পথের পাঁচালী এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি প্রশ্ন করা হয়, প্রিয় ফুল কোনটা? সহজে উত্তর মেলে, গোলাপ অথবা রজনীগন্ধা। মুহূর্তে অন্য ফুলগুলো কি নাম-গন্ধহীন হয়ে যায়?যদি প্রশ্ন আসে, তোমার প্রিয় রং? উত্তর ঝপাৎ করে লাফিয়ে নামে, নীল কিংবা লাল; যেন উত্তর জুতা-জামা পরে ঠোঁটের ডগায় তৈরি হয়ে বসে থাকে।একজন মানুষের প্রিয় ফুল একটা, প্রিয় রং, সেটাও একটা, এটা কি ঠিক?মানুষ মিথ্যা বলে না। এ ধরনের প্রশ্নের মুখে পড়লে উত্তর দেয় মন। মন নদীতে ভাষা নৌকা অথবা নৌকার পালের মতো। তার সম্পর্ক পানির টান, হাওয়ার সঙ্গে।মন নিয়ে খুব মনগড়া কথা বলা হয়নি। সে এ রকমই। এক ভরদুপুরে যে রকম, বিকেলে তেমন থাকে না। সন্ধ্যা, রাত, জ্যোৎস্না, রোদ, বৃষ্টি—একসময়ের অদৃশ্য ইশারায় অহরহ বদলায়। রবীন্দ্রসংগীত যাঁর প্রিয়, তিনি লালনগীতি ভালোবেসেই শোনেন। বন্যা যাঁর প্রিয়, তিনি বেগম আখতারের সব অ্যালবাম জড়ো করেও তৃপ্তি বোধ করেন।যদি পোশাকের বেলায় আসি, জিনস ও টি-শার্ট অনেকের প্রিয়। এই অনেকের অনেকেই প্রিয় সময়ে মনের চাপাচাপিতে পায়জামা-পাঞ্জাবির মধ্যে ঢুকে ফুরফুরে আনন্দ অনুভব করে থাকেন।আমার প্রিয় চলচ্চিত্র কোনটা? অমুকটা কিংবা অমুকটা বলে ফেলতে পারলে ল্যাঠা চুকে যায়। ‘সহজ কথা যায় না বলা সহজে’র মতো সহজ কাজটা সহজে সারা গেল না। হুড়মুড় করে এগিয়ে আসে এসব কথা।পথের পাঁচালী আমার প্রিয় চলচ্চিত্র। তবে বলে রাখা ভালো, যাঁরা চলচ্চিত্র নিয়ে অনেক ভাবেন, যেসব কারণে তাঁরা পথের পাঁচালীকে বিশেষ বিবেচনা করেন, সেসব কারণে নয়, খুব সাদামাটা কারণে ছবিটা আমার বিশেষ প্রিয়।সিনেমা দেখার নেশা সেই স্কুল আমল থেকে। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি—যেকোনো ভাষার, যেকোনো রকমের সিনেমায় অনাগ্রহ ছিল না। তখন হলে গিয়ে সিনেমা দেখাটাই ছিল আসল আনন্দের বিষয়।একটা সময় পর্যন্ত মনে হতো, সিনেমা হলগুলোর অসংখ্য অদৃশ্য হাত রয়েছে।লক্ষ করেছি, হলের পাশ দিয়ে হয়তো যাচ্ছি, সিনেমা দেখার ইচ্ছা নেই, হঠাৎ হলের হাত খপ করে আমাকে ধরে নিজের পেটের মধ্যে পুরে নিত।সে আমলে মফস্বল বা বড় শহরের যেকোনো সিনেমা হলের নেশাকর একটা ঘ্রাণ ছিল। সে ঘ্রাণের উন্মাদনায় আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না।