মিরপুরের সাংসদ কামাল আহমেদ মজুমদারের পক্ষে এবার ছাত্রছাত্রীদের রাস্তায় নামানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মনিপুর উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীকে ‘কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী’দের বিচার চেয়ে আয়োজিত মানববন্ধনে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিভাবকেরা অভিযোগ করেছেন।শিক্ষাপ্রতিষ্ঠানটির বিরুদ্ধে কথিত অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অনেক বহিরাগতকে নিয়ে আসা হয়। তাঁদের অনেকেই মানববন্ধনের কারণ পর্যন্ত জানতেন না বলে প্রথম আলোকে বলেছেন। স্কুলের নিচু শ্রেণীর অনেক শিশু শিক্ষার্থীকে প্রস্তুতিসহ দীর্ঘ সময় মানববন্ধনে আটকে রাখা হয়।শিক্ষার্থীরা জানায়, শিক্ষকেরা তাদের বলেছিলেন, মানববন্ধনে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কিন্তু তাদের অনেকেই এ মানববন্ধনের কারণ জানত না। গতকাল দুপুরে মিরপুর ২ নম্বরে মনিপুর উচ্চবিদ্যালয়ের মূল প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, শিক্ষকদের বসার কক্ষের নোটিশ বোর্ডে এক নোটিশে তিন শাখার শিক্ষক-কর্মচারী এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মানববন্ধনে যোগ দিতে বলা হয়েছে। অধ্যক্ষের সই করা ওই নোটিশে বলা হয়, স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের প্রতিবাদে ‘আদিষ্ট হয়ে’ এ মানববন্ধনে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে।
জানতে চাইলে মূল শিক্ষাপ্রতিষ্ঠান এবং এর শেওড়াপাড়া শাখার একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ কামাল মজুমদারের নির্দেশেই এই মানববন্ধন হয়।তবে শিক্ষায়তনটির পরিচালনা কমিটির সভাপতি সাংসদ কামাল মজুমদার এ বিষয়ে কিছু না জানার কথা বলেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মানববন্ধন সম্পর্কে আমি কিছুই জানি না। কেউ শিশুদের রাস্তায় নামালে সেটা অন্যায়। তবে কেউ চায় না, বিদ্যালয়টি ধ্বংস হোক। অভিভাবকেরা প্রতিবাদ করলে সেটা কি অন্যায়?’শিক্ষার্থীদের জোর করে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’গতকাল বিদ্যালয় ছুটির পর বেলা দুইটার দিকে মিরপুর ১০ নম্বর থেকে শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে রোকেয়া সরণির একপাশ জুড়ে শত শত ছাত্রছাত্রীকে মানববন্ধনে অংশ নিতে দেখা যায়।মানববন্ধনের ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের সম্মানিত সভাপতি কামাল আহমেদ মজুমদার এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার চাই।’মানববন্ধনে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বস্তিবাসী, আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, দিনমজুর, দোকানদার ও শ্রমিক এমনকি বাসাবাড়ির গৃহকর্মীদেরও জড়ো করা হয়। তাঁদের অনেকে নিজেদের অভিভাবক হিসেবে দাবি করেন।আবদুর রব নামে মানববন্ধনে যোগ দেওয়া এক ব্যক্তি বলেন, তিনি মিরপুর ১০ নম্বরে একটি মার্কেটে চাকরি করেন। তাঁকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে। কেন দাঁড়িয়েছেন, সে ব্যাপারে তিনি কিছু জানেন না।মিরপুর ১৪ নম্বরের আনন্দ রোডের গৃহকর্মী কোকিলা বেগম বলেন, ‘এক আফা আমারে টেহা দেওয়ার কথা বইল্যা এহানে নিয়া আইছে।’সত্তরোর্ধ্ব মুসলিম আলী বলেন, ‘মুই ফেরি কইরা মোওয়া বেচি। পাশের বাড়ির মোবারক মোরে লইয়া আইছে। কেন আনছে তা মুই জানি না।’কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলে, ‘স্যাররা জোর করে নিয়ে এসেছে। এখানে না আসলে আমাদের ক্ষতি হবে বলে ভয় দেখায়।’