পদত্যাগ করছেন না রনি
সারা দিন পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা রনির পদত্যাগ নিয়ে গুঞ্জন শোনা গেলেও অবশেষে তিনি পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের এ কথা জানান।সাংসদ রনি বলেন, ‘কখনো মনে হয়েছে পদত্যাগ করি, কখনো মনে হয়েছে করব না। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তাই পদত্যাগ করতে পারি বলে সকালে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি। কিন্তু আমি মাননীয় স্পিকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। এখন আমি পদত্যাগ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’গত শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন করার সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে বেধড়ক পেটান সাংসদ গোলাম মাওলা ও তাঁর সহযোগীরা। এরপর উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। এ ঘটনার পর রনি পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ওঠে।