কুড়িগ্রাম-মাওয়ার পথে চলাচলকারী একটি বাসকে সায়েদাবাদ বাস টার্মিনালের পাশের সড়ক ব্যবহার করার কারণে মালিক-শ্রমিক সংগঠনের নামে দেড় শ টাকা চাঁদা দিতে হয়। এর বাইরে বগুড়া, গোবিন্দগঞ্জ, টাঙ্গাইল, আবদুল্লাহপুরসহ বেশ কিছু স্থানে ৫০ থেকে ১০০ টাকা চাঁদা দিতে হয় বাসের চালককে। আর পথে পথে পুলিশ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তো চাঁদা নিচ্ছেনই।কুড়িগ্রাম থেকে একটি বাস ২৪ ঘণ্টায় একবার আসা-যাওয়া করতে পারে। এই আসা-যাওয়ায় জ্বালানি, চালক-শ্রমিকের পারিশ্রমিক ও বাসের রক্ষণাবেক্ষণের বাইরে চাঁদা দিতে হয় দুই হাজার টাকারও বেশি।ঢাকা-সিলেট পথে চলাচলকারী এক বাসের মালিক বলেন, ঢাকার বাইরের মালিক হলে সায়েদাবাদ টার্মিনালেই দুই শ থেকে আড়াই শ টাকা দিতে হয়। ঢাকার মালিক হলে কিছুটা কম। এখন ঈদ আসার পর এক হাজার টাকা বোনাস চাওয়া হচ্ছে মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। এসব টাকার কোনো রসিদও দেওয়া হচ্ছে না। গাবতলী বাস টার্মিনালের এক সাধারণ মালিক বলেন, মাঝারি মানের কোম্পানিগুলোকে দৈনিক ভিত্তিতে গাড়িপ্রতি ৯০ থেকে ১৫০ টাকা দিতে হয়। নামীদামি কোম্পানিগুলো মাসিক ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা দেয়। ঈদ উপলক্ষে বাসভেদে পাঁচ শ থেকে এক হাজার টাকা বোনাস চাঁদা দাবি করা হচ্ছে বলে জানান তিনি। প্রতিদিন চাঁদা দিলেও কোনো মালিক মুখ খোলার সাহস পান না। বাসমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বাড়তি টাকা তাঁরা যাত্রীদের কাছ থেকে আদায় করেন।রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, ফুলবাড়িয়াসহ যেসব টার্মিনাল বা স্ট্যান্ড থেকে বাস ছেড়ে যায়, সেখানে প্রতিদিন মালিক-শ্রমিক সংগঠনের নামে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। এমনকি টার্মিনালের ভেতর না ঢুকলেও চাঁদা দিতে হয় সাধারণ মালিকদের। যানজট নিরসনসংক্রান্ত নানা কমিটির আড়ালেও প্রকাশ্যে মোটা অঙ্কের চাঁদাবাজি করা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক দলের নেতাদেরও চাঁদা দিতে হয়।বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা গেছে, সংগঠনের সদস্যদের কাছ থেকে মাসে বা বার্ষিক নির্দিষ্ট হারে চাঁদা তোলার কথা বলা হয়েছে। তবে তা অবশ্যই সমিতির নির্বাচিত প্রতিনিধিরা বসে ঠিক করবেন, সরকার ঠিক করে দিতে পারবে না। এ ছাড়া চাঁদা শুধু সমিতির সদস্যভুক্ত মালিকদেরই দেওয়ার কথা। এখন সদস্য না হলেও চাঁদা দিতে হয়। আবার কিছু সংগঠন প্রতিদিন একবার এক জায়গা থেকে চাঁদা তোলার নিয়ম করেছে, কিন্তু সেটাও মানা হয় না। বরিশালের পথে চলাচলকারী একটি বাসের মালিক বলেন, ‘আমি কোনো সমিতিরই সদস্য না। কিন্তু বাস একবার ঘুরে-আসতে দুই হাজার টাকা চাঁদা দিতে হয়।’গত সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের উপস্থিতিতে পরিবহন খাতের চাঁদার হার প্রতিদিন বাসপ্রতি ৭০ টাকা ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত হয়। ঢাকার বাইরে প্রতি জেলায় চাঁদার হার নির্ধারণ করা হয় ৫০ টাকা। বাসমালিকদের দাবি, বর্তমানে টার্মিনাল ছাড়াও পথে পথে এর কয়েক গুণ বেশি চাঁদা দিতে হচ্ছে। মন্ত্রীদের উপস্থিতিতে চাঁদার বৈধতা দেওয়া হলে চাঁদাবাজেরা আরও বেপরোয়া হয়ে উঠবে।