পুরান ঢাকার একটি হোটেলে বসে খাচ্ছিলাম। পাশে বসা দুই ভদ্রলোকের একজন অন্যজনকে সান্ত্বনা দিচ্ছেন। উৎসুক হয়ে কান পাতলাম তাঁদের কথোপকথনে। দুজনের মধ্যে একজন ‘নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে’ বলে নিজেকে গালমন্দ করছেন। আর বলছেন, ‘আমি কেন ধরিয়ে দিলাম না, কেনই বা নীরবে সহ্য করলাম।’ পাশে বসা লোকটি তাঁকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই বুঝিয়ে স্বাভাবিক করতে পারছেন না সঙ্গীকে। অগত্যা তাঁদের কথায় যোগ দিয়ে জিজ্ঞেস করলাম, ‘কী হয়েছে, ভাইজান? উনি কেন নিজেকে অপরাধী মনে করছেন?’ উত্তরে লোকটি বললেন, ‘ভাই, আর বইলেন না, গতকাল সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরার পথে ভিআইপি রাস্তায় সে যে বাসটিতে ছিল, সেই বাসটি একটি লোকের পায়ের ওপরে তুলে দেয়, লোকটি মাগো বলে চিৎকার করে, কিন্তু বাসটি আর না থেমে দ্রুত স্থান ত্যাগ করে। লোকটি বেঁচে আছে না মারা গেছে সে জানে না। সে বাসে কয়েকজন মহিলা যাত্রী ছিল, সবাই আফসোস করছে, কিন্তু সাহস করে কেউই চালককে থামায়নি। সে-ও বাসটিতে ছিল, কিন্তু পাশে ট্রাফিক পুলিশ দেখেও তাদের জানানোর সাহস দেখায়নি।’ আমি জানতে চাই, রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও চালককে ধরিয়ে দিলেন না কেন। ‘আরে ভাই, হাতে ধরে কি বিপদে পড়তে চায় কেউ। পুলিশকে জানাতে গেলেও তো আরেক বিপদ। পুলিশি জেরা, থানা-কোর্ট ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়ে যাওয়ার উপক্রম। তখন তো ভাই উপকার করতে গিয়ে “ছেড়ে দে মা কেঁদে বাঁচি” অবস্থা হবে।’ কয়েক বছর আগে তাঁর এক আত্মীয় এ ধরনের জটিলতায় পড়েছিলেন, তাঁর সামনে ঘটে যাওয়া দুর্ঘটনার সাক্ষী দিতে গিয়ে জরুরি কাজ থাকা সত্ত্বেও থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে, থানার এজাহার ও অনুষঙ্গিক কাজ সারার জন্য। প্রধান সাক্ষী হিসেবে লিপিবদ্ধ হওয়ার পর বাসের মালিকপক্ষের লোকের চাপ, এরপর মামলা ও কোর্টে সাক্ষী দেওয়া। তাতেও রেহাই নেই। এতে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সে জন্যই তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি তা এড়িয়ে গেছেন। তাই এখন নিজে অনুশোচনায় নিজের চুল ছিঁড়ছেন।’ আলমগীর হোসেন