পথের ধারে গাছের চারা
অফিস শেষে বাড়ি ফেরার পথে খানিকটা হলেও শ্লথ হয়ে যান বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আরিফ হোসেন। কার্জন হলের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশের ফুটপাতে গড়ে ওঠা গাছের চারা বিক্রির দোকানগুলোয় দুদণ্ড না দাঁড়ালে ভালো লাগে না তাঁর। গাড়ি থেকে নেমে নেড়েচেড়ে দেখেন চারাগুলো। মনে ধরলে দু-একটা কিনে গাড়িতে তুলে নেন তিনি। আরিফ জানান, গাছ তাঁর খুবই পছন্দের। তবে বাড়িতে জায়গার বড় অভাব। তাই ঝুল বারান্দায়ই গাছের চারা লাগান তিনি।নগরে আরিফ হোসেনের মতো বৃক্ষপ্রেমীর সংখ্যা যে একেবারে কম নয়, এর প্রমাণ পাওয়া যায় রাস্তার পাশে গড়ে ওঠা ছোট নার্সারিগুলো দেখে। গাছের চারা লাগানো কিংবা বাসায় বৃক্ষসজ্জার জন্য যেসব উপকরণ দরকার, সেসবও মিলছে এগুলোয়।নগরে এমন অনেকেই আছেন, যাঁরা গাছ ভালোবাসেন, তবে জায়গার অভাবে গাছ লাগাতে পারেন না। এই দলে ফেলা যায় সেগুনবাগিচার বাসিন্দা মেহেরুন্নেছাকে। প্রতিদিন সন্ধ্যায় মেয়েকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হন তিনি। আর হাতে সময় থাকলে কার্জন হলের সামনে ঢুঁ মেরে যান। পছন্দমতো গাছের চারা পেলে কিনে নেন সঙ্গে সঙ্গে। মাথা গোঁজার ঠাঁই যেখানে দুর্লভ, সেখানে চাষের জন্য জায়গা পাওয়া আরও কঠিন। তবুও যাঁরা সবুজের সান্নিধ্যে থাকতে চান, তাঁরা ঠিকই মেহেরুন্নেছার মতো ছাদ কিংবা ঝুল বারান্দা, বসার ঘর, শোবার ঘর এমনকি রান্নাঘরেও ছোট ছোট পাত্রে গাছ লাগান। অনেকটা সে কারণেই রন্ধন বিশারদ ও রূপবিশেষজ্ঞ রহিমা সুলতানা ঘর ভরেছেন ছোট ছোট গাছ দিয়ে। বসার ঘর, শোবার ঘরে তো আছেই, বাথরুমেও সবুজের আবেশ ধরে রাখতে চান তিনি। তাই ফুটপাতের নার্সারি থেকে গাছ কিনে কিনে সব ঘর সাজিয়ে ফেলেছেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হলের কোল ঘেঁষে বেশ বড় জায়গা নিয়ে বসে আছে বেশ কয়েকটা নার্সারি। এখানকার একটি নার্সারির মালিক মোহাম্মদ রনি। তাঁর নার্সারিতে বিভিন্ন ধরনের চারা পাওয়া যায়। ক্রেতাদের ব্যাপক চাহিদার কারণেই এত চারা রাখেন তিনি। রনি বললেন, ‘ঢাকা শহরের লোকজন ঘরে রাখার জন্য অনেক গাছ কেনে। তাই রাস্তার ওই পারে ফুটপাতের নার্সারি একবার বন্ধ করে দেওয়ার পরও ক্রেতাদের চাহিদার কারণে রাস্তার এই পারে আবার নার্সারি চালু হয়েছে। তাদের চাহিদার কথা মাথায় রেখেই আমার এখানে সব ধরনের গাছ রাখি। শীতের সময় বলে এখন ফুলগাছের চাহিদা একটু বেশি।’তবে বনসাই আর ক্যাকটাস কিন্তু সারা বছরই বিক্রি হয়, এমনটাই জানালেন ধানমন্ডি ৫ নম্বর সড়কের পলাশ নার্সারির রুবেল মোল্লা।