অভিযোগ রয়েছে, সারা দেশে পরিবহন খাতে যে চাঁদা তোলা হয়, এর বেশির ভাগই নৌমন্ত্রী শাজাহান খানের আশীর্বাদপুষ্ট। পরিবহন খাতে চাঁদা তোলা হয় মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও যানজট নিরসন কমিটির নামে। বর্তমানে ঢাকার প্রায় সব টার্মিনাল এবং জেলা ও উপজেলা শহরের শ্রমিক ইউনিয়নে শাজাহান খানের একচ্ছত্র কর্তৃত্ব রয়েছে। শাজাহান খানের চাঁদাবাজির কারণে পরিবহন খাতের শৃঙ্খলা আসছে না—চলতি বছরের শুরুতে যোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি এ ধরনের বক্তব্য দিলে দেশের বিভিন্ন জেলায় শাজাহান খানের পক্ষের শ্রমিকেরা ভাঙচুর ও মিছিল করেন।শাজাহান খান সারা দেশের পরিবহন খাতের শ্রমিক ইউনিয়নগুলোর ফেডারেশন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। নিয়মানুযায়ী ফেডারেশনের অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো মাসে ফেডারেশনকে চাঁদা দেবে। কিন্তু শাজাহান খানের প্রভাবের কারণে ফেডারেশনের জন্য আলাদাভাবে প্রতিটি বাস-ট্রাক থেকে ১০ টাকা চাঁদা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। এ ছাড়া মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতারা সংগঠন পরিচালনার জন্য নিজেরা বৈঠক করে সর্বসম্মতিক্রমে মাসিক বা দৈনিক চাঁদা নির্ধারণ করার কথা। কিন্তু সরকার নিজে চাঁদা নির্ধারণ করে দিয়ে এই খাতে অস্থিরতা তৈরি করছে বলে সাধারণ বাসমালিকেরা জানান।এ বিষয়ে জানতে চাইলে শাজাহান খান প্রথম আলোকে বলেন, বর্তমানে প্রতিটি বাসকে দৈনিক এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা চাঁদা দিতে হয়। তাঁর দাবি, ৭০ টাকা চাঁদা নির্ধারণ করে দিলে এই অঙ্ক ২০০ থেকে ৩০০ টাকায় নেমে আসবে। তিনি স্বীকার করেন, বর্তমানে সারা দেশে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা তাঁর কথা শোনেন এবং তাদের ওপর তাঁর কর্তৃত্ব আছে।উল্লেখ্য, ২০০৬ সালের সেপ্টেম্বরে যোগাযোগ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে মালিক-শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় বাবদ প্রতি যাত্রায় বাসপ্রতি ৫০ টাকা চাঁদা ধার্য করা হয়। তখনো বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নামে ধার্য টাকার কয়েক গুণ বেশি নেওয়া হতো। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ডিসেম্বরে এ সিদ্ধান্ত বাতিল করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবারও সেই ধারায় ফিরে আসে।জানা গেছে, গত বছরের ৪ আগস্ট মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এক সভায় বাসপ্রতি দৈনিক ৭০ টাকা চাঁদা নির্ধারণ করা হয়। ঠিক হয়, ৭০ টাকার মধ্যে মালিক সমিতি পাবে ৪০ টাকা, শ্রমিক ইউনিয়ন ২০ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পাবে ১০ টাকা। এই চাঁদার হার নির্ধারণসংক্রান্ত এক বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খানও উপস্থিত ছিলেন। শাজাহান খান বিভিন্ন বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকও করেন।