হঠাৎ দেখা পথের ধারে। একটু নাটকীয় ভনিতা হয়ে গেল বটে, তবে এই ইট-কাঠে আকীর্ণ নগরে তার দেখা পাওয়া তো সহজ নয়। সেই আকস্মিকতা ঘটে গেল মহালয়ার দিন ১৫ অক্টোবর, শাঁখারীবাজারে সরু গলির ধারে।গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের আয়োজন ছিল ওই দিন শাঁখারীবাজারের পাশঘেঁষা ঢাকার প্রাচীন বিদ্যায়তন পোগোজ স্কুলে। সেখানেই হাজির হয়েছি সকালে। দুপুর নাগাদ উৎসব শেষ। স্কুলের ফটক দিয়ে বেরিয়ে এসে হাতের বাঁয়ে ইতিহাসখ্যাত শাঁখারীবাজারের সরু গলি। সারি সারি দোকানে উৎসবের সাজ। মন্দিরে দুর্গতিনাশিনী দশভুজা দেবীর প্রতিমা তোলার প্রস্তুতি চলছে। মন টানল গলি ধরে এগিয়ে যেতে। সেখানেই দেখা তার সঙ্গে। নাম তার পদ্ম।বিঘত খানেক লম্বা ডাঁটার ডগায় গোলাপি কোরক। সেগুলো ২৫টি করে আঁটি বেঁধে ডালায় সাজিয়ে রাখছিলেন পারুল রানি। সদ্য ফোটা পদ্মও ছিল একটি-দুটি। শাঁখারীবাজারের ঘিঞ্জি গলি যেন আলোকিত হয়ে আছে তার চোখজুড়ানো লাবণ্যে। থমকে যেতেই হলো কমলের কোমল দীপ্তিতে চোখ রেখে।কথায় কথায় জানা গেল, পদ্ম ফুল বছরের এই সময়েই এখানে আসে। দুর্গাপূজার জন্য। ১০৮টি পদ্ম লাগে দেবীর পূজায়। সে কারণে চাহিদাও প্রচুর। আকার ও প্রকারভেদে ১০০ ফুল বিক্রি হয় ৪০০ থেকে ৬০০ টাকায়। পারুল রানির বাড়ি তাঁতীবাজারে। তাঁর মা সরলা রানিও ফুল বিক্রি করতেন। মা গত হয়েছেন। ফুলের ডালা নিয়ে মন্দিরের দুয়ারে বসেছেন মেয়ে পারুল।শাঁখারীবাজার ফুটপাতে এখন ফুলের ব্যবসা করেন অনেকেই। পারুলের পাশেই যিনি বসে ছিলেন পদ্ম-গাঁদা-জবার ডালা নিয়ে, তিনি মোহাম্মদ আলী। তাঁরা জানালেন, এসব পদ্ম আসে সিলেট, ময়মনসিংহ, চলনবিল, ঘোড়াশাল এলাকা থেকে। হিন্দুপ্রধান এলাকা বলে শাঁখারীবাজারেই সবচেয়ে বেশি পদ্ম ওঠে। অন্য মহল্লার পূজার পদ্মও যায় এখান থেকে। শাহবাগের ফুলের বাজারে পদ্ম বেশ দুর্লভ। একটি-দুটি দোকানে যা-ও কিছু মেলে, দাম বেশ চড়া। এখানে পুষ্পবিতান নামের এক দোকানে দেখা গেল কয়েক গুচ্ছ সাদা পদ্ম। ১০ টাকা করে প্রতিটির দাম। গোলাপি পদ্ম আট টাকা। পদ্ম কোরকের এই বিকিকিনি সপ্তাহ দুয়েকের মাত্র। দুর্গাপূজার পর আর চাহিদা থাকে না।পদ্ম ফুলের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক আখ্যান। অষ্টাদশ পুরাণের আস্ত একটি পুরাণই আছে পদ্মপুরাণ নামে। তন্ত্রশাস্ত্রে দেহাভ্যন্তরীণ ষটচক্রের নামকরণও পদ্ম দিয়ে—হূৎপদ্ম, নাভিপদ্ম ইত্যাদি। আবার মনসা দেবীর এক নাম পদ্মপ্রিয়া। কিন্তু পদ্মশ্রী বললে চেনা যাবে বোধিসত্ত্বকে (ভারতের একটি পদকও আছে পদ্মশ্রী নামে)। কমলাসনা দেবী লক্ষ্মীর পতি বিষ্ণুকে কমলাকান্ত বলেন তাঁর ভক্তরা।