১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন এ সময় প্রথম আলোকে বলেন, ‘কামাল মজুমদারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সামসু মোল্লা ও তার পরিবার এ ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি।’মানববন্ধনে দাঁড়ানো ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘কামাল আহমেদ মজুমদার বহু শ্রম ও সময় দিয়ে স্কুলটি তৈরি করেছেন। কিছু অপপ্রচারের কারণে প্রতিষ্ঠানটি এখন ধ্বংসের মুখে।’হাজি লিয়াকত আলী বলেন, তাঁর সন্তান এই বিদ্যালয়েই পড়ে। তবে প্রথম আলোর কাছে তিনি আওয়ামী লীগ করেন না বলে দাবি করেন।মানববন্ধনে অংশ নেওয়া মনিপুর উচ্চবিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, স্কুলের বিরুদ্ধে অপপ্রচার চলছে। স্কুলকে বাঁচিয়ে রাখতে তাঁরা মানববন্ধনে অংশ নিচ্ছেন। ব্যানারে কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ বিচার চাওয়ার যে দাবি, তাতে একমত হয়ে স্কুল কর্তৃপক্ষ মানববন্ধন করছে কি না, তার উত্তর দেননি এই শিক্ষক। কামাল আহমেদ মজুমদার উপস্থিত না থাকলেও মানববন্ধন সফল করায় সবচেয়ে বেশি তৎপর ছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। যেসব শিশু স্কুলভ্যানে বাড়ি ফেরে, তাদের অনেককেই ভ্যান থেকে নামিয়ে তারা মানববন্ধনে দাঁড় করায়, সংবাদকর্মীদের কী বলতে হবে, তা শিখিয়ে পড়িয়ে দেয়।শেওড়াপাড়া শাখায় দেড়টার সময় স্কুল ছুটির কথা থাকলেও বেলা দুইটা পর্যন্ত স্কুলের মূল ফটক বন্ধ ছিল। দুপুর দুইটার দিকে স্কুল কর্তৃপক্ষ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের মানববন্ধনে অংশ নিতে মাঠে দাঁড় করানোর চেষ্টা করার সময় বাইরে থেকে অভিভাবকেরা চিৎকার ও গেট ধাক্কাতে থাকেন।ক্লান্ত শিশুরা: এদিকে স্কুল ছুটির পর দেড় ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক শিশুই একসময় বসে পড়ে। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র বলে, দুপুর দেড়টায় ছুটি হয়ে যায় বলে বাড়ি থেকে সে খাবার আনেনি। ভীষণ ক্ষুধার্ত। তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মা কোলে এক বছরের শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, উপায় না থাকায় বড়টিকে একটি শিঙাড়া কিনে দিয়েছেন।সকালে মানববন্ধনের নোটিস দেখে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। ক্ষুব্ধ অভিভাবক ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘কোনোভাবেই আমরা সন্তানদের মানববন্ধনে নিতে দেব না।’ আরেকজন অভিভাবক আহম্মদ আলী বলেন, মানববন্ধনে না গেলে পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয় দেখানো হচ্ছে।স্কুলের ব্যবস্থাপনা পর্ষদের সাবেক সদস্য নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সভাপতি কামাল মজুমদারের সীমাহীন দুর্নীতির কারণে গত বছরে তিনিসহ পর্ষদের পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। নুরুল ইসলাম বলেন, তিন বছর ধরে স্কুল ও কলেজের আয়-ব্যয় নিয়ে নিরীক্ষা হয় না।এর আগে মঙ্গলবার সাংবাদিকেরা সংবাদ সংগ্রহের জন্য মনিপুর উচ্চবিদ্যালয়ে গেলে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার ও তাঁর লোকজন হামলা করেন। এ সময় আরটিভির সাংবাদিক অপর্ণা সিংহসহ চারজন লাঞ্ছিত হন বলে অভিযোগ করা হয়েছে। এদিকে বাড়তি টাকা ফেরত দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মিরপুর ২ নম্বর শাখার শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।তদন্ত প্রতিবেদন জমা হয়নি: মনিপুর উচ্চবিদ্যালয়ের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময় গতকাল বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিতে পারেনি। কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, আগামী রোববার প্রতিবেদন জমা দেবেন তাঁরা।