পথে পথে চাঁদাবাজি ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যবাহী পরিবহনে পথে পথে চলছে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি। ঈদ সামনে রেখে এ ঘটনা আরও বেড়ে গেছে। কাঁচামাল বোঝাই করে ট্রাক মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে ২০ থেকে শুরু করে ৩০০-৪০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামধারীরা এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, চাঁদাবাজিতে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে পরিবহনমালিক ও চালক সমিতিকে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হলেও তারা যোগাযোগ করেনি। ক্ষমতাসীন দলের কর্মীদের অভিযোগের বিষয়ে তিনি জানেন না।পণ্য পরিবহনের সঙ্গে জড়িত চালকেরা অভিযোগ করেন, চাঁদা না দেওয়া হলে ক্ষমতাসীন দলের কর্মীরা চালকদের মারধর করাসহ নানাভাবে হেনস্তা করছেন। আর চাঁদার টাকা না পেয়ে পণ্যবাহী ট্রাক ও চালকের নামে মামলা দেয় পুলিশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য ও কাঁচামাল নিয়ে ঢাকার কারওয়ান বাজার ও তেজগাঁওয়ে আসা ট্রাকের চালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।ট্রাকচালকদের অভিযোগ, মহাসড়কে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক সার্জেন্টরা বেশি হয়রানি করেন। অবৈধ কিছু আছে কি না, তা যাচাই করার অজুহাতে অহেতুক হয়রানি করা হয়। বাধ্য হয়ে তাঁদের টাকা দেওয়া ছাড়া কোনো পথ থাকে না। তাঁদের আরও অভিযোগ, কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে চান্দিনা, দাউদকান্দি, ভবেরচর, পাদুয়ার বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা, ত্রিশাল, গাজীপুর, ঢাকা-সিলেট মহাসড়কে ইটানালা, ভুলতা, কাঁচপুর ব্রিজ ও আশুগঞ্জে পণ্যবাহী ট্রাক থামিয়ে পুলিশের কিছু অনুসারী ৫০ থেকে শুরু করে ৩০০-৪০০ টাকা পর্যন্ত চাঁদা নেয়। গাড়ি না থামালে পণ্যবাহী ট্রাকের পিছু ধাওয়া করে পুলিশ। আর আটক করলে চাঁদার পরিমাণ বেড়ে যায়।তেজগাঁওয়ের ট্রাকচালক ইসমাইল হোসেন জানান, মাওয়া ফেরিঘাটে গাড়ি সিরিয়াল দিতে ১০০ টাকার টিকিট দেওয়া হলেও চাঁদা নেওয়া হয় ২০০ থেকে ৩০০ টাকা। পাটুরিয়া ফেরিঘাটে এই চাঁদার পরিমাণ সাড়ে ৪০০ টাকা। এ ছাড়া ফেরিতে ওঠার সময় ৭০ টাকা চাঁদা না দিলে ট্রাক ওঠাতে দেওয়া হয় না। তিনি আরও বলেন, ঈদ যতই এগিয়ে আসছে, চাঁদার পরিমাণ ততই বাড়ছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাঁদা দিতে হয়নি। এখন পথে পথে চাঁদা দিতে হয়।ইসমাইল বলেন, গত সপ্তাহে গাজীপুরের মতলব রোডে ছিনতাইকারীরা তাঁর গাড়ির গতিরোধ করে বলে, ‘কী আছে বের করে দে, না হয় মেরে ফেলব।’ এরপর তারা তাঁর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায়।ট্রাকচালক সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামধারীদের চাঁদা না দিয়ে মাওয়া ফেরিঘাটে ঢোকা যায় না। সিরিয়াল দিতে প্রতিটি গাড়ি থেকে লাইনম্যানকে ২০ টাকা করে দিতে হয়। ট্রাফিক বিটকে দিতে হয় ৬০ টাকা। ফেরিতে তোলার জন্য দিতে হয় আরও ১২০ টাকা। এসবের জন্য চালককে কোনো টিকিট দেওয়া হয় না। ২১ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়ায় যাত্রীবাহী বাসে ডাকাতির সময় ডাকাতের অস্ত্রের আঘাতে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়। ডাকাতেরা বাসযাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসেটসহ মালামাল নিয়ে যায়। ১৯ আগস্ট ডাকাতি হয় দাউদকান্দির দৌলতপুর নামক স্থানে। রাস্তায় ট্রাক থামিয়ে ট্রাকের মালামাল, চালকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় জনতা পাঁচ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। হাইওয়ে পুলিশের কর্মকর্তা বলেন, পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তিনি পাননি। তবে পুলিশের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্তের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।গত ২৩ অক্টোবর পুলিশের মহাপরিদর্শকের সভাপতিত্বে ডাকাতি প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ডাকাতদের তালিকা প্রস্তুত ও ডাকাতদের ছবি টার্মিনালগুলোতে টাঙানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। আর ক্ষমতাসীন দলের কেউ চাঁদাবাজিতে জড়িত থাকলে তাদের বিষয়ে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ করারও তিনি পরামর্শ দেন।