লোকমান হাকিমকে পল্টন ও নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানের সামনে বই পড়তে দেখা যায়। কোনো দিন আবার তাঁকে দেখা যায় ইটের টুকরো কিংবা চক দিয়ে রাস্তায় লেখালেখি করছেন। অনেক সময় লোকমান রাস্তার পাশে দাঁড়িয়ে একা একা কথা বলেন।কেউ কথা বলতে গেলে তিনি রেগে যান। অনেক দিনের চেষ্টায় তাঁর সম্পর্কে কিছু তথ্য জানা যায়।লোকমান হাকিম পেশায় ছিলেন ‘কমার্শিয়াল আর্টিস্ট’। একসময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামের সুইমিং পুলের নিচে ‘ঢাকা পাবলিসিটি’তে কাজ করতেন। এখানে প্রায় ১৫ বছর কাজ করেছেন। লোকমান জানান, দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর চারুকলায় পড়ার ইচ্ছা ছিল। অর্থসংকটের কারণে আর পড়তে পারেননি তিনি। দীর্ঘ ৪০ বছর সাইনবোর্ড আর্টিস্টের কাজ করেছেন। ‘চিত্রপুরী’ নামে ঢাকা শহরে তাঁর তিনটি সাইনবোর্ডের দোকান ছিল। একটি সাইনবোর্ডের দোকান ছিল শান্তিনগরে।লোকমান বই পড়তে খুব পছন্দ করতেন। তিনি জানান, কমলাপুরে অনিল বড়ুয়া নামের একজন সাইনবোর্ড আর্টিস্ট ছিলেন। তিনি উপন্যাস লিখতেন। তাঁর কাছ থেকে উপন্যাস লেখার হাতেখড়ি নেন। নিজের পয়সায় ছয়টি উপন্যাস বের করেছেন লোকমান। এর মধ্যে ১৯৭৯ সালে এক পরিচালক জানোয়ার নামের উপন্যাস থেকে চলচ্চিত্র তৈরি করেন। লোকমানের ঘরে ১২-১৩টি উপন্যাসের পাণ্ডুলিপি ছিল। এখন আর এগুলোর খোঁজ পাচ্ছেন না।শনির আখড়ায় লোকমান হাকিমের একটি ছয়তলা বাড়ি ছিল। ছিল ছয়টি বেবিট্যাক্সি। এগুলো ভাড়া দিতেন। মেয়ে-জামাই একে একে সব দখল করে নেয়। লোকমান হাকিম জানান, এসব নেওয়ার পর মেয়ে-জামাই তাঁকে ঘরে আটকে রেখে নির্যাতন করত। একসময় জোর করে বাড়ি লিখে নেয়।লোকমান হাকিম এখন থাকেন যাত্রাবাড়ীতে চাচাতো বোনের বাড়িতে। ১৯৯৬ সালে তাঁর স্ত্রী মারা গেছেন। লোকমানের গ্রামের বাড়ি বরিশালে। শিরিন নামের এক চাচাতো বোনকে বাসায় রেখে পড়াশোনা করিয়ে বিয়ে দিয়েছিলেন লোকমান। তিনি মাঝেমধ্যে লোকমান হাকিমকে খুঁজতে রাস্তায় বের হন। ১০-১৫ দিন বাসায় থেকে আবারও তিনি রাস্তায় বের হয়ে পড়েন। রাস্তায় একা একা কথা বলেন। কাছে গেলে শোনা যায়, তিনি অদৃশ্য মেয়ে-জামাইয়ের সঙ্গে ঝগড়া করছেন। কখনো কোনো নির্জন রাস্তার ওপর চক দিয়ে উপন্যাস লিখতে দেখা যায় তাঁকে। কেউ কোনো কথা বললে রেগে যান লোকমান হাকিম। বলেন, ‘আপনাদের কোনো কাজ নাই? এত কথা জিগান ক্যান? আপনাকে আমি চিনি। আপনি লেয়াকতের লোক। বাড়ি দখল করবেন।’মেয়ে-জামাই লিয়াকত বাড়ি লিখে নেওয়ার পরই লোকমানের মাথা খানিকটা বিগড়ে গেছে।দিন কয়েক আগে তিনি শহীদ মিনারের সামনের রাস্তাজুড়ে চক দিয়ে উপন্যাস লিখছিলেন। সেখানে তাঁর জীবনের অনেক কথা উঠে এসেছে। আছে মেয়ের জামাই লিয়াকতের বাড়ি দখলের কাহিনি।