যাওয়া ধনিয়া রোডের পুরোটাই ভেঙেচুরে একাকার হয়ে আছে। সড়কটির সংস্কার ও উন্নয়নকাজে এগিয়ে আসছে না কর্তৃপক্ষ। তাদের কাছে অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন এলাকাবাসী। তাই পথের ভোগান্তিকে নিয়তি হিসেবেই ধরে নিয়েছেন তাঁরা। ধনিয়ার একাধিক বাসিন্দা জানান, ছেলেমেয়েদের স্কুলে যেতে হয় রিকশা থেকে নেমে হেঁটে। রিকশা উল্টে পড়ে যায় মাঝেমধ্যেই।ধনিয়ার কুদরত আলী বাজার সড়কের বাসিন্দা জসিম উদ্দিন জানান, বৃষ্টি হলেই পানি জমে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পথচারীদের নাকানি-চুবানি খেতে হয়। গত সপ্তাহেও ভাঙা রাস্তায় অনুমান করে পা দিতে গিয়ে এক বৃদ্ধ পানিতে পড়ে গিয়েছিলেন। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। সড়কের আংশিক যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে যানজট লেগে থাকে সব সময়।ধোলাইরপাড় ১ নম্বর গলির বাসিন্দা ইদ্রিস জানান, গলির মুখে বসা বাজারটি অবৈধ। এর পাশ দিয়ে বয়ে গেছে খাল। এর ওপর কালভার্ট হওয়ার কথা থাকলেও তা করা হয়নি। কিছুদিন পরপরই রাস্তা কেটে নর্দমার বর্জ্য খালে নেওয়া হয়। এভাবে তৈরি হচ্ছে জনদুর্ভোগ।বেহাল ধনিয়া রোড সংস্কার করা হচ্ছে না কেন জানতে চাইলে ধনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, সড়কটি খারাপ থাকায় এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কটি দুটি সংসদীয় এলাকার মধ্যে পড়েছে। স্থানীয় দুই সাংসদ নজর দিলেই রাস্তাটি উন্নয়নের মুখ দেখতে পাবে বলে তিনি মনে করেন।বেহাল ধনিয়া রোডের কথা জানাতে অভিযোগ নম্বর: ৭৪৪১৯১৩ (সার্কেল অফিসার, তেজগাঁও সার্কেল)।