পথে পথে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্মগেট ও কারওয়ান বাজার থেকে তেজগাঁও রেলগেট হয়ে সাতরাস্তার মোড়ে যেতে খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু কর্মদিবসে এ পথ যেতে প্রায়ই ঘণ্টা খানেক লেগে যায় যাত্রীদের। কেননা, ফার্মগেট থেকে রেলগেট পর্যন্ত সড়কের দুই পাশে যানবাহন রাখার কারণে চলাচলের জায়গা থাকে খুবই কম।কারওয়ান বাজার থেকে রেলগেটের দিকে যাওয়া রাস্তা কাদায় সয়লাব থাকায় যানবাহন ঠিকমতো চলতে পারে না। পথচারীদেরও জুতা-জামা কাদা থেকে বাঁচাতে বেশ কসরত করে চলতে হয়। এদিকে রেলগেট পার হওয়ার পর দুটি রাস্তা দিয়ে যাওয়া যায় সাতরাস্তার মোড়। কিন্তু রাস্তাগুলোর বেশির ভাগ ট্রাকের দখলে থাকায় যানজট লেগেই থাকে। থেমে থাকা ট্রাক আচমকা এদিক-সেদিক নেওয়ায় যাত্রী ও পথচারীদের ঝুঁকির মুখে পড়তে হয়।প্রতিদিনই যানজটফার্মগেট, পূর্ব তেজতুরীবাজার থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত সড়কের দুই পাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। ক্লাসের সময় এগুলোর সামনে সড়কের ওপর দেখা যায় অসংখ্য গাড়ি। আবার সড়কেই গড়ে তোলা হয়েছে টেম্পোস্ট্যান্ড। এতে যানজটের সৃষ্টি হয়। একই কারণে পথচারীদের জটলার মধ্যে পড়তে হয়। এর মধ্যে ফুটপাতে রয়েছে ফলের দোকান।কারওয়ান বাজার সড়কে ব্যবসায়ীরা রাস্তার দুই পাশেই বিভিন্ন কাঁচামাল রেখে ব্যবসা করছেন। সাতরাস্তা-তেজগাঁও রেলগেট সড়কটির বেশির ভাগ জায়গা ট্রাকস্ট্যান্ড হিসেবে ব্যবহূত হচ্ছে। সব সময়ই ট্রাকের আসা-যাওয়া ও ট্রাক ঘোরানোর কারণে যানজট লেগেই থাকে। এ ছাড়া বাজারের কাছে পাইকারি ব্যবসায়ীরা পসরা নিয়ে বসে যান রাস্তায়। এমনি একজন ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘আমাদের জন্য একটা নির্ধারিত জায়গার ব্যবস্থা করলে রাস্তায় বসতে হতো না।’যানজট কমাতে কী করা হচ্ছে, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা দাবি করেন, এখানে ট্রাফিক বিভাগের কর্মীরা কাজ করছেন। খোঁজখবর নিয়ে যানজট কমানোর তৎপরতা জোরদার করা হবে বলে তিনি আশ্বাস দেন।রেলগেটে ঝুঁকিতেজগাঁও রেলগেটে নেই কোনো ট্রাফিক পুলিশ। যখন ট্রেন আসা-যাওয়ার সময় হয়, তখন রেললাইনের পাশে বার ফেলার পরও এর পাশ দিয়ে আসা-যাওয়া করে পথচারীরা। এমনকি ফাঁক গলে কিছু যানবাহনও চলতে চেষ্টা করে। পাশেই ট্রাকস্ট্যান্ড হওয়ায় বিভিন্ন সময়ে ট্রাকের মালিকেরা পরিত্যক্ত রেললাইনের এখানে-সেখানে ট্রাক রেখে দেন। আবার রেললাইনের আশপাশে ট্রাক থেকে মাল ওঠানো-নামানোর কাজ করা হয়।এ বিষয়ে রেলগেটে দায়িত্বরত একজন পয়েন্ট ম্যান বলেন, ‘রেললাইনের আশপাশে সব সময় ট্রাক রাখা হয়। আবার যখন ট্রেন আসার সময় হয়, তখন ব্যারিকেড বার ফেললেও পথের লোকজন কথা না শুনে ঝুঁকি নিয়ে লাইন পার হয়। সবাই যার যার চিন্তা করে। সার্বিক চিন্তা কেউ করে না। এখানে একজন হলেও স্থায়ী ট্রাফিক পুলিশ দরকার। অনেকবার বলেও কোনো কাজ হয়নি। কর্তৃপক্ষ কোনো আমলই নেয় না। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’ধুলো-কাদায় নাকালশীতের সময় ধুলোর আস্তর আর বৃষ্টির সময় কাদাপানি—এ হচ্ছে কারওয়ান বাজার, তেজতুরীবাজার আর সাতরাস্তার মোড়ের সড়কের সারা বছরের চিত্র। এ ছাড়া রেলগেট থেকে আমতলী সাতরাস্তা পর্যন্ত রাস্তাটিতে ফুটপাত থাকলেও ময়লা-আবর্জনা স্তূপ করে রাখার কারণে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারে না। আবার জনতা টাওয়ারের পাশে পূর্ব কারওয়ান বাজার কাঁচামালের আড়তের কাছের রাস্তাটি বেহালে আছে। কাদা আর আবর্জনায় ভরে আছে এটি।বেহাল রাস্তাটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন, জানতে চাইলে ডিসিসির অঞ্চল ৬-এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিম বলেন, এ রাস্তার সংস্কারকাজ ডিসেম্বর মাস থেকে শুরু হবে।খানাখন্দে ভরা রাস্তাতেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তার মোড়ের দিকে যাওয়া দুটি রাস্তাই খানাখন্দে ভরা। এর মধ্যে রেলগেটের কাছেই বেশির ভাগ জায়গায় জমে থাকে পানি। গিয়ে দেখা গেছে, রাস্তার একাংশে টমেটোবাহী একটি ট্রাক উল্টে রয়েছে। জানা গেল, একটি গর্তের ওপর দিয়ে যাওয়ার সময় এটি উল্টে যায়। জাহাঙ্গীর আলম নামের একজন ট্রাকচালক জানান, রাস্তার অবস্থা এই হলে চালকেরা আর কী করবেন। ট্রাক তো উল্টে যাবেই।নাম প্রকাশ না করার শর্তে একজন ট্রাকমালিক বলেন, ‘কয়েক দিন আগেও বহু রিকশা পলটি খাইত। আমরা কিছুদিন আগে মালিকেরা মিলে সড়কে রাবিশ ফেলে সমান করি। সড়কের এই হাল অনেক দিন ধরে। তবে এখানে ওয়াসার কোনো পাইপে লিকেজ আছে। এ কারণে রাস্তায় সারা বছরই পানি জমে থাকে। কিছুদিন আগেও হাঁটুপানি থাকত।’তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তার মোড়ের দিকে যাওয়া রাস্তা দুটি মেরামতে করা হবে কি না, জানতে চাইলে ডিসিসির অঞ্চল-৯-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, ‘আগামী নভেম্বর মাসের মধ্যে আশা করি সংস্কারকাজ শুরু হবে।’