সিনেমা দেখার টানে সীমান্ত ডিঙিয়ে ওই পারেও চলে গিয়েছি বহুবার। চোখে পড়ার মতো বিষয়, ওই পারের মানুষ বেশ সিনেমাপাগল। জানা হয়েছে, সিনেমাকে তারা আলাদা করে ভালোবাসে। আমার মতো তাদের যেকোনো সিনেমা হলেই চলে না। সে কারণেই সে দেশে সত্যজিৎ রায় পথের পাঁচালীর স্বপ্ন দেখার সাহস পেয়েছিলেন। মনে আছে, পথের পাঁচালী সম্পর্কে প্রথম জানতে পারি মুদি দোকান থেকে আসা মসুর ডালের ঠোঙা পড়ে।জন্ম এবং বেড়ে ওঠা সীমান্তের কাছাকাছি গ্রামে। তখন লবণ, আটা, চিনি, ডাল—এসব কেনাকাটা করলে যুগান্তর বা আনন্দবাজার পত্রিকা দিয়ে বানানো ঠোঙায় সেসব ঘরে আসত। কোন ঠোঙাটা সিনেমার পাতা দিয়ে বানানো, অতি আগ্রহে তা খুঁজে বের করতাম। সে রকম একটা ঠোঙায় অনেক কিছুর মধ্যে পেয়ে যাই পথের পাঁচালীর খবর। পুরোনো ছবিটা সম্পর্কে হইচই ভরা খবর পড়ে মনে হয়েছিল, এখন আবারও ছবি নিয়ে মাতামাতি কেন?একবার ছোট মামা এলেন ওপার, ভারত থেকে। আমার চেয়ে বছর তিন-চারেকের বড়। সাহিত্য-সংস্কৃতি নিয়ে খুবই মাথা ঘামানো মানুষ। সেবার এসে ঘুরেফিরে ছোট মামা শুধু পথের পাঁচালী, তার এটা-সেটা নিয়ে কথা বলেন। সত্যজিৎ রায় সম্পর্কে বিশদ বিবরণ দেন। দিন তিনেকে সে ছবি না দেখেও দেখা হয়ে গেল। উঠতে-বসতে পথের পাঁচালী হলে এমন হওয়ারই কথা। মনে ইচ্ছা জাগে, সিনেমাটা দেখতে হবে।আগেই বলেছি, আমি ছিলাম তেমন বেপরোয়া দর্শক, যার কোনো বাছবিচার ছিল না, সিনেমা হলেই চলত। পথের পাঁচালী দেখার পর সেই চরিত্র বদলে গেল। জ্ঞানচক্ষু খুলল, মনে হলো, আমি বড় হয়ে গেছি।চলচ্চিত্রের ভাষা, শিল্প-সৌন্দর্য, নন্দনতত্ত্ব—এসব হঠাৎ বুঝে ফেলেছিলাম, তা নয়। এত দিন পর পেছনে তাকিয়ে মনে হয়, ওসব না বোঝা মানুষকেও চলচ্চিত্র এক অদ্ভুত ঘোরে ডোবাতে পারে। সেটাই চলচ্চিত্রের গুণ, শক্তি।ছবি নড়েচড়ে কথা বলে। ওই বলাবলি ছাড়াও যে আরও কথা থাকে, তা পর্দা থেকে উড়ে এসে জুড়ে বসে অনুভবে।মনে পড়ে, ছবি দেখা শেষ করে হলভাঙা দর্শক যেমন করে বের হয়, সে মুখস্থ দৃশ্যের রং-রূপ উধাও হয়ে গিয়েছিল। ঘুরেফিরে দেখেছি, মানুষের চোখেমুখে অন্য রকম উচ্ছ্বাস, ভালো লাগা আর ঘোর লাগা বিস্ময়ের ছড়াছড়ি। রাস্তায় বেরিয়ে গাড়িতে চড়তে হবে জেনেও বাসস্টপ ফেলে হেঁটেছিলাম। ছোট শহরের এক প্রান্তে রাস্তা যখন আলোহারা, ইচ্ছা হচ্ছিল সে অন্ধকার পথ ধরে আরও হাঁটি, তাহলে ছবিটা নিয়ে আরও ভাবা যাবে।চলচ্চিত্র যে মানুষের আদি-অন্ত বদলে দিতে পারে, সেখান থেকে সে অনুভবের শুরু। পথের পাঁচালী দেখার পর যেকোনো সিনেমা দেখার বাইটা বদলে গেল। এত বড় কাণ্ড যে সিনেমাটা ঘটাল, মনে তার জন্য একটা বিশেষ জায়গা তো থাকবেই।