আরেক চারা বিক্রেতা মোহাম্মদ ফারুক চারা নিয়ে বসেছেন ঢাকা কলেজের সামনের ফুটপাতে। তিনি বললেন, ‘অনেক দূর থেকে আমার কাছে গাছের চারা কিনতে আসে লোকজন। তবে নার্সারিগুলো যেহেতু কলেজের পাশে, তাই আমাদের ক্রেতার বড় অংশই হলো কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী।’ফুটপাতের নার্সারি আর ক্রেতাদের নিয়ে ঢাকা জেলা নার্সারি মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি সাইদ হাসান বললেন, ‘নগরের বাসাবাড়িতে যেহেতু জায়গা নেই, সে জন্য আমরা চাই, ছোট পরিসরেই নগরের মানুষ গাছ লাগাক। এ লক্ষ্যে নগরের ছোট নার্সারিগুলোকে আমরা নানা ধরনের সহায়তা করে থাকি।’সমিতির সহায়তার কারণেই নগরের বিভিন্ন এলাকার ফুটপাত বা সড়কের পাশের খালি জায়গায় ছড়িয়ে পড়ছে নার্সারি। গুলশান-১, বারিধারা, আগারগাঁওয়ে সড়কের পাশের খালি জায়গায় চোখে পড়ছে অনেক নার্সারি। ফুটপাতে যে নার্সারি হচ্ছে, তা নিয়ে পথচারীরাও খুব একটা বিরক্ত নয়। এ প্রসঙ্গে পান্থপথের পথচারী রকিবুল ইসলাম জানান, গ্রিন রোড-পান্থপথ মোড় থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দিকে আসার সময় আগে আবর্জনার দুর্গন্ধে পড়তে হতো। কারণ, সেখানে আবর্জনার স্তূপ ঘাঁটাঘাঁটি করে ভাঙ্গারি মাল বাছাই করা হতো। এখন একটি নার্সারি থাকায় ফুটপাতটা পরিচ্ছন্ন হয়েছে। এভাবে যেসব ফুটপাতে আবর্জনা ফেলা হয় কিংবা মূত্র ত্যাগ করা হয়, সেগুলোয় নার্সারি করে দিলে মানুষ পরিচ্ছন্ন পথে চলাচল করতে পারবে।নগরের পথের ধারের চারা বিক্রেতারা জানান, সাভার, মানিকগঞ্জ আর যশোর থেকে তাঁরা গাছের চারা আনেন। চারার দাম ২০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত। ফুটপাতের নার্সারিগুলোতেই পাওয়া যাচ্ছে নকশা করা মাটির পাত্র। নারকেলের মালা দিয়ে তৈরি সুন্দর পাত্রও কেনা যায়, যাতে অনায়াসেই ছোট গাছগুলো লাগানো যায়। এমনকি গাছে ঝুলিয়ে রাখার জন্য সিকাও কিনতে পাওয়া যায় এখানে। অনেক নার্সারিতে মিলবে গাছের জন্য দরকারি সার ও কীটনাশক।নগরের পথের ধারের নার্সারি ব্যবসাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন উদ্যানতত্ত্ববিদেরা। এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম মাহতাব উদ্দিন জানান, নার্সারিগুলো থেকে নগরবাসী সহজেই গাছের চারা সংগ্রহ করতে পারছে। এতে বাড়ির ছাদে বাগান করা এবং বারান্দায় ও ড্রয়িং রুমে টবে গাছ লাগানোর কাজটি সহজ হয়েছে। নগরের পরিবেশের ভারসাম্য রক্ষায় নার্সারির চারা আর বাসাবাড়ির টবের গাছ বেশ কাজে আসছে।