পদ্ম যখন কমল নামেই এল, তখন দেখাই যাক না আর কোনো নাম আছে কি না তার। অভিধান বলছে আছে। উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল—সবই পদ্মের একেকটি নাম। উদ্ভিদবিজ্ঞানীরা এই জলজ লতানো উদ্ভিদটিকে চেনেন নেলুম্ব নুসিফেরা (nelumbo nucifeৎa) নামে।পদ্ম এশিয়ার নিজস্ব প্রজাতির উদ্ভিদ। ভারতের জাতীয় ফুল। লতা কণ্টকময়। নিশ্চয়ই মনে পড়বে স্কুলে ভাব-সম্প্রসারণ লিখতে বলা সেই বিখ্যাত পঙিক্ত ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে/ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে’? তো সেই কাঁটায় ভরা লতার ওপর থাকে বড় বড় গোল পাতা। প্রায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত হয়। এককালে বিলঝিলে প্রচুর জন্মাত। তখন বাজারে চুঁচরো মাছ, পান খাওয়ার চুন মুড়িয়ে দেওয়া হতো পদ্ম পাতায়।পদ্ম ফোটে প্রধানত শরৎকালে। লাল, গোলাপি ও সাদা—এই তিন রঙের। এগুলো রক্তকমল, স্বর্ণকমল ও শ্বেতকমল বলেও চেনা। এ ক্ষেত্রে জ্ঞাতব্য, নীলকমল বলে কোনো পদ্মের অস্তিত্ব বাস্তবে নেই। নীলকমলের দেখা মেলে রূপকথায়। নীলপদ্ম পাওয়া যায় কাব্যে। সুনীল গাঙ্গুলী বরুণার জন্য বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছিলেন সেই অভূতপূর্ব ১০৮টি নীলপদ্ম। কিন্তু হায়, তবু কথা রাখেনি বরুণা।পদ্মের খুব সুন্দর মিষ্টি গন্ধ আছে। তাকে বলে পদ্মগন্ধী। পদ্মরেণুর নাম পদ্মরাগ। নারীদের মধ্যে পদ্মিনী বলে আছেন কোনো কোনো সুলক্ষণা। পদ্মের পাপড়িকে বলে পদ্মপর্ণ। পদ্মপর্ণসম টানা টানা চোখ যাদের, তারাই খ্যাত পদ্মলোচন নামে। সেই আঁখি অশ্রুসিক্ত হলে পাষাণেরও বুকে মোচড় দেয়। বড় হূদয়গ্রাহী ভাষায় লিখেছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, ‘অশ্রুময় আঁখি নিশির শিশির পূর্ণ পদ্মপর্ণ যেন’। তাই বলে অন্ধের নাম পদ্মলোচন রাখলে কিন্তু মোটেই মানানসই হবে না, তা সোজাসাপটা জানিয়ে দিচ্ছে বাংলার বাগিবধি।পদ্মকাহন এবার শেষ করব। তবে চোখে ভাসছে শাঁখারীবাজারের সেই দৃশ্য। পাশাপাশি বসে পদ্মের আঁটি বাঁধছেন পারুল রানি আর মোহাম্মদ আলী। ভক্তরা সেই পদ্ম অঞ্জলি হিসেবে দিচ্ছেন দেবীর পূজায়। পদ্মের কোনো জাতিভেদ নেই। তার গায়ে লেখা নেই এসেছে কার ডালা থেকে। তাতে অশুদ্ধ হচ্ছে না ভক্তি নিবেদন। মনে হলো, আহা! দেশটাতে যদি এমন সম্প্রীতি বজায় থাকত চিরকাল।