পথে পথে ঝালাই কারখানা দুর্ঘটনার আশঙ্কা
সৈয়দপুর শহরের পথে পথে, মহল্লায় মহল্লায় বেপরোয়াভাবে গড়ে উঠেছে ঝালাই ও প্রকৌশল (ওয়েল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) কারখানা। এ নিয়ে দুর্ঘটনার আশঙ্কায় শঙ্কিত এলাকাবাসী।পৌরসভার সূত্রমতে, শিল্প ও বাণিজ্যসমৃদ্ধ শহর সৈয়দপুরে এ ধরনের কারখানা রয়েছে দুই শতাধিক। শহরের বিসিক শিল্পনগরে এ রকম কারখানা আছে মাত্র পাঁচটি। বাকি সবই মহল্লায় মহল্লায়, আর রাস্তার ওপর।সরেজমিনে দেখা গেছে, শহরের ব্যস্ততম এলাকা হচ্ছে বঙ্গবন্ধু সড়ক। এ সড়ক জুড়ে ৫০টিরও বেশি ঝালাই কারখানা রয়েছে। সড়কসংলগ্ন সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় তৈরি হচ্ছে ইটভাটার মিশ্রণযন্ত্র (মিকচার মেশিন), ট্রলি, স্টিলের আসবাবপত্র ও মোটরগাড়ির বিভিন্ন যন্ত্রাংশ। সেই সঙ্গে চলছে মেরামতের কাজ। সড়কটির নিয়ামতপুর মহল্লায় বিসিক শিল্পনগরের সামনে চলছে বয়লার ও রোলার তৈরির কাজ।দেখা গেছে, শহরের তামান্না মোড়ে রয়েছে বেশ কটি সাইকেলের ফ্রেম তৈরির কারখানা। এ ছাড়া শহরের ইসলামবাগ, রসুলপুর, হাতিখানা, অফিসার্স কলোনি, বাঙালিপুর, নতুন বাবুপাড়া, পুরাতন বাবুপাড়া, মুন্সিপাড়া, বাঁশবাড়ি, মিস্ত্রিপাড়া, কুন্দল, ওয়াপদা মোড়, পানি উন্নয়ন বোর্ড মোড়, কেন্দ্রীয় বাসটার্মিনাল ও চৌমুহনী মহল্লায় রয়েছে ঝালাই মেশিন। এসবে জানালার গ্রিল, স্টিলের বিভিন্ন সামগ্রী ইত্যাদি তৈরি হচ্ছে। এসব কারখানার ঝালাই মেশিন থেকে ছড়িয়ে পড়ছে অতিবেগুনি রশ্মি।সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার জানান, সৈয়দপুরে স্বল্প পুঁজির উদ্যোক্তারা কোনো রকমে একটি দোকান ভাড়া নিয়ে তাতেই গড়ে তোলেন কারখানা। দোকানের ভেতর দু-একটি লেদ মেশিন বসানো রয়েছে। আর ওয়েল্ডিংয়ের কাজ হয় দোকানের বাইরে সড়কের ওপর। এসব কারখানায় অনেক লাভজনক সামগ্রী তৈরি হলেও একে শিল্পকারখানার (ইন্ডাস্ট্রি) স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ফলে দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে গোটা শহর।শহরের নিয়ামতপুর মহল্লার বাসিন্দা শফিকুল ইসলাম জানান, ওয়েল্ডিং কারখানাগুলোয় বড় বড় পাইপ কাটার কাজ হয়, মোটরগাড়ির চেসিস-ফ্রেম কাটা ও জোড়া লাগানো হয়। দিনের বেলায় সড়কে চলাচল করে ট্রাক-বাসসহ সব রকমের যানবাহন। সড়কে পাইপ ও চেসিসের প্রতিবন্ধকতায় সৃষ্টি হয় যানজট। শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এতে বিড়ম্বনায় পড়ে। যানজটের ফলে ঠিক সময় শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না তারা। এমনটি ঘটছে অহরহ। উদ্যোক্তাদের শিল্প এলাকায় কারখানা সরিয়ে নিতে বারবার তাগাদা দিয়েও কাজ হচ্ছে না। পৌরসভাও এসব কারখানা সরানোর বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না।এ ব্যাপারে শিল্পোদ্যোক্তা মঈন ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ মঈন জানান, যারা এ জাতীয় ঝালাই কারখানার মালিক, তারা প্রায় সবাই স্বল্প পুঁজির উদ্যোক্তা। ফলে কারখানাগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে ইন্ডাস্ট্রি হিসেবে রূপ দেওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়েই রাস্তায় বসে ওয়েল্ডিং করছেন শ্রমিকেরা। তিনি আরও জানান, এসব কারখানার সুষ্ঠু বিকাশের জন্য সরকারি পৃষ্ঠপুেংুাষকতা প্রয়োজন। সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী জানান, সৈয়দপুরের ঝালাই ও প্রকৌশলশিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো এগিয়ে এলে প্রতিটি ক্ষুদ্র কারখানাকেই মাঝারি শিল্প হিসেবে গড়ে তোলা সম্ভব। এমনটি হলে দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে।দিনাজপুর মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. শরীফুল আলম চৌধুরী জানান, ওয়েল্ডিং থেকে বিচ্ছুরিত রশ্মি চোখের জন্য ভয়ানক ক্ষতিকর। যেখানে-সেখানে এসব কারখানা গড়ে ওঠায় মানুষ চোখের রোগে আক্রান্ত হচ্ছে। এ ধরনের কারখানা অবশ্যই নির্দিষ্ট শিল্প এলাকায় সরিয়ে নেওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।সৈয়দপুর পৌরসভার মেয়র আখতার হোসেন বলেন, ‘বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সরকারিভাবে শিল্প এলাকা গড়ে তোলার জন্য জমি বরাদ্দের আবেদনও করা হয়েছে। জমি মিললে কারখানাগুলো সেখানে স্থানান্তর করা হবে।’সৈয়দপুর বিসিক শিল্পনগরের ব্যবস্থাপক গোলাম রব্বানী জানান, বিসিক শিল্প এস্টেটে নতুন শিল্প গড়ে তোলার মতো প্রয়োজনীয় প্লট এখন ফাঁকা নেই। যদি ঝালাই ও প্রকৌশল কারখানার মালিকেরা বিসিকের কাছে জমি চান, তাহলে বিবেচনা করা হবে।