গত ২২ বছর বাংলাদেশ কাবাডি দলে কোনো না-কোনোভাবে দুই ভাইয়ের কেউ না-কেউ জড়িত ছিলেন। কিন্তু সেই অধ্যায়ে একটা বিরতি পড়ল এবার। মোহাম্মদ জলিল এবং জিয়াউর রহমানকে নিয়ে লিখেছেন দেবব্রত মুখোপাধ্যায়
পথের বাঁকে দুই ভাই
ঘরটায় আলো জ্বলেনি। মাথার ওপর বনবন করে ঘুরছে একটা ফ্যান। ছোট্ট খাটের এক কোনায় একটা পা ঝুলিয়ে বসে আছেন এক যুবক। খাটের আরেক পাশে আধশোয়া হয়ে আরেক ভদ্রলোক।একচিলতে রোদ এসে পড়েছে খাটের ওপর। দুজনই চেয়ে আছেন ছাদের দিকে। তাঁরা দুই ভাই। দুই ভাইয়েরই মুখের ওপর কিসের যেন ছায়া পড়েছে। কিসের ছায়া?একটা যুগ শেষ হয়ে যাওয়ার ছায়া। না, আপত্তি করলেন দুজনই। বড় ভাই শোয়া থেকে উঠে বসলেন। মুখে কষ্ট করে একটু হাসি ফুটিয়ে বললেন, ‘আমাদের যুগ শেষ হয়ে গেছে, এটা বলবেন না। বলুন, একটা বিরতি চলছে।’তাই মেনে নেওয়া গেল। বাংলাদেশের কাবাডিতে জলিল-জিয়া যুগের একটা বিরতি শুরু হলো। ২২ বছর; ২২ বছর ধরে চলে আসা একটা নিরবচ্ছিন্ন অধ্যায় থমকে গেল। এই প্রথম বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সঙ্গে নেই মোহাম্মদ জলিল কিংবা জিয়াউর রহমান; দুই ভাই। বছরের গোড়ার দিকে সাফ গেমসের আগে আগে চোট পেয়ে মাঠ থেকে ছিটকে গেছেন দেশের সেরা কাবাডি খেলোয়াড়, কারও কারও মতে একসময়ের বিশ্বসেরা রেইডার জিয়াউর রহমান। এতে ছেদ পড়েছে তাঁর ১৫ বছরের ক্যারিয়ারে। আর এবার জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন দীর্ঘদিনের কোচ ও সাবেক খেলোয়াড় জলিল। ফলে গল্পটায় এখানে বিরতি দিতেই হচ্ছে।গল্পটা শুরু হয়েছিল ১৯৮৮ সালে; জলিলের জাতীয় দলে অভিষেকের ভেতর দিয়ে। এবার হেসে আপত্তি করলেন জিয়া, ‘না, আমাদের দুজনের গল্প আসলে শুরু হয়েছিল ১৯৯৫ সালে। আমার জাতীয় দলে অভিষেক হলো মাদ্রাজ সাফ গেমসে। আর ভাইয়া ওখানেই জাতীয় দলে তাঁর শেষ টুর্নামেন্ট খেললেন।’নিয়তি রসিকতা করতে বড় পছন্দ করে। তাই বাংলাদেশের কাবাডির দুই পথিকৃৎ, দুই ভাইয়ের শুরু আর শেষ হয়ে যায় একই টুর্নামেন্টে। জলিলের হলো শেষ। আর কাবাডি কোর্টে আবির্ভূত হলেন জিয়া। সে কী প্রবল প্রতাপের আবির্ভাব!প্রতাপের গল্প বলার আগে জলিল বলে নিলেন দিনাজপুরের মহিষকোঠা থেকে জিয়ার উঠে আসার গল্প। জলিল-জিয়াদের পরিবারটাই কাবাডির পরিবার বলা যায়। তাঁদের বাবা, চাচারা ছিলেন এলাকার নামকরা হা-ডু-ডু খেলোয়াড়। জলিলসহ তাঁর চাচাতো ভাইয়েরা সবাই কাবাডি খেলতেন।কিন্তু ছোট ভাই জিয়া যাতে কাবাডিতে না আসে, সে জন্য চেষ্টা কম করেননি জলিল। এখনো মনে করে হাসেন দেশের অভিজ্ঞতম এই কাবাডি কোচ, ‘আমি তো নিজে তখন খেলি। তাই ভালোই বুঝি কাবাডি খেলে জীবন কাটানো কত কষ্টের। আমি চাইতাম, ও যেন পড়ালেখা করে ভালো চাকরিবাকরি করে। কিন্তু বলে কী হবে, রক্তের টান...।’হ্যাঁ, রক্তের টানে সব বাধা অবহেলে সরিয়ে মাঠে চলে আসতেন ছোট্ট জিয়া। জলিলকে কিছু করতে হয়নি। দিনাজপুর জেলা যুব কাবাডি দলের হয়ে ছেলেটার পারফরম্যান্স দেখে জাতীয় পর্যায়ের কোচ-কর্মকর্তারা ১৯৯৪ সালেই জিয়াকে জাতীয় দলের ক্যাম্পে ডেকে পাঠালেন।সেবার হলো না। পরের বছরই জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। জলিলের খেলোয়াড়ি জীবন শেষ হয়ে আসছে তখন। পাতিয়ালা থেকে মাঝে কোচিং কোর্স করে এসেছেন। মাদ্রাজের যে সাফ গেমসে জিয়ার অভিষেক, সেখানে খেলোয়াড় হিসেবে যাওয়ার কথাই ছিল না জলিলের। কথা ছিল জাতীয় দলের কোচ হিসেবে ওখানে তাঁর অভিষেক হবে।