পথের ধারে একুশের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সারিতে রয়েছে অনেক ভাষাসৈনিকের ছবি। ছবিগুলো যেন অপলক দৃষ্টিতে চেয়ে আছে রাস্তার দিকে। একইভাবে বেশ কিছু পথচারী দেখছে এই ভাষাসৈনিকদের। এই দর্শকদের অনেকে চেয়ে আছে গাড়ির জানালা দিয়ে। আবার অনেকে ফুটপাত দিয়ে চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়েছে। সবাই দেখছে ভাষা আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিত্বদের আবক্ষ চিত্র। এঁদের কেউ ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন, কেউ এখনো বেঁচে আছেন। নগরের জাহাঙ্গীর গেটের কাছেই বীর উত্তম জিয়াউর রহমান সড়কের (বিমানবন্দর সড়ক) ফুটপাতের দেয়াল ঘেঁষে (বিএফ শাহীন স্কুল ও কলেজের বিপরীতে) পিভিসি ব্যানারে টানানো রয়েছে ভাষাসৈনিকদের ছবিগুলো। এই ছবিগুলোর বেশির ভাগই হাতে আঁকা হয়েছে; কয়েকটি আবার আলোকচিত্র।ভাষাসৈনিকদের নিয়ে ব্যতিক্রমী এই প্রদর্শনীর আয়োজন করেছে ‘প্রাকৃতজন’ নামের একটি সংগঠন। এর কর্মীরা জানান, প্রাকৃতজন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একটি অ্যালবাম প্রকাশের উদ্দেশ্যে ২০০৮ সালে কাজ শুরু করেন। এই কাজ করতে করতে হঠাৎ তাঁরা প্রদর্শনী করার পরিকল্পনা হাতে নেন। কিন্তু অর্থসংকটের কারণে তা এত দিন আলোর মুখ দেখেনি। একপর্যায়ে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল (প্রা.) লিমিটেডের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানতে পারেন, এমন একটি চমৎকার পরিকল্পনা থেমে আছে শুধু অর্থের অভাবে। তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘আমরা মূলত আমাদের সামাজিক দায়বদ্ধতার কারণে এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছি। এর সঙ্গে ভাষাশহীদ আর ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়টি তো আছেই।’প্রদর্শনী সম্পর্কে প্রাকৃতজনের সমন্বয়ক ও গৌরবোজ্জ্বল মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক রিফাত আমিন বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি। আর কয়েক দিন পর আমাদের দেশে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। এ সময় প্রচুরসংখ্যক পর্যটক আসবে। বাঙালির মহান আত্মত্যাগের কারণেই ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, ভাষা আন্দোলনের কারণে আমরা গর্বিত এক জাতি।’প্রদর্শনীর শুরুতে রয়েছে একুশের প্রথম শহীদ জগন্নাথ কলেজের ছাত্র রফিক উদ্দিন আহমেদের ছবি। এরপর একে একে দেখা যায় হাইকোর্টের হিসাবরক্ষণ শাখার কেরানি শহীদ শফিউর রহমান, শিল্প দপ্তরের রসায়ন বিভাগের ফাইল কিপার আবদুস সালামের ছবি। তিনি ৪৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শহীদ হন। প্রদর্শনীতে আছে ভাষাসৈনিক আবদুল মতিনের ছবি, যিনি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভাঙার নেতৃত্ব দিয়েছিলেন। ওই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। প্রদর্শনীতে আরও আছে ভাষাসৈনিক অলি আহাদ, গাজিউল হক, কাজী গোলাম মাহবুব, হাবীবুর রহমান শেলী, মোহাম্মদ তোয়াহা, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের নেত্রী শাফিয়া খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুফিয়া আহমেদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাপক আবুল কাসেম, আবদুর রশীদ তর্কবাগীশ, ধীরেন্দ্রনাথ দত্ত, আবদুল গাফ্ফার চৌধুরী, গণসংগীতশিল্পী আবদুল লতিফ, মাহবুব-উল-আলম চৌধুরী, অহিউল্লাহ, আবদুল জব্বার, আবুল বরকত ও সুরকার আলতাফ মাহমুদ, এম ইসলাম ও আর এ কে এম খোরশেদের ছবি। ভাষাসৈনিকদের নিয়ে পথের ধারের প্রদর্শনীটি চলবে পুরো ফেব্রুয়ারি মাস। বেসামরিক বিমান কর্তৃপক্ষ এই প্রদর্শনী আয়োজনে প্রাকৃতজনকে সহায়তা করছে।