খুব সাদামাটা কারণ, পথের পাঁচালী আমার হা-ভাতে দর্শকচরিত্র বদলে দিয়েছিল। শুধু আমি কেন, বাংলাভাষী মানুষের চলচ্চিত্র-ভাবনা বদলে দিয়েছে। এই ভাষার অজস্র মানুষের মনে চলচ্চিত্রনির্মাতা হওয়ার স্বপ্নটাও জাগিয়েছে পথের পাঁচালী।এত কথার পরে আবার বলি, প্রিয়, মানে শুধু একটা নাম উচ্চারণে মনের মধ্যে উসখুস বাড়ে। প্রিয় বলতে অনেক নাম সামনে এসে দাঁড়িয়ে যায়, কাউকে অবহেলা করা উচিত মনে হয় না। চারুলতা আমার খুব প্রিয় একটা ছবি। এই ছবির মতো কোনোটাই বারবার দেখার আগ্রহ জাগে না। হঠাৎ হঠাৎ ছবিটা দেখতে ইচ্ছা হয়, দেখি। আবার কবে নাগাদ দেখা যেতে পারে, সেটাও আগাম ভেবে রাখি, যেন নেশার মতো।সত্তরের দশকের শেষের দিকে এক চলচ্চিত্রবিষয়ক কর্মশালায় বিগ সিটি ব্লু নামের একটা ছবি দেখেছিলাম। ছবিটা স্বল্পদৈর্ঘ্যের, তবে স্বল্প আয়ুর নয়। দীর্ঘকাল মনে রাখার মতো। মনে করলেই সেই সংলাপহীন পুরো ছবি মাত্র একটু আগে দেখা ছবির মতো চোখের সামনে চলমান হয়ে ওঠে।টেস্ট অব চেরি দেখার পর মনে হয়েছিল, পৃথিবীতে অসংখ্য চলচ্চিত্র রয়েছে বিস্ময়কর। সেসবের অনেক অনেক এখনো দেখতে বাকি।সময় অনেক বদলে গেছে। একসময় ভালো ছবি দেখার জন্য ফিল্ম ক্লাবের সঙ্গে জড়িয়েছিলাম। বিভিন্ন দেশের দূতাবাস তাদের ভালো ভালো চলচ্চিত্র থিয়েটার কর্মী হওয়ার সুবাদে নেমন্তন্ন করে দেখাত। সেসবকে মনে হতো সুবর্ণ সুযোগ। এখন তো প্রতিদিনই সুবর্ণ সুযোগ। পুরো পৃথিবীর যেকোনো চলচ্চিত্র হাত বাড়ালেই পাওয়া যায়। চাইলে যেকোনো মুহূর্তে দোকান থেকে কিনে এনে ভেবে খুশি হওয়া যায়, অমুক নির্মিত, অমুক ছবিটা আমার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। যখন যেটা খুশি, একবারের বদলে বহুবার থামিয়ে, পিছিয়ে, ঘুরিয়ে-ফিরিয়ে বারবার দেখা যায়।চলচ্চিত্র বদলেছে। মানুষের ভাবনা, বিচার, দৃষ্টিভঙ্গিতে এসেছে ব্যাপক পরিবর্তন। নাম না-শোনা পরিচালকের অনামী চলচ্চিত্র চমকে দেয়। সে চমকে লাভ হয় নিজের। ধারণা মেলে, আয়ু খরচ হয়ে যাচ্ছে, কিন্তু বিস্ময় যথেষ্ট জমা রয়ে গেছে।ভাবতে ভালো লাগে, পৃথিবীর সেরা নির্মাতাদের প্রায় সব চলচ্চিত্র ব্যক্তিগত সংগ্রহে রাখতে চাইলে চাওয়ামাত্র তা এক সকালেই সম্ভব।জোগান দেওয়ার জন্য আগ্রহী মানুষ তৈরি হয়েছে। তার মানে, সংগ্রহে রাখার মানুষের অভাব এখন নেই। এ দেশে এমন ঘটনার পেছনে একটা চলচ্চিত্রের নাম নির্দ্বিধায় বলা যায়, সে চলচ্চিত্রের নাম পথের পাঁচালী।