তাই হলো। তবে বাড়তি দায়িত্ব হিসেবে অধিনায়ক হিসেবে খেলতেও হলো। সেই শুরু জিয়া-জলিলের পথচলা। তার পর থেকে জিয়া মাঠে লড়েছেন দুনিয়ার বড় বড় কাবাডি দলের সঙ্গে। আর বাইরে থেকে ভাইয়ের জয়রথ ছুটতে দেখেছেন জলিল।জয়রথটা কেমন? জিয়ার খেলোয়াড়ি জীবনে বাংলাদেশ কাবাডি দল একটি এশিয়ান গেমস ও একটি এশিয়ান কাবাডির রুপা জিতেছে—এশিয়ান পর্যায়ে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সাফল্য; জিয়ার চরম শত্রুও বলেন, দুইয়ের পেছনে জিয়ারই অবদান সবার আগে।সেই ১৯৯৫ থেকে এই ২০১০ পর্যন্ত জাতীয় দলের হয়ে দেড় শতাধিক ম্যাচ খেলেছেন। ১২টি দক্ষিণ এশিয়ান, এশিয়ান বা বিশ্ব টুর্নামেন্ট খেলেছেন। তবে ক্যারিয়ারের সেরা স্বীকৃতিটা পেয়েছেন ২০০৪ সালে—কাবাডি বিশ্বকাপে। সেবার বিশ্বসেরা রেইডারের স্বীকৃতি পেলেন জিয়া। কী বর্ণময় ক্যারিয়ার!এমন লোকের মুখে সব সময় উছলে পড়া হাসি থাকবে, আশপাশে তৃপ্তির জোয়ার বইবে, এমন জিয়ার বড় ভাই জলিলের চোখমুখ ফেটে পড়বে গর্বে—এই তো হওয়ার কথা ছিল। কিন্তু শেষ বিকেলে মরে আসা আলোয় দুই ভাইয়ের চোখে জল চিকচিক করে কেন? হিসাব যে মেলে না!হিসাব মেলাতে পারেন না জিয়া। কীভাবে মেলাবেন? চোটের সঙ্গে কি আর ঝগড়া করতে বসা যায়! একটা ভুতুড়ে চোট কাবাডি কোর্ট থেকে ছিটকে দিয়েছে জিয়াকে। রাষ্ট্র, সংবাদমাধ্যম, ক্রীড়ানুরাগী—সবাই পাশে এসে দাঁড়িয়ে জিয়াকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন। কিন্তু জিয়ার যে এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না!দলে ঠাঁই হয়নি ‘আনফিট’ জিয়ার। অবশ্য জিয়ার ফিটনেস পরীক্ষার কোনো উদ্যোগ কেউ নেয়নি। কেউ বলেনি, ‘জিয়া, এখানে এসে পরীক্ষা দাও।’ সোজা বাদ দিয়ে দেওয়া হলো। অভিমানে ফেটে পড়ছিল একজন চ্যাম্পিয়নের মুখ।এই অভিমান থেকেই বলে দিলেন, ‘ইচ্ছে ছিল জাতীয় দলের হয়ে একটা ম্যাচ খেলে অবসর নিয়ে নেব। তা তো হলো না। সামনের জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলেই চলে যাব। আর কাবাডি খেলব না।’পাশ থেকে ধমক দিয়ে ওঠেন বড় ভাই জলিল বা কোচ জলিল, ‘কেন খেলবি না? স্পোর্টসম্যান মানুষ, সহজে ‘‘খেলব না’’ বলে নাকি? আরেকবার চেষ্টা কর। তোর যোগ্যতা প্রমাণ করে দে।’এবার জলিল পরিস্থিতি ব্যাখ্যা করেন, ‘জিয়া যে শতভাগ ফিট আছে, আমারও তা মনে হয় না। কোচ হিসেবে আমিও হয়তো ওকে এখনই দলে নিতাম না। তবে ওকে দ্রুত ফিট করে তোলার জন্য জাতীয় দলের ক্যাম্পে রাখা বা কোনো পুনর্বাসন অনুশীলন করানো; এগুলো দরকার ছিল। কিন্তু কী বলব...।’কথা শেষ করতে পারেন না জলিল। জলিল অবশ্য নিজের ব্যাপার নিয়ে খুব চিন্তিত নন, ‘আমি তো অনেক দিন জাতীয় দলে কোচিং করালাম। নতুন কেউ দায়িত্ব পালন করলেই তো ভালো। তবে ব্যাপারটা আরও সুন্দরভাবে হতে পারত।’ সে না হলেও জলিলের অভিযোগ নেই।অভিযোগ থাক আর না থাক, দুই ভাইয়ের মুখ থেকে চিন্তার ছায়া সরে না। জিয়ার মুখ অন্ধকার। সে মুখে ক্যারিয়ার নিয়ে চিন্তা, চাকরি নিয়ে চিন্তা, ভাইয়াকে নিয়ে চিন্তা, প্রকাশের অযোগ্য পারিবারিক সমস্যা নিয়ে চিন্তা; একজন চ্যাম্পিয়নের মুখে কি এত্ত এত্ত চিন্তার রেখা মানায়!মানাক আর না-ই মানাক, এটা বাংলাদেশ। এখানে চ্যাম্পিয়নদের মুখ কালো করেই দিন শেষ করতে হয়!