পদ-বাণিজ্যের অভিযোগ ছাত্রদলের বঞ্চিত নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থের বিনিময়ে ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে অনেক নেতাকে পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তাঁরা কমিটি পুনর্গঠন করে পদ না-পাওয়া নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। আজ শনিবার ঢাকা ক্রাইম রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ছাত্রদলের বর্তমান কমিটিতে পদ না-পাওয়া নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান। তিনি বলেন, ১৫ এপ্রিল ছাত্রদলের ২৯১ সদস্যবিশিষ্ট বড় আকারের একটি কমিটি গঠন করা হয়। সাইদুর রহমানের অভিযোগ, ঘোষিত কমিটিতে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন ও পদবঞ্চিত করার মাধ্যমে ছাত্রদলকে একটি দেউলিয়া সংগঠনে পরিণত করা হয়েছে। কমিটি গঠনের প্রক্রিয়ায় অনিয়ম ও আর্থিক লেনদেনের চিত্র দেখে ছাত্রদলের অন্য নেতা-কর্মীদের মতো তাঁরাও হতবাক হয়েছেন বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে পদ পেয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও শ্রমিক দলের নেতারা। অন্য সংগঠনের এসব নেতারা বর্তমান কমিটির সভাপতির আশীর্বাদপুষ্ট বলে তিনি দাবি করেন। ১১ জুনের মধ্যে দাবি না মানলে পরে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দেন পদবঞ্চিত নেতারা। তাঁদের অভিযোগ, বর্তমান কমিটির ২৯১ সদস্যের মধ্যে মাত্র ১২৩ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকি ১৬৮ জনকে অন্য প্রতিষ্ঠান থেকে কমিটিভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদলের ইতিহাস ও সাফল্যকে ম্লান করা হয়েছে বলেও তাঁদের অভিযোগ।