পদক নিয়ে পলান প্রথম আলোতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোটবেলায় শুনেছিলাম, অন্নদান, বস্ত্রদান—অনেক রকম দান আছে। কিন্তু সবার সেরা দান জ্ঞানদান। তো আমি ঠিক করলাম, মানুষকে দেব যখন সেরাটাই দিই।’ বলতে বলতে প্রবীণ মানুষটা হাসেন। আত্মতৃপ্তি আর আত্মবিশ্বাসের হাসি। এই হাসির উৎস নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ। ‘বিনি পয়সায়’, পুরোপুরি নিজের আগ্রহে বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামের ঘরে ঘরে জ্ঞানের আলো জ্বালিয়ে দেওয়ার আনন্দ নিয়েই পলান সরকারের পথ চলা শুরু। প্রায় একুশ বছর ধরে রাজশাহীর বাঘা উপজেলার বাউশা গ্রামের পলান সরকার বিনে পয়সায় বই বিলিয়ে আসছেন তাঁর আশপাশের ১০ গ্রামে। তিনি নিজের পয়সায় বই কেনেন, তারপর সেটা দিয়ে আসেন মানুষের বাড়ি বাড়ি। পড়া শেষ হয়ে গেলে আবার পুরোনো বই ফেরত নিয়ে দিয়ে আসেন নতুন বই। এমনকি এই নব্বই বছর বয়সেও পলান সরকার চালিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে তাঁর এই বই বিতরণের কাজ। দুই-চারজনকে দিয়ে শুরু করেছিলেন, এখন বাঘা উপজেলার ১২টি গ্রামে তাঁর বইয়ের পাঠকের সংখ্যা প্রায় পাঁচ হাজার। এই অসামান্য কীর্তির স্মারক হিসেবে পলান সরকার পেয়েছেন এবারের একুশে পদক। গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর কাছ থেকে একুশে পদক গ্রহণের পর পরই তিনি চলে আসেন প্রথম আলো কার্যালয়ে। সঙ্গে কনিষ্ঠ ছেলে হায়দার আলী। দুপুরের খাবারের ফাঁকে ফাঁকেই কথা হচ্ছিল তাঁর সঙ্গে। পলান সরকার বলছিলেন তাঁর বই বিলানোর কাজের শুরুর সময়কার কথা—‘১৯৯০ সালে আমার ডায়াবেটিস ধরা পড়ল। ডাক্তার বলল, বাঁচতে চান তো হাঁটেন। আমি হাঁটা ধরলাম। আর ভাবলাম হাঁটার সঙ্গে একটু ভালো কাজও করি। আমাদের গ্রামটায় মানুষের লেখাপড়া কম। পেটের দায়েই ঘুরতে হয় ২৪ ঘণ্টা, বই পড়বে কি! সে কারণেই ভাবলাম কোনোভাবে যদি ওদের বই পড়ানো যায়...’। পলান সরকারের আসল নাম হারেজ উদ্দিন। জন্ম ১৯২১ সালে। বাবার মৃত্যুর পর বাউশায় নানার বাড়িতে স্থায়ী হন পলান সরকার। ১৯৬২ সাল থেকে বাউশা ইউনিয়নের কর আদায়ের কাজ করে আসছেন তিনি।২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ছুটির দিনেতে পলান সরকারকে নিয়ে ‘বিনি পয়সায় বই বিলাই’ শিরোনামের প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি লিখেছিলেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। এটিই ছিল কোনো সংবাদপত্রে পলান সরকারকে নিয়ে প্রকাশিত প্রথম প্রতিবেদন। ‘জীবনেও ভাবিনি আমার মতো একজন মানুষ এত বড় পুরস্কার পাবে। হেঁটে হেঁটে বই বিলিয়ে আসলে আমার নিজেরই উপকার হয় বেশি। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। প্রথম আলোর আবুল কালাম আজাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। প্রথম আলোকেও জানাই ধন্যবাদ।’ একুশে পদক জেতার পর সহজ স্বীকারোক্তি পলান সরকারের।