পুলিশ কমিশনারের কার্যালয় থেকে চাঁদার হার নির্ধারণ করার বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর মোহাম্মদপুরের বাসিন্দা বাবুল হোসেন হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট এভাবে চাঁদা নির্ধারণ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চান সরকারের কাছে।এখন মাঠে যাঁরা: নগরের সায়েদাবাদ, ফুলবাড়িয়া, মহাখালী টার্মিনাল, মিরপুরের বিভিন্ন বাসস্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগ-সমর্থিত মালিক সমিতির নেতা এনায়েত উল্যাহ গ্রুপ। এনায়েত উল্লা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি সমর্থন পাচ্ছেন নৌমন্ত্রীর। গাবতলী টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন ধরেই এই অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রক ছিলেন বিএনপির নেতা জি এম সিরাজ ও কফিল উদ্দিন। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেখানকার নিয়ন্ত্রণ চলে যায় এস এম আলী কবির চানের হাতে। তিনি শাজাহান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত। সায়েদাবাদ বাস টার্মিনালে মালিক সমিতির চাঁদাবাজির নিয়ন্ত্রণ করেন খায়রুল হক মোল্লা। শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ আবদুল ওয়াদুদের হাতে। এঁরা দুজনই শাজাহান খান ও এনায়েত উল্লাহর লোক। মহাখালী বাস টার্মিনাল নিয়ন্ত্রণ করেন ওসমান আলী খন্দকার। তিনি শাজাহান খানের ডান হাত বলে পরিচিত। তিনি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সারা দেশের ইউনিয়নের চাঁদা নিয়ন্ত্রণ করেন। ফুলবাড়িয়া টার্মিনাল নিয়ন্ত্রণ করেন এনায়েত উল্লাহর ঘনিষ্ঠ বলে পরিচিত ইসমাইল হোসেন।তবে সায়েদাবাদে স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লার ছেলে সজল মোল্লাও চাঁদার একটা বড় অংশ পাচ্ছেন। জয়কালী মন্দির এলাকায় কিছু চাঁদাবাজি করছেন যুবলীগ দক্ষিণের সভাপতি মহিউদ্দিন। এই দুজন পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট নন।গত নভেম্বরে ঢাকা সড়ক পরিবহন সমিতির নেতা ইসমাইল হোসেনের সই করা চিঠির মাধ্যমে আজিমপুর এলাকায় চাঁদা তোলার জন্য স্থানীয় যুবলীগ নেতা এনায়েত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। আবুল কাশেমকে সভাপতি ও মহারাজ হোসেনকে সাধারণ সম্পাদক করে মিরপুর চিড়িয়াখানা এলাকায় ১৭ সদস্যের কমিটি করে দেন এনায়েত উল্লাহ। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে স্থানীয় পরিবহন নেতা নুরুল হক ও নুরু মিয়া কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করেও খন্দকার এনায়েতের লোকজনের সঙ্গে পেরে উঠছেন না।খোন্দকার এনায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, চাঁদা নির্ধারণ করে না দেওয়ায় অনেকে বেশি তোলার চেষ্টা করেন। ঢাকার বাইরে সমস্যা বেশি। তাই সরকারকে এটা ঠিক করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা।লাঠিবাহিনী: এই দুই সংগঠনের বাইরে যানজট নিরসন কমিটির আড়ালে একটি লাঠিবাহিনী প্রতি গাড়ি থেকে প্রকাশ্যে ১০-২০ টাকা করে চাঁদা নিচ্ছে। এদের প্রত্যেকের হাতে একটি করে লাঠি থাকে। তারা চাঁদার টাকা পাওয়ার পরই পরবর্তী বাসকে জায়গা দেওয়ার জন্য চাঁদা নেওয়া বাসকে পেটাতে থাকে। লাঠিবাহিনীর বেশ কয়েকজনের সঙ্গে আলাপ করলে তারা দাঁবি করেন, তাঁরা মালিক ও শ্রমিক সংগঠনের অধীনেই এসব টাকা নিয়ে থাকেন।