রেবেকা বেগমের বয়স ৮০ বছর। তাঁকে দেখা যায় তেজগাঁও রেলস্টেশন, কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবন ও কাঁচাবাজারের সামনে। চুপচাপ বসে থাকেন তিনি। লোকজন তাঁকে এটা-সেটা দান করে। কেউ আবার খেতে দেয়। এভাবেই রেবেকার দিন চলছে।মাঝেমধ্যে তাঁর শরীর খারাপ থাকে। তখন রেলস্টেশনে শুয়ে থাকেন। তিনি জানান, এর মধ্যে তিন দিন জ্বর ছিল। পুরো শরীর ব্যথা করেছে। ওই সময় ভিক্ষা করতে পারেননি। কাগজকুড়ানি জোবেদা তখন তাঁকে খেতে দিয়েছেন। এক আম বিক্রেতা রেবেকাকে আম খেতে দিয়েছেন।রেবেকার স্বামী-সন্তান নেই। স্বামী রওশন আলী ১৯৭৪ সালের দিকে মারা যান। রেবেকা জানান, তাঁদের জায়গাজমি বিশেষ কিছু ছিল না। তাঁর স্বামী ধান-ব্যাপারিদের নৌকা চালাতেন। তাঁদের বাড়ি ছিল বরিশালের আগৈলঝাড়া। রেবেকার স্বামী মারা যাওয়ার বছর খানেক পর এক প্রতিবেশী তাঁকে ঢাকায় নিয়ে আসেন। এ বাসা সে বাসায় কাজ করে অবশেষে এক পুলিশ অফিসারের বাসায় কাজ নেন তিনি। সেই বাসায় কাজ করেছেন ২৫ বছরেরও বেশি সময়। সেই বাসার বেগম সাহেব কলেজের শিক্ষক ছিলেন। তাঁদের ছেলেমেয়ে রেবেকার হাতে বড় হয়েছেন। তিনি জানান, সাহেব, বেগম সাহেব ও ছেলেমেয়েরা তাঁকে ঘরের মানুষের মতো দেখতেন। আশির দশকের দিকে পুরো পরিবারটি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ছিল। রেবেকা বেগমও তাঁদের সঙ্গে আয়া হিসেবে সাত বছর ওই দুই দেশে ছিলেন।দেশে ফিরে বেগম সাহেব রেবেকার নামে একটি ব্যাংক হিসাব খুলে দেন। প্রতি মাসের বেতন তাতে জমা হতো। বছর পাঁচেক আগে রেবেকার এক ফুফাতো বোনের ছেলে এসে দেখা করে তাঁর সঙ্গে। তাঁর নাম সফিক। রেবেকা বলেন, ‘সফিক আমারে কয়, তুমি আমার ফুফু। আমার বাসা আছে। তুমি আমার বাসায় থাকবা। মানুষের বাসায় কাজ করবা ক্যান!’ সফিক রেবেকাকে তাঁর বাসায় নিয়ে যান। ‘দুই বছরের মইধ্যে আমার ব্যাংকের সব টাকা তুইল্যা নেয় সফিক। আস্তে আস্তে আমার ওপর অত্যাচার শুরু করে। আমারে খাওন দিত না। অনেক দিন না খাইয়া থাকি। তারপর তাঁর বাসা থেইক্যা বাইর হইয়া আসি। ওই সময় বেগম সাহেবের বাসা আছিল সেগুনবাগিচার চিটাগাং হোটেলের পাশে। আমি সেই বাসা খুঁইজা পাই। কিন্তু তাগো রে পাই না। লোকজন কয়, সাহেব মারা গেছে। বেগম সাব তাঁর মেয়ের আমেরিকার বাসায় চইলা গেছে। আমার আর কাজ করার ক্ষমতা নাই। তাই চাইয়া চাইয়া খাইতে শুরু করলাম। বেগম সাব যদি দেশে থাকত, আমার ভিক্ষা করতে অইত না। বেগম সাবের ছেলেমেয়েদের দেখনের খুব সাধ হয়। যদি একবার তাগো দেখতে পাইতাম!’ বলেন রেবেকা।