পথে পথে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশবাড়ীর সড়কের ফুটপাতে মন্টুর চায়ের দোকান। ভাঙা সড়কে কাউকে যাতে হোঁচট খেতে না হয়, এ জন্য দোকানের সামনে সড়কের খানাখন্দ ভবনের উচ্ছিষ্ট দিয়ে ভরাট করা হয়েছে। মোহাম্মদপুরের সাতমসজিদ সুপার মার্কেটের পাশে বাঁশবাড়ী এলাকার ১/ডি নম্বর ভবনের সামনের এ সড়কটি চলে গেছে নূরজাহান রোডে। দোকানি মন্টু জানান, প্রায় ১৫ বছর আগে সড়কটির কাজ হয়েছিল। এরপর সড়কটির আর কোনো সংস্কারকাজ হয়নি। সড়কের বেশির ভাগ জায়গা ভাঙা। পিচ তো উঠেছেই, নিচের ইট পর্যন্ত উঠে গেছে।ঘুরে দেখা গেছে, জামিয়া রহমানিয়া আরাবিয়ার পাশের সড়কটি আরও বেহালে আছে। মাসখানেক আগেও এ সড়কে পানি জমে ছিল বলে জানান পথচারীরা। কাদাপানির ছড়াছড়িতে এ সড়ক দিয়ে কেউ হাঁটতে পারত না। সড়ক ঘেঁষেই রয়েছে ঐতিহ্যবাহী সাত গম্বুজ মসজিদ। বৃষ্টি হলে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের কাপড়ে কাদাপানি লেগে যায়। এখানে নেই কোনো পানি নিষ্কাশনের নালা। তাই কোনোভাবে পানি জমলে তা আর বের হতে পারে না। ভবনের উচ্ছিষ্ট ফেলায় সড়ক পানিমুক্ত হয়েছে, কিন্তু পথচারী ও যানবাহনের যাত্রীদের ভোগান্তি কমেনি। উচ্ছিষ্টের কারণে রাস্তাটি এবড়োখেবড়ো হয়ে পড়েছে। ধুলাবালিতে সয়লাব চারপাশ। কোনো গাড়ি গেলেই পাশের মাদ্রাসা, মসজিদ ও দোকানে ধুলাবালি ঢুকে পড়ে।পুরো বাঁশবাড়ী এলাকার প্রধান সড়কটি ছাড়া বাকি সড়কগুলোর একই অবস্থা। এখানে-সেখানে ভাঙা। সড়কের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের মাটি বের হয়ে আছে। বাঁশবাড়ীর প্রধান সড়ক থেকে যাওয়া ৬৫/জি বাঁশবাড়ীর সামনের সড়কটি পাকা না কাঁচা, তা বোঝার উপায় নেই। অন্যান্য রাস্তায় দেখা গেছে আবর্জনা। কোনো রাস্তায় আবার রাখা হয়েছে নির্মাণসামগ্রী।বাঁশবাড়ী এলাকার ভাঙা সড়কগুলোর সংস্কারকাজ হবে কি না, জানতে চাইলে ডিসিসির অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম বলেন, ‘বাঁশবাড়ীর সড়ক উন্নয়নের প্রক্রিয়া চলছে। আগামী মার্চের শুরুতেই সড়কের কাজ শুরু হবে বলে আশা করছি।’